স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে কাগজ-কলমে ফিরছে পাঠচর্চা
কয়েক সেকেন্ডেই প্রবন্ধ তৈরি, জটিল প্রশ্নের উত্তরও হাতের নাগালে। কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষার্থীদের কাজ সহজ করেছে, কিন্তু শেখার গভীরতা নিয়ে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। বই না পড়ে সারসংক্ষেপে নির্ভরতা, নিজের ভাষায় লিখতে অনীহা, এমনকি নিজে চিন্তা করার অভ্যাস কমে যাওয়ার আশঙ্কা থেকে শ্রেণিকক্ষে কাগজ-কলমের চর্চা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়। প্রযুক্তির অগ্রগতির মধ্যেই তাই সামনে এসেছে পুরোনো এক প্রশ্ন—শিক্ষার আসল উদ্দেশ্য কি শুধু ভালো উত্তর তৈরি, নাকি নিজে বুঝে উত্তর খুঁজে নিতে শেখা? একসময় শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করা। এখন চ্যালেঞ্জ যেন উল্টো—তথ্যের বিপুল ভিড়ে কোনটি নিজে পড়তে হবে, কোনটি বুঝতে হবে, আর কোন কাজটি নিজের মেধায় করতে হবে, তা ঠিক করা। কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন টুল মুহূর্তে পাঠের সারসংক্ষেপ, প্রবন্ধের খসড়া কিংবা প্রশ্নের উত্তর তৈরি করে দিতে পারে।
ফলে শিক্ষার্থীর হাতে সময় বাঁচলেও সেই সময়ের বিনিময়ে শেখার কতটা গভীরতা হারিয়ে যাচ্ছে, তা নিয়ে উদ্বিগ্ন শিক্ষকেরা। এই উদ্বেগ থেকেই যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য নেওয়া হয়েছে নতুন উদ্যোগ। বিশ্ববিদ্যালয়ের বাধ্যতামূলক ‘সিভিক, লিবারেল অ্যান্ড গ্লোবাল এডুকেশন’—সংক্ষেপে ‘কলেজ’ কর্মসূচিতে বাড়ানো হয়েছে হাতে লেখা কাজ, পাঠভিত্তিক কুইজ এবং শ্রেণিকক্ষে সরাসরি মূল্যায়ন। উদ্দেশ্য, শিক্ষার্থীরা শুধু এআইয়ের তৈরি উত্তর ব্যবহার করছে, নাকি নির্ধারিত বই পড়ছে, বিষয়টি বুঝছে এবং নিজের ভাষায় তা প্রকাশ করতে পারছে—সেটি যাচাই করা। স্ট্যানফোর্ডের শিক্ষার্থীদের সংবাদমাধ্যম দ্য স্ট্যানফোর্ড ডেইলি-এর প্রতিবেদনে বলা হয়েছে, ‘কলেজ ১০১’ কোর্সে পাঠ্যবস্তুর ওপর সংক্ষিপ্ত কুইজ যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা নির্ধারিত বই ও মূল পাঠ পড়েছে কি না, তা বোঝার চেষ্টা করছেন শিক্ষকেরা। শুধু এআইয়ের তৈরি সারসংক্ষেপ পড়ে ক্লাসে আসার সুযোগ কমাতেই এ উদ্যোগ।
অন্যদিকে ‘কলেজ ১০২’ কোর্সে শ্রেণিকক্ষের ভেতরেই নির্দিষ্ট প্রশ্নের উত্তর লিখতে হবে। এতে শিক্ষার্থীর তাৎক্ষণিক চিন্তা, যুক্তি সাজানোর ক্ষমতা এবং পাঠের ওপর নিজস্ব উপলব্ধি যাচাই করা যাবে। শিক্ষকদেরও প্রয়োজন অনুযায়ী ল্যাপটপ ও অন্যান্য ডিজিটাল ডিভাইসের ব্যবহার সীমিত রেখে স্ক্রিনমুক্ত ক্লাস নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এটি অবশ্য বিশ্ববিদ্যালয়জুড়ে প্রযুক্তি বা এআই নিষিদ্ধ করার সিদ্ধান্ত নয়। বরং যেসব কাজে শিক্ষার্থীর নিজস্ব চিন্তা ও লেখার দক্ষতা যাচাই করা জরুরি, সেখানে প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরতা কমানোর চেষ্টা। এর আগে বাসায় বসে লেখা চূড়ান্ত প্রবন্ধের পরিবর্তে পরীক্ষার হলে নীল খাতায় হাতে লেখা পরীক্ষা চালু করা হয়েছিল। নতুন উদ্যোগ সেই পরিবর্তনকেই আরো বিস্তৃত করছে।
স্ট্যানফোর্ডের উদ্যোগের বিশেষত্ব হলো, এ পরিবর্তনের পক্ষে শুধু শিক্ষকেরা নন, শিক্ষার্থীরাও মত দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ২০২৬ সালের ৬ মে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ‘কলেজ ১০২’ কোর্সের ১ হাজার ২০০-এর বেশি প্রথম বর্ষের শিক্ষার্থীকে এআইয়ের যুগে শেখার মান বজায় রাখা, নকল ঠেকানো এবং প্রকৃত শিক্ষাগত দক্ষতা যাচাইয়ের উপায় নিয়ে ভাবতে বলা হয়েছিল। ৭০টির বেশি শ্রেণি-শাখায় আলোচনা ও ভোটের পর শিক্ষার্থীদের সবচেয়ে বেশি সমর্থন পাওয়া প্রস্তাব ছিল নিয়মিত ‘আন্ডারস্ট্যান্ডিং চেক’ বা বোঝাপড়া যাচাই। এর মধ্যে রয়েছে মৌখিক প্রশ্ন, শিক্ষকের তত্ত্বাবধানে সমস্যা সমাধান এবং নির্দিষ্ট বিরতিতে ব্যক্তিগত মূল্যায়ন। শিক্ষার্থীদের বক্তব্য, এআই ব্যবহার পুরোপুরি বন্ধ করা বাস্তবসম্মত নয়। বরং প্রযুক্তি দিয়ে শেখার সুযোগ থাকতে পারে, কিন্তু নিজের কাজ অন্যের—এ ক্ষেত্রে এআইয়ের—হাতে ছেড়ে দিয়ে সেটিকে নিজের কাজ হিসেবে উপস্থাপন করা যাবে না।
মতামত দিন