এআই দিয়ে পরীক্ষায় নকলের ঘটনায় দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগ
ভবিষ্যতের যুদ্ধ আর কেবল সেনাবাহিনীর মুখোমুখি লড়াই, ট্যাংক কিংবা প্রচলিত সামরিক সরঞ্জামের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। সাইবার হামলা, অর্থনৈতিক চাপ, সামাজিক যোগাযোগমাধ্যমে মনস্তাত্ত্বিক প্রচারণা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), স্বয়ংক্রিয় অস্ত্র, উন্নত ক্ষেপণাস্ত্র ও সামরিক ড্রোনই হয়ে উঠবে যুদ্ধের প্রধান হাতিয়ার। এসব প্রযুক্তির দ্রুত বিকাশ যুদ্ধকে আরো জটিল, প্রাণঘাতী এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকিপূর্ণ করে তুলছে। ‘ফিউচার ওয়ারস’ শীর্ষক নিবন্ধে এসব বিষয় তুলে ধরা হয়েছে। গত বছর ভারত-পাকিস্তানের চার দিনের সামরিক সংঘাত এবং চলতি বছরের যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ আধুনিক যুদ্ধের পরিবর্তিত চিত্র সামনে এনেছে। হাজার বছরের প্রচলিত যুদ্ধের ধারণা এখন দ্রুত বদলে যাচ্ছে। একসময় যুদ্ধের মূল শক্তি ছিল বিপুলসংখ্যক সেনাসদস্য, সাঁজোয়া যান ও নির্দিষ্ট সামরিক বিন্যাস। কিন্তু আধুনিক যুদ্ধ এখন বহুমাত্রিক।
একটি রাষ্ট্র সামরিক শক্তির পাশাপাশি অর্থনীতি, প্রযুক্তি, সাইবার সক্ষমতা, তথ্যপ্রবাহ ও সাংস্কৃতিক প্রভাবকেও প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যবহার করছে। আধুনিক যুদ্ধের অন্যতম বৈশিষ্ট্য হয়ে উঠেছে উন্নত ক্ষেপণাস্ত্র ও সশস্ত্র ড্রোন। এসব অস্ত্রের মাধ্যমে দূরপাল্লায় নির্ভুল হামলা এবং দ্রুত পাল্টা জবাব দেওয়ার সক্ষমতা তৈরি হয়েছে। গত বছরের ভারত-পাকিস্তান সংঘাতে পাকিস্তান দৃষ্টিসীমার বাইরে অবস্থানরত কয়েকটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করতে ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল। চলতি বছরের যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধেও উভয় পক্ষ প্রচলিত মুখোমুখি লড়াইয়ের পরিবর্তে ইনফ্রারেড সেন্সর ও স্যাটেলাইট যোগাযোগনির্ভর ক্ষেপণাস্ত্রের ওপর বেশি নির্ভর করেছে। এ ছাড়া গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি ও নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার জন্য উন্নত রোবটিক ব্যবস্থার ব্যবহার বাড়ছে। ড্রোন ও রোবটিক কুকুর যুদ্ধক্ষেত্রে তাৎক্ষণিক তথ্য সরবরাহ করতে পারে। মাইন অপসারণ, আটক ব্যক্তিদের অবস্থান শনাক্ত করা এবং ঝুঁকিপূর্ণ সামরিক কাজে এসব প্রযুক্তি ব্যবহার করা সম্ভব হচ্ছে।
মানববিহীন আকাশযানে এআইনির্ভর প্রযুক্তি যুক্ত হওয়ায় সেগুলো নিজেরাই সংগৃহীত তথ্য বিশ্লেষণ করতে পারছে। নির্দিষ্ট লক্ষ্যবস্তু শনাক্ত ও অনুসরণ করার পর ‘লোইটারিং মিউনিশন’ বা লক্ষ্যবস্তুর আশপাশে ঘোরাফেরা করে সুযোগমতো আঘাত হানতে সক্ষম অস্ত্র এবং আত্মঘাতী ড্রোনের মাধ্যমে হামলাও চালানো সম্ভব হচ্ছে। একইভাবে, মানববিহীন স্থলযান ব্যবহার করে সেনাদের জীবনের ঝুঁকি ছাড়াই অস্ত্র, গোলাবারুদ ও প্রয়োজনীয় সরঞ্জাম পরিবহন করা যাচ্ছে। সমন্বিতভাবে হামলা চালানোর জন্য ড্রোনের ঝাঁক বা ‘ড্রোন সোয়ার্ম’ প্রযুক্তিও তৈরি হচ্ছে। ভবিষ্যতে সামরিক অভিযানে মানুষের মতো দেখতে রোবট বা হিউম্যানয়েড রোবট ব্যবহারের সম্ভাবনাও দেখা যাচ্ছে। আধুনিক যুদ্ধের প্রযুক্তিগত পরিসরে কোয়ান্টাম কম্পিউটিং এবং নতুন প্রজন্মের ব্যাটারিও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কোয়ান্টাম কম্পিউটিং প্রচলিত কম্পিউটারের তুলনায় জটিল সমস্যার সমাধান অনেক দ্রুত করতে পারে। সংঘাতের সময় নিরাপদ তথ্য আদান-প্রদানের ক্ষেত্রেও এ প্রযুক্তি ভূমিকা রাখতে পারে।
অন্যদিকে, নতুন ধরনের কাঠামোগত ব্যাটারি দীর্ঘ সময় শক্তি সংরক্ষণে সক্ষম হওয়ায় সামরিক সরঞ্জামের কার্যক্ষমতা বাড়াতে পারে। তবে এসব প্রযুক্তির বিস্তারে বড় ধরনের নৈতিক ও আইনি প্রশ্ন তৈরি হচ্ছে। ভবিষ্যতের যুদ্ধ ক্রমেই মানুষের সরাসরি অংশগ্রহণ ও নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। স্বয়ংক্রিয় অস্ত্র পরিস্থিতির প্রেক্ষাপট বুঝতে কিংবা মানবিক বিবেচনায় সিদ্ধান্ত নিতে সক্ষম নয়। ফলে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন, যুদ্ধাপরাধ এবং বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতির ঝুঁকি বাড়তে পারে। এসব ঘটনায় দায় কার, তা নির্ধারণ করাও কঠিন হয়ে উঠবে।
মতামত দিন