দেড় হাজার বছরের ইতিহাস-এতিহ্যের সাক্ষী ‘আয়া সোফিয়া’

তুরস্ক: ইস্তাম্বুলের সুলতান আহমেদ এলাকা। সেখানে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক স্থাপনা আয়া সোফিয়া। এটি শুধু একটি স্থাপনা নয়, প্রায় দেড় হাজার বছরের ইতিহাস, ধর্মীয় বিশ্বাস, সাম্রাজ্যের উত্থান-পতন এবং সভ্যতার

তুরস্ক: ইস্তাম্বুলের সুলতান আহমেদ এলাকা। সেখানে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক স্থাপনা আয়া সোফিয়া। এটি শুধু একটি স্থাপনা নয়, প্রায় দেড় হাজার বছরের ইতিহাস, ধর্মীয় বিশ্বাস, সাম্রাজ্যের উত্থান-পতন এবং সভ্যতার রূপান্তরের জীবন্ত সাক্ষী। বাইজেন্টাইন সাম্রাজ্যের গির্জা, অটোমান সাম্রাজ্যের মসজিদ এবং আধুনিক তুরস্কের জাদুঘর ও পুনরায় মসজিদ হিসেবে ব্যবহারের ইতিহাস—সব মিলিয়ে আয়া সোফিয়া বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা। ইস্তাম্বুলের ব্যস্ত পর্যটনকেন্দ্রের মাঝখানে দাঁড়িয়ে থাকা এই স্থাপনাটির বিশাল গম্বুজ, সুউচ্চ মিনার, প্রাচীন দেয়াল, মার্বেলের স্তম্ভ এবং অভ্যন্তরের শিল্পকর্ম দর্শনার্থীদের সহজেই মুগ্ধ করে। বাইরে থেকে এর স্থাপত্য যেমন দৃষ্টিনন্দন, ভেতরে প্রবেশ করলে তেমনি অনুভূত হয় ইতিহাসের গভীরতা। আয়া সোফিয়ার বর্তমান স্থাপনাটি নির্মিত হয় ৫৩৭ খ্রিষ্টাব্দে বাইজেন্টাইন সম্রাট জাস্টিনিয়ান প্রথমের শাসনামলে। এর আগে একই স্থানে দুটি গির্জা নির্মিত হয়েছিল। কিন্তু, সেগুলো অগ্নিকাণ্ড ও রাজনৈতিক সংঘাতের কারণে ধ্বংস হয়ে যায়। তৃতীয় স্থাপনাটি নির্মাণের মাধ্যমে সম্রাট জাস্টিনিয়ান এমন একটি স্থাপত্য তৈরি করতে চেয়েছিলেন, যা বাইজেন্টাইন সাম্রাজ্যের শক্তি, সমৃদ্ধি ও ধর্মীয় মহিমার প্রতীক হয়ে থাকবে।

প্রায় এক হাজার বছর ধরে আয়া সোফিয়া পূর্বাঞ্চলীয় অর্থোডক্স খ্রিষ্টানদের অন্যতম প্রধান ধর্মীয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছে। এর বিশাল গম্বুজ, মার্বেলের স্তম্ভ, মোজাইক শিল্প এবং অভ্যন্তরীণ নকশা তৎকালীন স্থাপত্য ও প্রকৌশল জ্ঞানের অসাধারণ নিদর্শন। গম্বুজটির নির্মাণশৈলী এমনভাবে পরিকল্পিত, যা বিশাল স্থাপনাটির ভেতরে এক অনন্য অনুভূতি সৃষ্টি করে। দেড় হাজার বছরের ইতিহাসের সাক্ষী তুরস্কের ‘আয়া সোফিয়া’ মসজিদ। ছবি: ইন্টারনেট ১৪৫৩ সালে অটোমান সুলতান দ্বিতীয় মেহমেদ কনস্টান্টিনোপল বিজয়ের পর আয়া সোফিয়াকে মসজিদে রূপান্তর করেন। এরপর অটোমান শাসনামলে স্থাপনাটিতে বিভিন্ন সংস্কার ও সংযোজন করা হয়। যুক্ত হয় মিনার, মিহরাব, মিনবার এবং ইসলামী ক্যালিগ্রাফির বিশাল প্যানেল। গম্বুজের ভেতরে আল্লাহ, মহানবী হজরত মুহাম্মদ (সা.), চার খলিফাসহ বিভিন্ন ইসলামী নামের ক্যালিগ্রাফি স্থাপনাটিকে নতুন ধর্মীয় পরিচয় দেয়। একই সঙ্গে পুরোনো বাইজেন্টাইন মোজাইক ও ঐতিহাসিক শিল্পকর্মের কিছু অংশও সংরক্ষিত থাকে। ১৯৩৫ সালে তুরস্কের রাষ্ট্রীয় নীতির অংশ হিসেবে আয়া সোফিয়াকে জাদুঘরে রূপান্তর করা হয়।

দীর্ঘ কয়েক দশক এটি বিশ্বের বিভিন্ন দেশের পর্যটক, গবেষক ও ইতিহাসপ্রেমীদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান ছিল। ২০২০ সালে আদালতের সিদ্ধান্তের পর স্থাপনাটিকে পুনরায় মসজিদ হিসেবে ব্যবহারের ঘোষণা দেওয়া হয়। এর পর থেকে এখানে নিয়মিত নামাজ আদায় হচ্ছে, পাশাপাশি পর্যটকদের প্রবেশের ব্যবস্থাও রয়েছে। আয়া সোফিয়ায় প্রবেশ করলে এক স্থাপনার ভেতরে দুই ভিন্ন ধর্মীয় ঐতিহ্যের শিল্প ও ইতিহাসের উপস্থিতি চোখে পড়ে। কোথাও বাইজেন্টাইন যুগের মোজাইক, কোথাও ইসলামী ক্যালিগ্রাফি, আবার কোথাও অটোমান স্থাপত্যের সংযোজন। এসব উপাদান শতাব্দীর পর শতাব্দী ধরে স্থাপনাটির পরিবর্তিত ইতিহাসকে তুলে ধরে। প্রতিদিন বিশ্বের নানা দেশ থেকে পর্যটক, ইতিহাসপ্রেমী ও ধর্মীয় দর্শনার্থীরা আয়া সোফিয়া দেখতে আসেন। কেউ এর স্থাপত্যের সৌন্দর্যে মুগ্ধ হন, কেউ ইতিহাস জানতে আগ্রহী হন, আবার কেউ ধর্মীয় অনুভূতি নিয়ে এখানে নামাজ আদায় করেন। ইস্তাম্বুলের আয়া সোফিয়া যেন সময়ের কাছে হার না মানা এক স্থাপত্য। সাম্রাজ্যের পরিবর্তন, ধর্মীয় রূপান্তর এবং রাজনৈতিক ইতিহাসের নানা অধ্যায় পেরিয়ে আজও দাঁড়িয়ে আছে এটি।

শুধু তুরস্ক নয়, বিশ্বসভ্যতার ইতিহাসে আয়া সোফিয়া এমন এক স্থাপনা, যার প্রতিটি দেয়াল, গম্বুজ ও শিল্পকর্ম বহন করছে বহু শতাব্দীর স্মৃতি। দেড় হাজার বছরের ইতিহাসের সাক্ষী তুরস্কের ‘আয়া সোফিয়া’ মসজিদ। ছবি: ইন্টারনেট এটির নাম কেন আয়া সোফিয়া গ্রিক Hagia শব্দের অর্থ ‘পবিত্র’ এবং Sophia অর্থ ‘প্রজ্ঞা’ বা ‘জ্ঞান’। এই দুই শব্দ মিলেই Hagia Sophia নামের উৎপত্তি। বাংলায় নামটি উচ্চারণ ও প্রচলনের ধারায় ‘আয়া সোফিয়া’ হিসেবে পরিচিত হয়েছে। তুর্কি ভাষায় এটি ‘Ayasofya’ নামে পরিচিত। নামটি নিয়ে একটি প্রচলিত ভুল ধারণা রয়েছে। অনেকে মনে করেন, আয়া সোফিয়া কোনো ‘সোফিয়া’ নামের নারী বা সাধুর নামানুসারে নামকরণ করা হয়েছে। কিন্তু ঐতিহাসিক ও ধর্মতাত্ত্বিক গবেষণা অনুযায়ী, মূল নামটি কোনো ব্যক্তির নাম নয়; বরং খ্রিষ্টীয় ধর্মতত্ত্বে ঈশ্বরের প্রজ্ঞার ধারণাকে কেন্দ্র করে এই নামকরণ। বাইজেন্টাইন ধর্মীয় ব্যাখ্যায় এই পবিত্র প্রজ্ঞাকে যিশুখ্রিষ্টের সঙ্গে সম্পর্কিত করা হয়েছে।The post দেড় হাজার বছরের ইতিহাস-এতিহ্যের সাক্ষী ‘আয়া সোফিয়া’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

তথ্যসূত্র ও ঋণস্বীকার: সারাবাংলা.নেট ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗