২২ ব্যাংকের মূলধন ঘাটতি তিন লাখ কোটি টাকা
দেশের ব্যাংক খাতে মূলধন ঘাটতি ক্রমেই বাড়ছে। সবশেষ হিসাব অনুযায়ী মূলধন ঘাটতি তিন লাখ কোটি টাকা ছাড়িয়েছে, যা অতীতের সব রেকর্ড ভেঙেছে। সবচেয়ে বেশি মূলধন ঘাটতিতে পড়েছে বেসরকারি খাতের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। ঘাটতির পরিমাণ ৬৬ হাজার ১২৬ কোটি টাকা। এ তালিকায় থাকা রাষ্ট্রায়ত্ত ব্যাংগুলোর মধ্যে বেশি ঘাটতি জনতা ব্যাংকের, ১৯ হাজার ৭০৭ কোটি টাকা। ব্যাংকাররা বলেছেন, অস্বাভাবিক হারে খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় বিশাল অঙ্কের মূলধন ঘাটতি তৈরি হয়েছে। ফলে ক্যাপিটাল টু রিস্ক-ওয়েটেড অ্যাসেটস রেশিও (সিআরএআর) আরো অবনতি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, গত জুন শেষে ২২টি ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি দাঁড়িয়েছে তিন লাখ আট হাজার ৮০৩ কোটি টাকা।
গত মার্চে ২১টি ব্যাংকের মূলধন ঘাটতি ছিল প্রায় দুই লাখ ৯৪ হাজার কোটি টাকা। দেশের বাকি ব্যাংকগুলোর মূলধনে কোনো ধরনের ঘাটতি নেই। ব্যাংকাররা জানান, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে অনিয়মের মাধ্যমে যেসব ঋণ বের করে নেওয়া হয়েছিল, সেগুলো এখন খেলাপি হয়ে পড়েছে। এসব ঋণের বিপরীতে প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশন সংরক্ষণ করতে পারছে না ব্যাংকগুলো। এতে ব্যাংকগুলোর মূলধন ক্ষয় হচ্ছে। এ পরিস্থিতি দেশের পুরো আর্থিক খাতের স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলেছে। আওয়ামী লীগ সরকারের সময় এস আলমের নিয়ন্ত্রণে থাকা ব্যাংকগুলো এখন বড় অঙ্কের মূলধন ঘাটতিতে রয়েছে। একই ভাবে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের নিয়ন্ত্রণে থাকা আইএফআইসি ব্যাংক, ওই সরকারের সাবেক সংসদ সদস্য এইচবিএম ইকবালের প্রিমিয়ার ব্যাংক এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের নিয়ন্ত্রণে থাকা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকও (ইউসিবি) বড় ধরনের মূলধন ঘাটতিতে পড়েছে।
ব্যাংক খাতের মোট মূলধন ঘাটতির মধ্যে রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংকের ঘাটতির পরিমাণ ৩৮ হাজার ৪১১ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি ঘাটতি জনতা ব্যাংকের, ১৯ হাজার ৭০৭ কোটি টাকা। এরপর অগ্রণী ব্যাংকের আট হাজার ৭৮২ কোটি টাকা, রূপালী ব্যাংকের পাঁচ হাজার ২৩১ কোটি টাকা এবং বেসিক ব্যাংকের চার হাজার ৬৯০ কোটি টাকা। বেসরকারি খাতের আটটি ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ৪৯ হাজার ৭৩১ কোটি টাকা। এই খাতের ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঘাটতি ন্যাশনাল ব্যাংকের, ১৭ হাজার ৪৭৪ কোটি টাকা। দ্বিতীয় সর্বোচ্চ ঘাটতি এবি ব্যাংকের, আট হাজার ৯১২ কোটি টাকা। এরপর আইএফআইসি ব্যাংকের সাত হাজার ১৯৯ কোটি টাকা, পদ্মা ব্যাংকের ছয় হাজার ৬১৮ কোটি টাকা, প্রিমিয়ার ব্যাংকের ছয় হাজার ৭৮ কোটি টাকা, বাংলাদেশ কমার্স ব্যাংকের দুই হাজার ৩৪৪ কোটি টাকা, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) এক হাজার ৭৮ কোটি টাকা এবং সিটিজেন ব্যাংকের ২৬ কোটি টাকা। প্রিমিয়ার ব্যাংকের এমডি মনজুর মফিজ আমার দেশকে বলেন, গত জুনের তুলনায় সেপ্টেম্বরে ব্যাংকের খেলাপি ঋণের হার উল্লেখযোগ্যভাবে কমেছে।
জুনে খেলাপি ঋণের হার ছিল ৩৪.৯১ শতাংশ, যা সেপ্টেম্বরে ৩০ শতাংশের নিচে নেমে এসেছে। এতে ঋণের বিপরীতে প্রয়োজনীয় সঞ্চিতি সংরক্ষণের চাপও কমেছে। একই সময়ে ব্যাংকের মূলধন পরিস্থিতির উন্নতি হয়েছে। জুনে মূলধন পর্যাপ্ততার হার (সিআরএআর) ঋণাত্মক থাকলেও সেপ্টেম্বরে তা ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে। ব্যাংকের লোকসানও কমেছে। প্রধান কার্যালয় স্থানান্তরের ফলে পরিচালন ব্যয় কমেছে এবং গ্রাহকদের মধ্যেও ব্যাংক সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি হচ্ছে।
মতামত দিন