আইপিওতে ইতিহাস গড়ল এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিক
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান অ্যানথ্রপিক ইতিহাসের সবচেয়ে বড় প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে ৮১ দশমিক ৩ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে। এর মধ্য দিয়ে গত জুনে ৭৫ বিলিয়ন ডলারের আইপিও নিয়ে বাজারে আসা স্পেসএক্সের রেকর্ড ছাড়িয়ে গেছে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোভিত্তিক এআই প্রতিষ্ঠানটি গতকাল বুধবার রাতে এক বিবৃতিতে জানায়, প্রতিষ্ঠানটি ও এর সাতজন সহপ্রতিষ্ঠাতা ৯৮ কোটি শেয়ার বিক্রি করেছেন। প্রতিটি শেয়ারের দাম নির্ধারণ করা হয়েছে ৮৩ ডলার। বিনিয়োগকারীদের কাছ থেকে প্রত্যাশার চেয়ে অনেক বেশি সাড়া পাওয়ায় আইপিওর আকার বাড়ানো হয়েছে।
গত সপ্তাহে জমা দেওয়া করপোরেট নথিতে অ্যানথ্রপিক জানিয়েছিল, তারা ৭০ থেকে ৭৮ ডলার দামে ৮২ কোটি ৫০ লাখ শেয়ার ছাড়ার পরিকল্পনা করছে। এআই মডেল ক্লডের নির্মাতা প্রতিষ্ঠানটি ব্যক্তিগত বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রির মাধ্যমে আরো ২৬ বিলিয়ন ডলার সংগ্রহ করতে যাচ্ছে। এ ধরনের শেয়ার বিক্রিকে প্রাইভেট প্লেসমেন্ট বলা হয়। সব মিলিয়ে প্রতিষ্ঠানটির সংগৃহীত মূলধনের পরিমাণ দাঁড়াবে ১০৭ দশমিক ৩ বিলিয়ন ডলার। অন্যদিকে স্পেসএক্সের আইপিও থেকে মোট অর্থ সংগ্রহের পরিমাণ ছিল ৮৫ দশমিক ৭ বিলিয়ন ডলার।
অতিরিক্ত শেয়ার কেনার সুযোগ প্রয়োগ করায় প্রতিষ্ঠানটির আইপিওর মোট অর্থের পরিমাণ বেড়েছিল। অ্যানথ্রপিকের এই আইপিওর ফলে প্রতিষ্ঠানটির বাজারমূল্য দাঁড়িয়েছে আনুমানিক ১ লাখ ৫০ হাজার কোটি ডলার। বর্তমান বাজারমূল্য অনুযায়ী বিশ্বের দ্বাদশ বৃহত্তম প্রতিষ্ঠানে পরিণত হয়েছে তারা। এ তালিকায় অ্যানথ্রপিকের ঠিক ওপরে রয়েছে টেসলা। বৃহস্পতিবার নিউ ইয়র্কের নাসডাক শেয়ারবাজারে অ্যানথ্রপিকের শেয়ার লেনদেন শুরু হওয়ার কথা।
‘এএনটি’ প্রতীকে লেনদেন হবে প্রতিষ্ঠানটির শেয়ার। ওপেনএআইয়ের সাবেক কয়েকজন গবেষক ২০২১ সালে অ্যানথ্রপিক প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটির আইপিও ঘিরে প্রযুক্তি খাতে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। কারণ, এআই প্রযুক্তির বিস্তারে নেতৃত্ব দেওয়া প্রতিষ্ঠানগুলোর বিপুল বাজারমূল্য কতটা যৌক্তিক, তা যাচাইয়ের গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে এই শেয়ারবাজারে প্রবেশকে।
মতামত দিন