যুক্তরাষ্ট্রে ঘণ্টাপ্রতি ন্যূনতম মজুরি ২৫ ডলার করার দাবি
যুক্তরাষ্ট্রে ঘণ্টাপ্রতি ন্যূনতম মজুরি ২৫ ডলারে উন্নীত করার দাবি জানিয়েছেন দেশটির ১৭ জন আইনপ্রণেতা। একই সঙ্গে রেস্তোরাঁসহ বিভিন্ন প্রতিষ্ঠানে টিপসের ওপর নির্ভরশীল কর্মীদের জন্য প্রচলিত পৃথক নিম্নতম মজুরিব্যবস্থা বাতিলের আহ্বান জানিয়েছেন তারা। এ লক্ষ্যে ‘লিভিং ওয়েজ ফর অল অ্যাক্ট’ নামের একটি বিল পাসের উদ্যোগ নিয়েছেন আইনপ্রণেতারা। ওয়াশিংটন ডিসিতে বর্তমান ও নবনির্বাচিত প্রতিনিধি পরিষদের সদস্যদের নিয়ে গঠিত এই দল বিলটি পাসের দাবি জোরালো করেছে।
গত এপ্রিলে উত্থাপনের পর থেকে বিলটি কার্যত অগ্রসর হয়নি। বিলটির প্রধান উদ্যোক্তাদের মধ্যে রয়েছেন ইলিনয়ের প্রতিনিধি ডেলিয়া রামিরেজ, একই অঙ্গরাজ্যের প্রতিনিধি জেসুস ‘চুই’ গার্সিয়া এবং নিউ জার্সির প্রতিনিধি আনালিলিয়া মেহিয়া। প্রস্তাব অনুযায়ী, ধাপে ধাপে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ন্যূনতম মজুরি ঘণ্টায় ২৫ ডলারে উন্নীত করা হবে। তবে প্রতিষ্ঠানের আকার অনুযায়ী এ জন্য সময়সীমা আলাদা রাখা হয়েছে।
নিউ ইয়র্কের ব্রুকলিন থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য ব্র্যাড ল্যান্ডার আলজাজিরাকে বলেন, আগামী জানুয়ারিতে নতুন কংগ্রেসের অধিবেশন শুরু হলে তিনি এই বিলের সহ-উদ্যোক্তা হবেন। তার ভাষায়, ‘ফেডারেল পর্যায়ে এ উদ্যোগ নেওয়াই সঠিক পথ। সব কর্মীর ন্যূনতম মজুরি বাড়ানোর বৃহত্তর আইনের সঙ্গে বিষয়টি যুক্ত করা একটি ভালো পদ্ধতি।’ প্রস্তাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রজুড়ে ৫০০ জনের বেশি কর্মী রয়েছে অথবা বার্ষিক আয় অন্তত ১০০ কোটি ডলার—এমন বড় প্রতিষ্ঠানগুলোকে ২০৩১ সালের মধ্যে ঘণ্টাপ্রতি মজুরি ২৫ ডলারে উন্নীত করতে হবে। ছোট প্রতিষ্ঠানগুলো এ জন্য ২০৩৮ সাল পর্যন্ত সময় পাবে।
এই সময়সীমা শেষ হওয়ার পর ন্যূনতম মজুরি যুক্তরাষ্ট্রের মধ্যম ঘণ্টাপ্রতি মজুরির দুই-তৃতীয়াংশ হারে নির্ধারণ করা হবে। প্রতি বছর মজুরি সমন্বয়ের মাধ্যমে এই অনুপাত বজায় রাখা হবে।
মতামত দিন