Ananya Panday: প্রেম ভাঙল অনন্যার! ওয়াকারকে ছেড়ে এবার কাকে ভালোবাসার কথা শোনালেন?
অনন্যা পাণ্ডে (Ananya Panday) কি তবে সত্যিই আবার সিঙ্গল হয়ে গিয়েছেন? বলিউডের অন্দরে এখন এই একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ওয়াকার ব্লাঙ্কোর সঙ্গে তাঁর বিচ্ছেদের গুঞ্জন অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল। এবার করণ জোহরের জনপ্রিয় শো ‘কফি উইথ করণ ৯’-এ (Koffee With Karan 9) এসে যেন নিজেই সেই জল্পনায় সিলমোহর দিলেন নায়িকা। গায়িকা ও ব্যবসায়ী অনন্যা বিড়লার সঙ্গে কফির আড্ডায় বসে নিজের প্রেম, বিচ্ছেদ এবং সিঙ্গল জীবন নিয়ে মন খুলে কথা বললেন তিনি। বিচ্ছেদ নিয়ে কী বলেছেন তিনি?
আড্ডার শুরুতেই অনন্যাকে নিয়ে বেশ মজা করেন করণ জোহর। তিনি নায়িকাকে মজার ছলে ‘ব্রেকআপ চিক’ বলে ডাকেন। করণের কথায়, শুক্রবার যদি অনন্যার ব্রেকআপ হয়ে মন ভেঙে যায়, তবে সোমবারের মধ্যেই তিনি আবার একদম স্বাভাবিক হয়ে যান। করণের এই কথা শুনে বেশ মজা পান অনন্যা। তিনি জানান, জীবনে বেশ কয়েকটি সম্পর্কে ছিলেন ঠিকই, তবে এতে তিনি কোনও ভুল দেখেন না। করণও মজা করে বলেন, অনন্যা নাকি প্রতিটি সম্পর্কেই সোজা ছাদনাতলা পর্যন্ত পৌঁছে যাওয়ার স্বপ্ন দেখেন।
আর ইদানীং বিদেশি প্রেমিকের কারণে বিয়ের আসর নিয়েও তাঁর ভাবনা বেশ এগিয়েছিল বলে ইঙ্গিত দেন করণ। সম্পর্ক ভাঙলেও বিয়ের ওপর থেকে কিন্তু ভরসা হারাননি অনন্যা। তিনি হাসতে হাসতে বলেন, “আমার মনে হয় আমি বিয়ে করার জন্যই জন্মেছি। সারা জীবন একজনের সঙ্গে কাটানোর ভাবনাটা আমার খুব ভালো লাগে।” তবে জোর করে কোনও সম্পর্ক টিকিয়ে রাখার পক্ষে নন নায়িকা। তাঁর মতে, কোনও সম্পর্কে যদি দুজনে খুশি না থাকে বা শতভাগ নিশ্চিত না হয়, তবে সেখান থেকে বেরিয়ে এসে জীবনে এগিয়ে যাওয়াই সবচেয়ে ভালো সিদ্ধান্ত। অনুষ্ঠানের সবচেয়ে বড় চমকটা অনন্যা দেন এর পরেই।
তিনি স্পষ্ট জানান, “আমি কখনও ভাবিনি এই কথাটা বলব, কিন্তু আমি সত্যিই সিঙ্গল জীবন দারুণ উপভোগ করছি।” তাঁর এই কথা শুনে করণও তাঁকে সিঙ্গলদের দলে স্বাগত জানান। অনন্যা আরও বলেন, অতীতে তিনি নিজের চেয়ে সম্পর্ক ও অন্য মানুষদের বেশি গুরুত্ব দিয়ে ফেলেছিলেন। কিন্তু গত কয়েক মাসে পরিস্থিতি বদলে গিয়েছে এবং অনেক দিন পর নিজেকে নিজের মতো লাগছে। দেরি হলেও যে বিষয়টা তিনি বুঝতে পেরেছেন, তাতে তিনি খুশি। এখনই নতুন কোনও সম্পর্কে জড়াতে চান না অনন্যা, বরং আগে নিজেকে ভালোবাসতে চান। তবে এর মাঝে দু-একজনকে ভালো লাগা বা ‘ক্রাশ’ থাকতেই পারে বলেও মজা করে স্বীকার করেন তিনি।
মতামত দিন