রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ

রোহিঙ্গাদের ওপর ২০১৭ সালে চালানো সামরিক অভিযানের ঘটনায় মিয়ানমারের বিরুদ্ধে দায়ের করা গণহত্যা মামলার রায় আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঘোষণা করতে যাচ্ছে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ন

রোহিঙ্গাদের ওপর ২০১৭ সালে চালানো সামরিক অভিযানের ঘটনায় মিয়ানমারের বিরুদ্ধে দায়ের করা গণহত্যা মামলার রায় আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঘোষণা করতে যাচ্ছে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আদালতের এ রায়কে ঘিরে আন্তর্জাতিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার করা এ মামলায় মিয়ানমারের বিরুদ্ধে ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে আন্তর্জাতিক বিচার আদালতের ইতিহাসে প্রথমবারের মতো কোনো রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি গণহত্যার দায় প্রতিষ্ঠিত হতে পারে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালের নভেম্বরে গাম্বিয়া মামলাটি দায়ের করে। ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে করা এ মামলায় শুধু মিয়ানমারের সেনাবাহিনী নয়, গণহত্যার জন্য রাষ্ট্র হিসেবে মিয়ানমারকে দায়ী করা হয়েছে। ২০১৭ সালের আগস্ট ও সেপ্টেম্বরে রাখাইন প্রদেশে মিয়ানমারের সামরিক অভিযানের পর সাত লাখের বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসেন।

ওই অভিযানে রোহিঙ্গাদের হত্যা, নির্যাতন, ধর্ষণ এবং গ্রাম জ্বালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। জাতিসংঘের তথ্যানুসন্ধানী মিশনও এসব ঘটনার বিস্তারিত নথি প্রকাশ করে। তবে আদালতের সামনে মূল প্রশ্ন হলো, রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত এসব অপরাধের পেছনে তাদের জাতিগত গোষ্ঠী হিসেবে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার সুনির্দিষ্ট উদ্দেশ্য ছিল কি না। মিয়ানমার কর্তৃপক্ষ গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাব দিতেই রাখাইনে সামরিক অভিযান পরিচালনা করা হয়েছিল। মিয়ানমারের বিরুদ্ধে মামলাটির নেতৃত্ব দেওয়া আইনজীবী আরসালান সুলেমান বলেন, গাম্বিয়া জয়ী হলে তা হবে আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা। তাঁর মতে, এ রায় ১৯৪৮ সালের গণহত্যা সনদের কার্যকারিতা এবং রাষ্ট্রের অপরাধের জন্য আন্তর্জাতিক জবাবদিহির ধারণাকে আরও শক্তিশালী করবে।

কেন গুরুত্বপূর্ণ এ মামলা১৯৪৮ সালে গণহত্যা সনদ গৃহীত হওয়ার পর রুয়ান্ডা ও সাবেক যুগোস্লাভিয়াসহ বিভিন্ন সংঘাতের ঘটনায় গণহত্যার দায়ে ব্যক্তির বিচার হয়েছে। তবে আন্তর্জাতিক বিচার আদালত এখন পর্যন্ত কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যা সংঘটনের জন্য দায়ী করেনি। এর আগে ১৯৯৩ সালে বসনিয়া-হার্জেগোভিনা সার্বিয়ার বিরুদ্ধে গণহত্যার মামলা করে। ২০০৭ সালে দেওয়া রায়ে আইসিজে স্রেব্রেনিৎসা হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিলেও সার্বিয়া সরাসরি গণহত্যা করেছে বলে পর্যাপ্ত প্রমাণ পায়নি। তবে গণহত্যা প্রতিরোধে ব্যর্থ হওয়ার দায়ে দেশটিকে দায়ী করে আদালত। মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি আরও আলোচনায় আসে ২০১৯ সালের ডিসেম্বরে। সে সময় দেশটির তৎকালীন বেসামরিক সরকারের প্রধান ও নোবেলজয়ী অং সান সু চি নেদারল্যান্ডসের দ্য হেগে গিয়ে মিয়ানমারের পক্ষে আদালতে যুক্তি উপস্থাপন করেন।

২০২১ সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও গ্রেপ্তার হওয়ার পর মিয়ানমারের পক্ষে মামলাটির আইনি লড়াইয়ের দায়িত্ব নেয় সামরিক বাহিনীর নিয়োগ করা নতুন দল। গণহত্যার অভিযোগ প্রমাণের ক্ষেত্রে আদালত অত্যন্ত কঠোর আইনি মানদণ্ড অনুসরণ করে। শুধু হত্যা, নির্যাতন বা ব্যাপক বাস্তুচ্যুতির ঘটনা ঘটলেই গণহত্যা প্রমাণিত হয় না; সংশ্লিষ্ট জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার সুনির্দিষ্ট উদ্দেশ্যও প্রমাণ করতে হয়। গাম্বিয়ার আইনজীবীদের দাবি, রোহিঙ্গাদের বিরুদ্ধে দীর্ঘদিনের বৈষম্য, ১৯৮২ সালের নাগরিকত্ব আইন, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় বাধা, চলাচলে বিধিনিষেধ এবং ২০১৭ সালের সামরিক অভিযান—সবকিছু মিলিয়ে গণহত্যার উদ্দেশ্যের প্রমাণ পাওয়া যায়। অন্যদিকে মিয়ানমারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সামরিক অভিযানে যুদ্ধাপরাধ সংঘটিত হয়ে থাকলেও তা গণহত্যার উদ্দেশ্য প্রমাণ করে না। রায় ঘোষণার মাধ্যমে মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি রোহিঙ্গাদের ক্ষতিপূরণ, নিরাপদ প্রত্যাবাসন এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধের বিষয়েও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা আসতে পারে। তবে আদালতের রায় হলেও রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফেরার বাস্তব পথ তৈরি হওয়া নির্ভর করবে পরবর্তী রাজনৈতিক ও কূটনৈতিক পদক্ষেপের ওপর।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: বিডি২৪লাইভ বাংলা ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗