ট্রাম্পের দুর্বলতার সুযোগ নিয়ে বিশ্বমঞ্চে প্রভাব বাড়াতে চান পুতিন
চীনের শেনজেনে এ সপ্তাহে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের শীর্ষ বৈঠককে বড় সুযোগ হিসেবে দেখছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক অবস্থান দুর্বল হয়ে পড়া এবং ক্ষমতায় তার হাতে থাকা সময় সীমিত—এ দুই বিষয় কাজে লাগিয়ে ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার স্বার্থের অনুকূলে একটি সমঝোতায় পৌঁছাতে চান তিনি। তবে বৈঠক থেকে প্রত্যাশিত ফল পাওয়া সহজ হবে না বলে মনে করছেন বিশ্লেষকেরা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ট্রাম্পের সঙ্গে একই মঞ্চে বসার সুযোগ পুতিনের জন্য কেবল কূটনৈতিক বৈঠক নয়, বরং আন্তর্জাতিক রাজনীতিতে রাশিয়ার প্রভাব ও মর্যাদা পুনঃপ্রতিষ্ঠারও সুযোগ। দীর্ঘদিন ধরে পশ্চিমা দেশগুলোর শীর্ষ সম্মেলনে পুতিনের অংশগ্রহণ সীমিত। ২০১৪ সালে ক্রিমিয়া দখলের পর রাশিয়াকে তৎকালীন জি-৮ থেকে বাদ দেওয়া হয়।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর পশ্চিমা দেশগুলোর সঙ্গে মস্কোর সম্পর্ক আরও অবনতি ঘটে। ফলে শেনজেনের এই বৈঠকে যুক্তরাষ্ট্র ও চীনের নেতার সঙ্গে পুতিনের উপস্থিতি তার কাছে বিশেষ গুরুত্ব বহন করছে। ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের সঙ্গে শেনজেন বৈঠকের তুলনা পুতিনের কাছে আকর্ষণীয় মনে হতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে ইয়াল্টায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সোভিয়েত ইউনিয়নের নেতারা যুদ্ধ-পরবর্তী বিশ্বব্যবস্থা নিয়ে আলোচনা করেছিলেন। পুতিনও এমন একটি বিশ্বব্যবস্থার ধারণায় বিশ্বাসী, যেখানে বড় সামরিক শক্তিধর দেশগুলো ছোট দেশগুলোর ভবিষ্যৎ নির্ধারণে প্রধান ভূমিকা রাখবে। শেনজেন বৈঠকে ইউরোপের দেশগুলোর অনুপস্থিতি পুতিনের জন্য বাড়তি সুবিধা হতে পারে।
কারণ, ইউক্রেন যুদ্ধের পর ইউরোপীয় দেশগুলো নিজেদের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে আলোচনায় অংশ নেওয়ার দাবি জানিয়ে আসছে। কিন্তু এ বৈঠকে ইউক্রেন কিংবা যুক্তরাজ্যের উপস্থিতি থাকছে না। গত সপ্তাহে পুতিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ বলেছিলেন, ইউক্রেন যুদ্ধের অবসানের পর ইউরোপের নিরাপত্তা কাঠামো নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করতে প্রস্তুত রাশিয়া। তার দাবি, বর্তমান ইউরোপীয় নিরাপত্তাব্যবস্থা কার্যকর নয়। রাশিয়া ও যুক্তরাষ্ট্র নতুন একটি নিরাপত্তাকাঠামো প্রতিষ্ঠা করতে চায়। মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা ট্রাম্পের, সুযোগ দেখছেন পুতিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পর ট্রাম্পের রাজনৈতিক অবস্থান চাপে পড়েছে।
নিজের নেতৃত্ব ও দর-কষাকষির সক্ষমতা প্রমাণ করতে এখন ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোকে অগ্রাধিকার দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প তার নির্বাচনী প্রচারের সময় একাধিকবার বলেছিলেন, ক্ষমতায় ফিরলে ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারবেন। এখন মেয়াদ শেষ হওয়ার আগেই যুদ্ধ বন্ধ করে নিজের রাজনৈতিক উত্তরাধিকার শক্তিশালী করতে চাইতে পারেন তিনি।
মতামত দিন