প্রতিবেশী দেশকে অস্থিতিশীল করে নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না ইসরাইল: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেশী দেশগুলোকে হুমকি দেওয়া কিংবা অস্থিতিশীল করে ইসরাইল নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি বলেছেন, আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট ক

প্রতিবেশী দেশগুলোকে হুমকি দেওয়া কিংবা অস্থিতিশীল করে ইসরাইল নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি বলেছেন, আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করে কোনো দেশের দীর্ঘমেয়াদি নিরাপত্তা প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই প্রতিবেশীদের ক্ষতিগ্রস্ত করার নীতি থেকে ইসরাইলকে সরে আসতে হবে। মঙ্গলবার তুরস্কের রাজধানী আঙ্কারায় সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল-শাইবানির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ফিদান।

তিনি অভিযোগ করেন, সিরিয়াসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ইসরাইল এখনো অস্থিতিশীলতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এ ধরনের তৎপরতা আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে এবং স্থিতিশীল নিরাপত্তাব্যবস্থা প্রতিষ্ঠার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে। ফিদান বলেন, ‘প্রতিবেশীদের ক্ষতিগ্রস্ত করে নিরাপত্তা পাওয়া যাবে না—ইসরাইলকে বিষয়টি বুঝতে হবে। এ ধরনের নীতি থেকে তাদের সরে আসা প্রয়োজন।’ তিনি আরো বলেন, কোনো রাষ্ট্রের নিরাপত্তা তার প্রতিবেশী দেশগুলোকে অস্থিতিশীল করার ভিত্তিতে প্রতিষ্ঠিত হতে পারে না।

স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে হলে আঞ্চলিক দেশগুলোর নিরাপত্তা ও স্থিতিশীলতার বিষয়টিও বিবেচনায় নিতে হবে। সংবাদ সম্মেলনে দক্ষিণ সিরিয়ায় ইসরাইলের সামরিক হামলা বন্ধেরও আহ্বান জানান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে সিরিয়া ও ইসরাইলের মধ্যে ১৯৭৪ সালে স্বাক্ষরিত ‘ডিসএনগেজমেন্ট অব ফোর্সেস অ্যাগ্রিমেন্ট’ বা সেনা প্রত্যাহার ও বিচ্ছিন্নকরণ চুক্তির ভিত্তিতে নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার পরামর্শ দেন তিনি। ১৯৭৩ সালের আরব-ইসরাইল যুদ্ধের পর দুই দেশের সেনাবাহিনীর মধ্যে দূরত্ব বজায় রাখা এবং সংঘাত এড়ানোর লক্ষ্যে ওই চুক্তি হয়েছিল।

এর আওতায় সিরিয়া ও ইসরাইলি বাহিনীর মধ্যে একটি বাফার জোন বা নিরপেক্ষ অঞ্চল প্রতিষ্ঠা করা হয়। জাতিসংঘের ডিসএনগেজমেন্ট অবজারভার ফোর্স (ইউএনডিওএফ) ওই অঞ্চল পর্যবেক্ষণের দায়িত্ব পালন করে। ফিদানের বক্তব্যে সিরিয়ার নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে তুরস্কের উদ্বেগের বিষয়টি উঠে এসেছে। তার মতে, প্রতিবেশী রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে উপেক্ষা করে কোনো আঞ্চলিক নিরাপত্তাকাঠামো টেকসই করা সম্ভব নয়।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗