বিশেষ সম্মাননা পেলেন শচীন টেন্ডুলকার

ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি শচীন টেন্ডুলকারের বর্ণাঢ্য ক্যারিয়ারকে স্থায়ীভাবে স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ)। তার ক্রিকেটজীবনের স্মৃতি নিয়ে মুম্বাইয়ের শ

ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি শচীন টেন্ডুলকারের বর্ণাঢ্য ক্যারিয়ারকে স্থায়ীভাবে স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ)। তার ক্রিকেটজীবনের স্মৃতি নিয়ে মুম্বাইয়ের শরদ পাওয়ার ক্রিকেট জাদুঘরে উদ্বোধন করা হয়েছে ‘ব্যাটোগ্রাফি’ নামে বিশেষ প্রদর্শনী। এই আয়োজনে পরিবারের সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন সাবেক ভারতীয় অধিনায়ক শচীন। সোমবার প্রদর্শনীটির উদ্বোধন করা হয়।

এতে শচীনের ক্যারিয়ারের বিভিন্ন সময়ের ২৫টি ব্যাট স্থান পেয়েছে। শৈশবে উপহার পাওয়া প্রথম ব্যাট থেকে শুরু করে আন্তর্জাতিক ক্রিকেটে শততম সেঞ্চুরি করার সময় ব্যবহৃত ব্যাটটিও রাখা হয়েছে সেখানে। এমসিএ সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে উদ্বোধনী অনুষ্ঠানের একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে প্রদর্শনীটিকে বর্ণনা করা হয়েছে—মুম্বাইয়ের এক কিশোরের বিশ্বজুড়ে গর্বের প্রতীকে পরিণত হওয়ার যাত্রার প্রতি শ্রদ্ধা হিসেবে।

অনুষ্ঠানে শচীন টেন্ডুলকারের পাশাপাশি উপস্থিত ছিলেন এমসিএ সভাপতি অজিঙ্কা নায়েক, অতিথি ও গণমাধ্যমকর্মীরা। এ সময় প্রদর্শনীতে রাখা ব্যাটগুলো ঘুরে দেখেন শচীন এবং সেগুলোর সঙ্গে ছবি তোলেন। বিশেষ এই আয়োজনে শচীনের পাশে ছিলেন তার পরিবারের সদস্যরাও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্ত্রী অঞ্জলি টেন্ডুলকার, ছেলে অর্জুন টেন্ডুলকার ও মেয়ে সারা টেন্ডুলকার।

অর্জুনের স্ত্রী সানিয়া চান্দোকও অনুষ্ঠানে যোগ দেন। পরিবারের সদস্যদের সঙ্গে নিজের ক্রিকেটজীবনের স্মৃতিবিজড়িত এই আয়োজন উপভোগ করেন শচীন। ‘ব্যাটোগ্রাফি’ প্রদর্শনীর মাধ্যমে শচীনের দীর্ঘ ক্রিকেটযাত্রার গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো এক জায়গায় তুলে ধরেছে এমসিএ। ক্রিকেটপ্রেমীদের জন্য এটি যেমন কিংবদন্তি এই ক্রিকেটারের ক্যারিয়ারকে কাছ থেকে জানার সুযোগ, তেমনি নতুন প্রজন্মের জন্য তার অর্জন ও অবদানের স্মারক হয়ে থাকবে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗