জুলাই বিপ্লবে কারফিউ জারি করে বলপ্রয়োগের আদেশে স্বাক্ষর ছিল সচিব জাহাঙ্গীরের
জুলাই বিপ্লবের সময় কারফিউ জারি করে ছাত্র-জনতার ওপর সর্বোচ্চ বলপ্রয়োগের সিদ্ধান্তে তৎকালীন স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলমের স্বাক্ষর ছিল বলে ট্রাইব্যুনালে জানিয়েছে প্রসিকিউশন। প্রসিকিউটরের দাবি, তিনি দিনে সচিবের দায়িত্ব পালন করতেন এবং রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় কোর কমিটির বৈঠকে অংশ নিয়ে ছাত্র-জনতাকে হত্যার পরিকল্পনায় যুক্ত থাকতেন। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে জুলাই বিপ্লবে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানিতে প্রসিকিউটর আব্দুস সাত্তার পালোয়ান এসব কথা বলেন। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি হয়। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো.
মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। শুনানিতে প্রসিকিউটর পালোয়ান বলেন, সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটির অভিযোগে দুজনকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে ৫২ জন সাক্ষী জবানবন্দি দিয়েছেন এবং তথ্য-উপাত্ত হিসেবে ৯৩৬ পৃষ্ঠার প্রমাণ জমা দেওয়া হয়েছে। যথেষ্ট প্রমাণ রয়েছে উল্লেখ করে তিনি প্রাইমা ফেসি বিবেচনায় দুই আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানান। এরপর জাহাংগীর আলমের পক্ষে শুনানি করেন আইনজীবী মো.
মজিবুর রহমান। তিনি তার মক্কেলকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানান। শুনানির সময় আসামি জাহাংগীর আলম ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। উভয় পক্ষের শুনানি শেষে এ বিষয়ে আদেশের জন্য আগামী ২ ডিসেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এর আগে গত ২৫ অক্টোবর আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির জন্য ১৭ নভেম্বর দিন ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল।
একই সঙ্গে পলাতক আসামি ধনঞ্জয় কুমার দাসের পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগের আদেশ দেওয়া হয়। নির্ধারিত দিনে শুনানি না হওয়ায় বুধবার নতুন দিন ধার্য করা হয় এবং এদিন রাষ্ট্রপক্ষ তাদের শুনানি শেষ করে। গত ২৭ আগস্ট দুই আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয় এবং সেদিনই ট্রাইব্যুনাল-২ তা আমলে নেন।
মতামত দিন