নেতানিয়াহুকে যুদ্ধাপরাধে বিচারের মুখোমুখি করার দাবি আল-সাইয়েদের

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্য থেকে নবনির্বাচিত সিনেটর আবদুল আল-সাইয়েদ গাজায় ইসরাইলের সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের ভূমিকার কঠোর সমালোচনা করেছেন। তার অভিযোগ, গাজায় গণহত্যায় যুক্তরাষ্ট্র অস্ত্র

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্য থেকে নবনির্বাচিত সিনেটর আবদুল আল-সাইয়েদ গাজায় ইসরাইলের সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের ভূমিকার কঠোর সমালোচনা করেছেন। তার অভিযোগ, গাজায় গণহত্যায় যুক্তরাষ্ট্র অস্ত্র ও সহযোগিতা দিয়ে সহায়তা করেছে। এ জন্য ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার অভিযানে সহায়তাকারীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি। একই সঙ্গে ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের সমাধানে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিকভাবে আলোচিত দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতিও সরাসরি সমর্থন জানাননি আল-সাইয়েদ। তার মতে, ভবিষ্যতে এক রাষ্ট্র, দুই রাষ্ট্র কিংবা অন্য কোনো কাঠামোয় শান্তিচুক্তি হবে, সেই সিদ্ধান্ত নিতে হবে ইসরাইলি ও ফিলিস্তিনিদেরই।

১৭ নভেম্বর ওয়াশিংটন ডিসিতে দ্য আটলান্টিক সামিটে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। সাক্ষাৎকারটি নেন সাময়িকীটির কর্মী লেখক জোনাথন লেমায়ার। ১৮ নভেম্বর এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে দ্য জেরুজালেম পোস্ট। সাক্ষাৎকারে আল-সাইয়েদ বলেন, ইসরাইলের নেতৃত্বে পরিবর্তন এলেও গাজা যুদ্ধে সংঘটিত কর্মকাণ্ডের দায় এড়ানোর সুযোগ নেই। নতুন সরকার যেই গঠন করুক, তাকে অতীতের ঘটনাগুলোর মুখোমুখি হতে হবে।

তিনি বলেন, ‘আমি মনে করি, নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী। যুদ্ধাপরাধের জন্য তার বিচার হওয়া উচিত। যারা তাকে এসব অপরাধে সহায়তা করেছে, তাদেরও জবাবদিহির আওতায় আনতে হবে।’ আল-সাইয়েদের বক্তব্য অনুযায়ী, শুধু নেতানিয়াহু নন, তার সরকারের কর্মকাণ্ডে সহযোগিতাকারীদের ভূমিকাও তদন্তের আওতায় আনা প্রয়োজন। তার এই বক্তব্যের মধ্য দিয়ে ইসরাইলে সম্ভাব্য রাজনৈতিক পরিবর্তনের পরও গাজা যুদ্ধের দায় নির্ধারণের প্রশ্নটি সামনে এসেছে। গাজা যুদ্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েও সরাসরি প্রশ্ন তোলেন নবনির্বাচিত এই সিনেটর।

তার অভিযোগ, ওয়াশিংটন শুধু ইসরাইলকে অস্ত্র সরবরাহ করেনি, বরং সামরিক ও রাজনৈতিক সহযোগিতার মাধ্যমে গাজায় সংঘটিত অপরাধে সহায়তা করেছে। আল-সাইয়েদ বলেন, ‘আমরা গণহত্যায় সহায়তা করেছি, অস্ত্র দিয়েছি এবং সহযোগিতা করেছি। এটাই বাস্তবতা।’

তথ্যসূত্র ও ঋণস্বীকার: দৈনিক আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗