ট্রাম্প, শি ও পুতিনের ঐতিহাসিক বৈঠক আজ
বিশ্বের শীর্ষ ক্ষমতাধর তিন রাষ্ট্রের তিন নেতা আজ এক ঐতিহাসিক মিটিংয়ে বসতে যাচ্ছেন। চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বৈঠকে বসবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই তিন নেতার বৈঠককে ঘিরে বিশ্বজুড়ে চলছে নানা আলোচনা। বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, এই বৈঠকের রাজনৈতিক তাৎপর্য ইউরোপের জন্য উদ্বেগের কারণ হতে পারে। তবে তিন দেশের প্রেসিডেন্টই সম্পূর্ণ ভিন্ন লক্ষ্য নিয়ে বৈঠকে বসবেন। তবে এই বৈঠকে ইউরোপের কোনো প্রতিনিধি থাকছেন না। ফলে বিষয়টি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করবে ইউরোপীয় দেশগুলো।
ত্রিপক্ষীয় এই বৈঠক থেকে তিন নেতা কে কী অর্জন করতে চান, বিশ্লেষকদের মতামতের ভিত্তিতে তা তুলে ধরেছে এএফপি। পুতিন: ইউক্রেন ইস্যু আলোচনার কেন্দ্রে থাকবে ইউক্রেন যুদ্ধ। মস্কোর ইউক্রেন আক্রমণের পর শুরু হওয়া এই সংঘাত দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। কিন্তু যুদ্ধ পাঁচ বছর পূর্ণ করতে চলল। ইউক্রেনের প্রধান মিত্র ইউরোপীয় দেশগুলো কিংবা ইউক্রেন নিজে আলোচনার টেবিলে না থাকায় যুদ্ধ শেষ করার শর্তগুলো তুলে ধরার সুযোগ পাবেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনসের (ইসিএফআর) জ্যেষ্ঠ নীতিবিষয়ক ফেলো ফ্রেডরিক ওয়েসলাউ বলেন, ‘পুতিন চান রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীন মিলে অন্য সবার ভূরাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করুক। কিন্তু শেষ পর্যন্ত ইউরোপের নিরাপত্তার মৌলিক বিষয়গুলো ইউরোপীয়দের ছাড়া নির্ধারণ করা অসম্ভব।’ মার্কিন গবেষণা প্রতিষ্ঠান হাডসন ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো সিপোরাহ ফ্রিড বলেন, ‘রাজনৈতিকভাবে রাশিয়ার গ্রহণযোগ্যতা পুনরুদ্ধার করাই হবে পুতিনের জন্য বড় অর্জন।’ ট্রাম্প: পরমাণু অস্ত্র ও ইরান ইস্যু ট্রাম্প ও হোয়াইট হাউস এই ত্রিপক্ষীয় সম্মেলনকে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে অগ্রগতির সুযোগ হিসেবে তুলে ধরেছেন।
তবে ওয়াশিংটন ছাড়ার আগে ট্রাম্প নিজেই স্বীকার করেছেন, বিষয়টি কঠিন। তিনি বলেন, ‘আমাদের কারও পক্ষেই বলা খুব কঠিন যে আমরা আমাদের পারমাণবিক অস্ত্র পুরোপুরি ছেড়ে দেব।’ অন্যদিকে, ইরানের বিরুদ্ধে অত্যন্ত ব্যয়বহুল যুদ্ধের পরও উল্লেখযোগ্য কিছু অর্জন করতে পারেননি বলে অভিযোগ করছেন ট্রাম্পের সমালোচকেরা। তবে ট্রাম্প দাবি করেছেন, ‘ইরানকে আমরা খুব ভালো অবস্থায় নিয়ে এসেছি।’ ট্রাম্পের জন্য বৈঠকটির রাজনৈতিক গুরুত্বও রয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে চলতি মাসের শুরুতে রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের পর ক্ষমতায় নিজের শেষ দুই বছর কাটানোর প্রস্তুতি নিচ্ছেন তিনি। প্রেসিডেন্ট হিসেবে শেষ পর্যায়ে তার রাজনৈতিক প্রভাব নিয়েও প্রশ্ন উঠছে। মার্কিন গবেষণা সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) জ্যেষ্ঠ উপদেষ্টা এডগার কাগান বলেন, ‘সাধারণত মধ্যবর্তী নির্বাচনে খারাপ ফলের পর প্রেসিডেন্টরা এ ধরনের পদক্ষেপের মাধ্যমে নিজেদের অবস্থান নতুন করে তুলে ধরেন এবং অন্য নেতাদের মনে করিয়ে দেন যে পররাষ্ট্রনীতির নিয়ন্ত্রণ এখনো তাদের হাতেই।’ আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো, চীনা গোয়েন্দা এজেন্টের সঙ্গে সম্পর্কের জেরে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের পদত্যাগের পরপরই এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ফরাসি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশনসের (আইএফআরআই) গবেষক ম্যাথিল্ড ভেলিয়ে বলেন, ‘এনভিডিয়া-সংক্রান্ত কেলেঙ্কারির কারণে যুক্তরাষ্ট্রের সামনে কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার সুযোগ সীমিত হয়ে পড়েছে।’ চীন: বৈশ্বিক শক্তি হিসেবে নিজেদের অবস্থান হাডসন ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো সিপোরাহ ফ্রিড বলেন, ‘সম্মেলনের আয়োজক হিসেবে শি জিনপিং জানেন, এই বৈঠকের মাধ্যমে বিশ্ব কূটনীতির কেন্দ্রবিন্দুতে উঠে আসতে পারে চীন।
একইসঙ্গে যুক্তরাষ্ট্রের সমপর্যায়ের বৈশ্বিক শক্তি হিসেবে নিজেদের অবস্থান আরও জোরালো করার সুযোগ পাবে বেইজিং।’ ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই সতর্ক অবস্থান বজায় রেখেছে বেইজিং। আনুষ্ঠানিকভাবে নিরপেক্ষ থাকার কথা বললেও রাশিয়াকে শুধু মৌখিক সমর্থনের বাইরে প্রযুক্তিগত সহায়তা দেওয়ার অভিযোগ রয়েছে চীনের বিরুদ্ধে। বিশেষ করে সামরিক ও বেসামরিক উভয় কাজে ব্যবহারযোগ্য প্রযুক্তি রাশিয়ায় রপ্তানির অভিযোগ উঠেছে। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের (সিইআইপি) জ্যেষ্ঠ ফেলো তং ঝাও মনে করেন, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়ে রাশিয়ার সঙ্গে আলোচনার চেয়ে যুক্তরাষ্ট্রকে বেশি পছন্দ করে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এই সম্মেলকে ‘যুগান্তকারী তাৎপর্যপূর্ণ’ হিসেবে বর্ণনা করেছেন। তার ভাষ্য অনুযায়ী, তিন নেতা বিশ্বশান্তি রক্ষা এবং প্রধান শক্তিধর দেশগুলোর সম্পর্কের কৌশলগত স্থিতিশীলতা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত মতবিনিময় করবেন। বিশ্লেষকদের ধারণা, বৈঠকটি ঐতিহাসিক গুরুত্ব বহন করলেও ইউক্রেন যুদ্ধ, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে বড় কোনো অগ্রগতি হওয়ার সম্ভাবনা কম।The post ট্রাম্প, শি ও পুতিনের ঐতিহাসিক বৈঠক আজ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.
মতামত দিন