নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর তাগিদ
জ্বালানি আমদানির ওপর অতিরিক্ত নির্ভরতা বাংলাদেশের অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তাকে ক্রমেই ঝুঁকির মুখে ফেলছে। আন্তর্জাতিক বাজারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), তেল ও কয়লার দাম ওঠানামা এবং ভূরাজনৈতিক সংঘাতের কারণে সরবরাহ বিঘ্নিত হওয়ায় বাড়ছে আমদানি ব্যয়। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ সৃষ্টির পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন ও শিল্পকারখানার কার্যক্রমও ঝুঁকিতে পড়ছে। এ পরিস্থিতিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো এবং আমদানিনির্ভরতা কমানোর তাগিদ দিয়েছেন এশিয়ার জ্বালানি ও জলবায়ু বিশেষজ্ঞরা। অন্যদিকে, টেকসই বর্জ্য ব্যবস্থাপনা ও শূন্য বর্জ্য উদ্যোগ এগিয়ে নিতে তুরস্কের জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে দ্য বাংলাদেশ ডায়ালগ ফাউন্ডেশন। গতকাল বুধবার তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ এ চুক্তি সই হয়।
গতকাল কপ৩১-এর বাংলাদেশ প্যাভিলিয়নে ‘এশিয়ায় জ্বালানি নিরাপত্তার নতুন ভাবনা : ভূরাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক চাপ ও ন্যায্য জ্বালানি রূপান্তর’ শীর্ষক সংবাদ সম্মেলনে জ্বালানি আমদানিনির্ভরতার ঝুঁকি তুলে ধরেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও ইয়ুথ ফর এনডিসি আয়োজিত এ সংবাদ সম্মেলনে সহযোগিতা করে ফ্রেন্ডস অব দ্য আর্থ এশিয়া প্যাসিফিক। বক্তারা বলেন, দেশের নিজস্ব গ্যাসের উৎপাদন ও সরবরাহ কমে আসায় এলএনজি, তেল ও কয়লা আমদানির ওপর নির্ভরতা বেড়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়লে বিদ্যুৎ উৎপাদন ব্যয়ও বেড়ে যায়। আবার সরবরাহ বিঘ্নিত হলে বিদ্যুৎ উৎপাদন এবং শিল্পকারখানার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) তথ্য অনুযায়ী, ২০২২ সালে বিশ্ববাজারে গ্যাসের দাম বেড়ে যাওয়ায় স্পট মার্কেট থেকে এলএনজি আমদানি করতে সমস্যায় পড়েছিল বাংলাদেশ।
ওই বছরের গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা বেশি থাকা সত্ত্বেও প্রায় ২০ শতাংশ বিদ্যুৎ সরবরাহ কমাতে হয়েছিল। আইইএর ২০২৬ সালের বিদ্যুৎ খাতবিষয়ক মূল্যায়নেও আন্তর্জাতিক বাজারে এলএনজির দামের ওঠানামায় ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ ও পাকিস্তানের নাম উল্লেখ করা হয়েছে। সংবাদ সম্মেলনে ফ্রেন্ডস অব দ্য আর্থ জাপানের আয়ুমি ফুকাকুসা বলেন, হরমুজ প্রণালির সংকটসহ বিভিন্ন ভূরাজনৈতিক উত্তেজনা প্রমাণ করেছে, জীবাশ্ম জ্বালানিনির্ভর ব্যবস্থা কতটা ঝুঁকিপূর্ণ। জ্বালানি নিরাপত্তাকে শুধু রাষ্ট্রীয় স্বার্থ কিংবা সরবরাহ নিশ্চিত করার বিষয় হিসেবে দেখলে হবে না। এর প্রকৃত অর্থনৈতিক ও পরিবেশগত ব্যয় এবং জীবাশ্ম জ্বালানিতে সরকারের ভর্তুকির বিষয়টিও বিবেচনায় নিতে হবে। থাইল্যান্ডের জলবায়ুবিষয়ক সংগঠন দ্য ক্লাইমেট ওয়াচের প্রতিনিধি বলেন, দেশটির প্রায় ৭০ শতাংশ বিদ্যুৎ জীবাশ্ম গ্যাস থেকে উৎপাদিত হয়।
আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভরশীলতার কারণে জ্বালানির দাম বাড়লে সরাসরি ভোক্তাদের ওপর চাপ পড়ে। এ অবস্থায় প্রচলিত জ্বালানি নিরাপত্তার ধারণা থেকে বেরিয়ে জ্বালানি সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে হবে। ইন্দোনেশিয়ার পরিবেশবাদী সংগঠন ওয়ালহির প্রতিনিধি উলি আরতা সিয়াগিয়ান বলেন, জ্বালানিকে শুধু অর্থনৈতিক বা ভূরাজনৈতিক সম্পদ হিসেবে নয়, জনগণের অধিকার হিসেবেও বিবেচনা করতে হবে। ন্যায্য জ্বালানি রূপান্তরের জন্য নতুন ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করা জরুরি।
মতামত দিন