২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম
পিউ রিসার্চ সেন্টারের এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩৫ সালের মধ্যে অনুসারীর সংখ্যার দিক থেকে খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্মে পরিণত হতে পারে ইসলাম। তবে আগামী কয়েক দশকে ইসলাম ও খ্রিষ্টধর্ম—উভয় ধর্মের অনুসারীর সংখ্যাই বাড়বে। কিন্তু খ্রিষ্টধর্মের তুলনায় ইসলামের অনুসারী বৃদ্ধির হার হবে বেশি। মঙ্গলবার প্রকাশিত ওই প্রতিবেদনে মুসলিম জনসংখ্যার সম্ভাব্য বৃদ্ধির চিত্র তুলে ধরেছে গবেষণা প্রতিষ্ঠানটি।
এতে ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত বিশ্বের ২০১টি দেশ ও অঞ্চলের ধর্মীয় জনসংখ্যার পরিবর্তন বিশ্লেষণ করা হয়েছে। এসব দেশ ও অঞ্চলে বিশ্বের মোট জনসংখ্যার ৯৯ দশমিক ৯৮ শতাংশের বসবাস। গবেষণায় মুসলিম, খ্রিষ্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ, অন্যান্য ধর্মাবলম্বী এবং কোনো ধর্মের সঙ্গে সম্পৃক্ত নন—এমন জনগোষ্ঠীর ভবিষ্যৎ জনসংখ্যার চিত্র পর্যালোচনা করা হয়েছে। পিউ-টেম্পলটন গ্লোবাল রিলিজিয়াস ফিউচারস প্রকল্পের আওতায় এ গবেষণা পরিচালিত হয়।
বিশ্বজুড়ে ধর্মীয় পরিবর্তন এবং এর প্রভাব বিশ্লেষণ করাই এ প্রকল্পের লক্ষ্য। তবে পিউ রিসার্চ জানিয়েছে, এসব পূর্বাভাসের উদ্দেশ্য ভবিষ্যতের সব ধরনের পরিবর্তন সম্পর্কে নিশ্চিত ধারণা দেওয়া নয়। আর্থসামাজিক পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ ও যুদ্ধসহ বিভিন্ন ঘটনা মানুষের ধর্মীয় পরিচয়ে পরিবর্তন আনতে পারে। প্রতিবেদন অনুযায়ী, মুসলিম নারীদের সন্তান জন্মদানের হার বিশ্বের ধর্মীয় জনগোষ্ঠীগুলোর মধ্যে সবচেয়ে বেশি।
এ কারণে মুসলিম জনগোষ্ঠী বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্মীয় গোষ্ঠী হিসেবে বিবেচিত হচ্ছে। গবেষণায় দেখা গেছে, একজন মুসলিম নারী গড়ে ৩ দশমিক ১টি সন্তান জন্ম দেন। অন্যদিকে দ্বিতীয় সর্বোচ্চ জন্মহারের খ্রিষ্টান নারীদের ক্ষেত্রে এ হার ২ দশমিক ৫। সাধারণত একটি প্রজন্মের জনসংখ্যা প্রতিস্থাপনের জন্য নারীপ্রতি গড়ে ২ দশমিক ১টি সন্তান জন্মদানের হার প্রয়োজন হয়।
মতামত দিন