NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
ওয়েলিংটন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের জায়গা করতে হলে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে (NZ vs IND) এই সিরিজ় জয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যে এক বড় ধাপ নিল ভারত। বেসিন রিজার্ভে চার দিনের লড়াই শেষে ম্যাচের রাশ ভারতের হাতেই। আপাতত দ্বিতীয় ইনিংসে কিউয়িদের স্কোর দুই উইকেটে ১১৯ রান। ভারত এখনও ২৩৩ রানে এগিয়ে রয়েছে। এদিন অংশুল কম্বোজ এবং ঋষভ পন্থ ভারতের হয়ে দিনের শুরুটা করেন। কম্বোজ নাইট ওয়াচম্যান হিসাবে গতকাল মাঠে নামলেও, তিনি ব্যাট হাতে যে যথেষ্ট সাবলীল, তা আজ সকালে নিজের স্ট্রোক প্লেতে প্রমাণ করেন। দ্রুত গতিতে কেরিয়ারের প্রথম অর্ধশতরানের পথে এগিয়ে যাচ্ছিলেন। তবে ৩৮ রানে তাঁর ইনিংস থামান গ্লেন ফিলিপ্স। কিন্তু পন্থ নিজের ইনিংস চালিয়ে যান। পরপর বলে ছক্কা, চার মেরে নিজের শতরান পূরণ করেন।
প্রথম ভারতীয় কিপার ব্যাটার হিসাবে সকল SENA দেশে সেঞ্চুরির ইতিহাস গড়েন তিনি। পন্থকে যোগ্য সঙ্গ দেন জুরেল। দুইজনে মিলে দ্রুত গতিতে রান তুলতে থাকেন। তবে লাঞ্চের আগে ইনিংসের শেষ বলে পন্থ ১২৮ রানের ইনিংস খেলে আউট হন। প্রথম সেশনে পাঁচের অধিক রান প্রতি ওভারে প্রায় ১৫০ রান যোগ করে ভারত। এরপরে দ্বিতীয় সেশনেও সেই রান রেট ধরে রাখার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন জুরেল। মাত্র ৬১ বলে হাফসেঞ্চুরি পূরণ করেন তিনি। সুন্দরের সঙ্গে মিলে অর্ধশতরানের পার্টনারশিপও গড়েন। ভারতই প্রথম দল হিসাবে টেস্টের ইতিহাসে প্রথম সাত উইকেটের প্রতিটিতে অর্ধশতরানের পার্টনারশিপ গড়ে। জুরেলের পাশাপাশি ওয়াশিংটনের পর আকাশদীপ নেমেও ব্যাট চালান। তবে দুইজনেই স্পিনারদের শিকার হন।
তবে জুরেল থামেননি তিনি ভারতের স্কোর সাতশো পার করান। তবে দুর্ভাগ্যবশত বড় শট মারতে গিয়ে ৭৮ রানে জুরেল আউট হতেই ভারতের ইনিংস ঘোষণা করে দেওয়া হয়। নিউজ়িল্যান্ডের মাটিতে সর্বকালের সর্বোচ্চ ৭২০ রান তোল টিম ইন্ডিয়া। গ্লেন ফিলিপ্স ব্যাট হাতে সেঞ্চুরির পর বলে তিন উইকেট নিয়ে দলেরক সফলতম বোলার। রাচিন রবীন্দ্রও দুই উইকেট নেন। প্রথম ইনিংস শেষে ৩৫২ রানের লিড নিতে সক্ষম হয়েছে ভারত। এরপরে কিউয়িরা ব্যাটে নেমে শুরুতেই ধাক্কা খায়। ফের একবার প্রথম ইনিংসের মতোই দ্বিতীয় ইনিংসেও প্রথম ওভারের দ্বিতীয় বলে খাতা খোলার আগেই টম লাথামকে সাজঘরে ফেরান যশপ্রীত বুমরা। প্রথম ইনিংসে শতরান হাঁকানো হেনরি নিকোলস এবং ডেভন কনওয়ে এরপরে কিউয়িদের ইনিংস সামলান। তবে নিকোলসকে ফিরিয়ে ভারতকে বড় সাফল্য এনে দেন প্রসিদ্ধ কৃষ্ণ। এরপরে অবশ্য আর কোনও উইকেট হারায়নি নিউজ়িল্যান্ড।
দিনশেষে কিউয়ির স্কোর দুই উইকেটের বিনিময়ে ১১৯ রান। ডেভন কনওয়ে আপাতত ৫৯ রানে অপরাজিত রয়েছেন। রাচিন রবীন্দ্রর সংগ্রহ ২৭ রান। আপাতত ২৩৩ রানে পিছিয়ে রয়েছে কিউয়িরা। ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ - rishavr@abpnetwork.com
মতামত দিন