অ্যালগরিদমের ফাঁদ থেকে সাবধান
শিক্ষা থেকে বিনোদন পর্যন্ত প্রায় প্রতিটি ক্ষেত্রেই প্রযুক্তির ব্যবহার বেড়েছে। তবে এই অগ্রগতির আড়ালে নীরবে বদলে যাচ্ছে মানুষের চিন্তা, অনুভূতি ও জীবনযাপনের ধরন। সামাজিক যোগাযোগমাধ্যমে কী দেখব, কোন বিষয়ে আগ্রহী হব কিংবা কী নিয়ে ভাবব, তার অনেকটাই নির্ধারিত হচ্ছে অ্যালগরিদমের মাধ্যমে। ফলে মানুষের ব্যক্তিগত পছন্দ ও চিন্তার স্বাধীনতা ক্রমেই প্রযুক্তির প্রভাবের মুখোমুখি হচ্ছে। অবিরাম স্ক্রলিংয়ে হারিয়ে যাচ্ছে সময় ও মনোযোগ। কোনো নির্দিষ্ট উদ্দেশ্য ছাড়াই পর্দায় একের পর এক বিষয় দেখতে থাকা এখন দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়েছে। একটি ভিডিও দেখার পর আরেকটি ভিডিও সামনে আসে।
এভাবে অজান্তেই অনেকটা সময় পার হয়ে যায়। প্রয়োজনীয় কাজ পিছিয়ে পড়ে এবং পড়াশোনা ও ঘুমের ওপরও প্রভাব পড়ে। চারপাশকে দেখার অভ্যাস হারিয়ে যাওয়া ভবিষ্যতের জন্য হুমকিস্বরূপ। পর্দার প্রতি অতিরিক্ত মনোযোগ মানুষের চারপাশের জগৎ থেকে মনোযোগ সরিয়ে নিচ্ছে। পরিবারের সদস্যদের সঙ্গে বসে থেকেও অনেকের মন পড়ে থাকে মুঠোফোনে। প্রকৃতি, মানুষের আচরণ কিংবা দৈনন্দিন জীবনের ছোট ছোট ঘটনা পর্যবেক্ষণের অভ্যাস কমে যাচ্ছে। অথচ পর্যবেক্ষণ মানুষের চিন্তা ও সৃজনশীলতা বিকাশের অন্যতম ভিত্তি।
তরুণ প্রজন্মের মধ্যে অনুভূতির গভীরতা ও সহমর্মিতার সংকট দেখা যাচ্ছে। পর্দায় কারো দুঃখের খবর দেখে একটি প্রতিক্রিয়া জানানো সহজ। কিন্তু বাস্তবে তার পাশে দাঁড়ানো কিংবা মনোযোগ দিয়ে তার কথা শোনা তুলনামূলক কঠিন। প্রযুক্তিনির্ভর যোগাযোগে অনুভূতি প্রকাশের সুযোগ থাকলেও সরাসরি কথোপকথনের গভীরতা সবসময় তৈরি হয় না। ফলে মানুষের প্রতি সহমর্মিতা ও সম্পর্কের আন্তরিকতা ধরে রাখার ক্ষেত্রে দূরত্ব তৈরি হতে পারে। নতুন বার্তা, পছন্দের প্রতিক্রিয়া কিংবা আকর্ষণীয় ভিডিও মানুষের মনে তাৎক্ষণিক আনন্দ তৈরি করে। এই দ্রুত আনন্দ পাওয়ার অভ্যাস মানুষকে বারবার পর্দার দিকে ফিরিয়ে নেয়।
কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিভিন্ন ডিজিটাল মাধ্যম কাজ সহজ করলেও অতিরিক্ত নির্ভরতা নিজস্ব দক্ষতা বিকাশে বাধা হয়ে দাঁড়াতে পারে। কোনো কাজ নিজে না করে সবসময় প্রযুক্তির সাহায্য নিলে সমস্যা সমাধান, বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণের অভ্যাস দুর্বল হয়। কর্মজীবনে সফল হতে প্রযুক্তির ব্যবহার জানার পাশাপাশি নিজের জ্ঞান ও দক্ষতার চর্চাও জরুরি। সুস্থ পারিবারিক সম্পর্ক ও সামাজিক দক্ষতা বজায় রাখতে প্রযুক্তির পাশাপাশি বাস্তব যোগাযোগের গুরুত্ব দিতে হবে। প্রযুক্তি মানুষের চিন্তা ও অনুভূতির বিকল্প নয়। লেখক : শিক্ষার্থী, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, ইডেন মহিলা কলেজ
মতামত দিন