ইপিজেডে ১৩ হাজার ৫৩০ থেকে ১৬ হাজার ৬০৫ টাকা মজুরির প্রস্তাব বিনিয়োগকারীদের
দেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলগুলোর (ইপিজেড) অবস্থানভেদে শ্রমিকদের জন্য আলাদা ন্যূনতম মজুরিকাঠামো নির্ধারণের প্রস্তাব দিয়েছেন বিনিয়োগকারীরা। যদিও বর্তমানে সব ইপিজেডে একই মজুরিকাঠামো রয়েছে।ইপিজেডের বিনিয়োগকারীরা ঢাকা ও চট্টগ্রামের মতো বড় শহরের তিনটি ইপিজেডের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১৬ হাজার ৬০৫ টাকা প্রস্তাব করেছেন। কুমিল্লা ও নারায়ণগঞ্জের মতো মাঝারি শহরের দুটি ইপিজেডের জন্য ১৫ হাজার ২৫০ টাকা এবং গ্রামীণ ও অপেক্ষাকৃত কম ব্যয়ের এলাকায় অবস্থিত তিনটিসহ প্রস্তাবিত অন্যান্য ইপিজেডের শ্রমিকদের মজুরি ১৩ হাজার ৫৩০ টাকা প্রস্তাব করেছেন। এ ক্ষেত্রে মূল মজুরির পাশাপাশি খাবার, চিকিৎসা ও যাতায়াত ভাতা একই রেখে ভিন্ন বাড়িভাড়া প্রস্তাব করা হয়েছে।বাংলাদেশ ইপিজেড ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের (বেপজিয়া) সভাপতি শাহদাৎ মোশাররফ খান গত সপ্তাহে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যানের কাছে এই নতুন মজুরি প্রস্তাব জমা দেন।বিষয়টি নিশ্চিত করে বেপজিয়ার ঢাকা অঞ্চলের পরিচালক তপন কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, ‘বেপজা থেকে আমাদের কাছে মজুরি প্রস্তাব চাওয়া হয়েছিল। সে জন্য আমরা মজুরি প্রস্তাব দিয়েছি। এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বেপজা।’বেপজিয়া ইপিজেডের ভেতরে ও বাইরে একই মজুরিকাঠামোর দাবি করেছে। এ ছাড়া বার্ষিক মজুরি বৃদ্ধি ৯ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ করার দাবি জানিয়েছে।
তারা বলেছে, ৯ শতাংশ হারে মজুরি বৃদ্ধির কারণে শিল্পপ্রতিষ্ঠানগুলোর পরিচালন ব্যয় বেড়ে যাচ্ছে। এতে নতুন বিনিয়োগ নিরুৎসাহিত হওয়ার পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানগুলোর দীর্ঘমেয়াদি টেকসই পরিচালনাও বাধাগ্রস্ত হচ্ছে।জানা যায়, মূলত তৈরি পোশাকশিল্পের মজুরি চূড়ান্ত হওয়ার পর ইপিজেডের বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা করে ন্যূনতম মজুরি চূড়ান্ত করে বেপজা। ২০২৩ সালের ডিসেম্বরে ইপিজেডের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয় ১২ হাজার ৮০০ টাকা। এর মধ্যে মূল মজুরি ৬ হাজার ৯৫০ টাকা। বর্তমানে তৈরি পোশাকশিল্পের মজুরি পুনর্নির্ধারণে কাজ করছে মজুরি বোর্ড। সেটি হওয়ার পরই মূলত ইপিজেডের শ্রমিকদের ন্যূনতম মজুরি চূড়ান্ত হবে।পোশাকশিল্পের মজুরি পুনর্নির্ধারণের জন্য গঠিত মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি ৩২ হাজার টাকা মজুরি দাবি করে প্রস্তাব দিয়েছেন। মালিকপক্ষ এখনো মজুরি প্রস্তাব করেনি।
এদিকে গতকাল পোশাকশ্রমিকদের মজুরি আলোচনা ১৮ হাজার থেকে ২৪ হাজার টাকার মধ্যে হওয়া উচিত বলে মত দিয়েছে বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সিপিডি।মজুরি প্রস্তাবে কী আছেবেপজিয়া তাদের মজুরি প্রস্তাবে বলেছে, ঢাকা ও চট্টগ্রামের মতো বড় শহরগুলোর সঙ্গে দেশের অন্যান্য শিল্পাঞ্চল ও গ্রামীণ এলাকার জীবনযাত্রার ব্যয়ে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। বাসাভাড়া, খাদ্য, যাতায়াতসহ নিত্যপ্রয়োজনীয় খরচ সব জায়গায় এক নয়। ফলে দেশের সব ইপিজেডে একই ন্যূনতম মজুরি নির্ধারণের পরিবর্তে অঞ্চলভেদে পৃথক মজুরিকাঠামো করা যেতে পারে।এ জন্য দেশকে তিনটি অঞ্চলে ভাগ করার প্রস্তাব দিয়েছে সংগঠনটি। প্রথম অঞ্চল বা ‘এ’ শ্রেণিতে থাকবে ঢাকা ও চট্টগ্রামের মতো বড় শহর এবং উচ্চ ব্যয়ের শিল্পাঞ্চল। দ্বিতীয় অঞ্চল বা ‘বি’ শ্রেণিতে থাকবে মাঝারি ব্যয়ের শিল্পাঞ্চল। আর তৃতীয় অঞ্চল বা ‘সি’ শ্রেণিতে থাকবে গ্রামীণ ও তুলনামূলক কম ব্যয়ের শিল্পাঞ্চল।বেপজিয়া ঢাকা, চট্টগ্রাম ও কর্ণফুলী ইপিজেডে মাসিক ন্যূনতম মজুরি ১৬ হাজার ৬০৫ টাকা প্রস্তাব করেছে। আদমজী ও কুমিল্লা ইপিজেডের ক্ষেত্রে তা হবে ১৫ হাজার ২৫০ টাকা।
আর উত্তরা, মোংলা ও ঈশ্বরদী ইপিজেডে ন্যূনতম মজুরি হবে ১৩ হাজার ৫৩০ টাকা। এই মজুরিকাঠামোর আওতায় পরিকল্পনায় থাকা যশোর, পটুয়াখালী ও রংপুর ইপিজেড এবং বেপজা অর্থনৈতিক অঞ্চলকেও আনার প্রস্তাব করেছে সংগঠনটি।প্রস্তাবিত মজুরিকাঠামো কার্যকর হলে প্রথম অঞ্চলের তুলনায় দ্বিতীয় অঞ্চলে শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১ হাজার ৩৫৫ টাকা কম হবে। আর তৃতীয় অঞ্চলের শ্রমিকেরা প্রথম অঞ্চলের তুলনায় মাসে ৩ হাজার ৭৫ টাকা কম মজুরি পাবেন।বেপজিয়ার দাবি, ভারত, পাকিস্তান, চীন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ফিলিপাইনসহ বিভিন্ন দেশে ভৌগোলিক অবস্থান ও জীবনযাত্রার ব্যয়ের ভিত্তিতে পৃথক মজুরিকাঠামো অনুসরণ করা হয়।প্রস্তাব কতটা গ্রহণযোগ্যজানতে চাইলে নিম্নতম মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আক্তার \Iপ্রথম আলো\Iকে বলেন, ‘ইপিজেডের বাইরের শ্রমিকদের জন্য আমরা যে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরি প্রস্তাব করেছি, এর থেকেও বেশি মজুরি হওয়া উচিত ইপিজেডের কারখানার শ্রমিকদের। কারণ, ইপিজেডের কারখানাগুলো পণ্যের বেশি দাম পায়। সরকারের কাছ থেকেও সুবিধা পেয়ে থাকে। ফলে যে মজুরি প্রস্তাব তারা দিয়েছে, সেটি সাধারণ শ্রমিকেরা কোনোভাবেই গ্রহণ করবে না বলে মনে হয়।’বাবুল আক্তার আরও বলেন, মজুরি বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তের আগে ইপিজেডের মজুরি নির্ধারণের কোনো প্রক্রিয়া নেওয়া হলে সেখানকার পরিস্থিতিও উত্তেজনাকর হতে পারে।
মতামত দিন