দ্রুত বাড়ছে মুসলিম জনসংখ্যা, বিশ্বের বৃহত্তম ধর্ম হতে যাচ্ছে ইসলাম

বিশ্বে মুসলিম জনসংখ্যা দ্রুত বাড়ছে। বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে আগামী দিনে ইসলাম বিশ্বের বৃহত্তম ধর্মে পরিণত হতে পারে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের এক গবেষণা প্রতিবেদ

বিশ্বে মুসলিম জনসংখ্যা দ্রুত বাড়ছে। বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে আগামী দিনে ইসলাম বিশ্বের বৃহত্তম ধর্মে পরিণত হতে পারে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের এক গবেষণা প্রতিবেদনে এ পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) আলজাজিরার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত বিশ্বের ২০১টি দেশ ও অঞ্চলের ধর্মীয় জনসংখ্যার পরিবর্তন বিশ্লেষণ করে এ গবেষণা করা হয়েছে। পিউ রিসার্চের তথ্যমতে, মুসলিম নারীদের সন্তান জন্মদানের গড় হার ৩ দশমিক ১, যা প্রধান ধর্মীয় গোষ্ঠীগুলোর মধ্যে সর্বোচ্চ।

অন্যদিকে খ্রিষ্টান নারীদের ক্ষেত্রে এ হার ২ দশমিক ৫। জনসংখ্যা স্থিতিশীল রাখতে সাধারণত নারীপ্রতি ২ দশমিক ১ সন্তান জন্মদানের হার প্রয়োজন। গবেষণায় বলা হয়েছে, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধির মাধ্যমে বিশ্বে মুসলিম জনসংখ্যা প্রায় ১৬০ কোটি বাড়তে পারে। একই সময়ে খ্রিষ্টান জনসংখ্যা বাড়তে পারে প্রায় ৭৯ কোটি ২০ লাখ। ধর্মান্তরের ক্ষেত্রেও মুসলিম ও খ্রিষ্টান জনগোষ্ঠীর মধ্যে পার্থক্য রয়েছে।

গবেষণা অনুযায়ী, ধর্মত্যাগ ও ধর্মান্তরের সম্মিলিত হিসাবে ইসলাম থেকে প্রায় ৮০ লাখ মানুষের নিট হ্রাসের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে খ্রিষ্টধর্মে এ সংখ্যা হতে পারে প্রায় ১০ কোটি ৫০ লাখ। দেশভিত্তিক পূর্বাভাসে বলা হয়েছে, পাকিস্তানের মুসলিম জনসংখ্যা ২০২০ সালের ২২ কোটি ৭০ লাখ থেকে বেড়ে ২০৭০ সালে ৪৬ কোটি ১০ লাখে পৌঁছাতে পারে। এর ফলে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে পাকিস্তান বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশে পরিণত হতে পারে। গবেষণায় আরও বলা হয়েছে, ২০২০ সালে বিশ্বের ৫৩টি দেশে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ ছিলেন।

২০৭০ সালের মধ্যে এসব দেশে আরও প্রায় ১২০ কোটি মুসলিম যুক্ত হতে পারেন। তবে পিউ রিসার্চ সতর্ক করেছে, এসব পরিসংখ্যান সম্ভাব্য জনসংখ্যাগত পরিবর্তনের পূর্বাভাস। যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ, আর্থসামাজিক পরিস্থিতি ও ধর্মীয় পরিচয়ের পরিবর্তনের মতো বিভিন্ন বিষয় ভবিষ্যতের বাস্তব চিত্র বদলে দিতে পারে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: বিডি২৪লাইভ বাংলা ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗