অ্যাপেক সম্মেলনের ফাঁকে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, শি ও পুতিন
চীনে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার শীর্ষ নেতাদের বৃহস্পতিবারের বৈঠককে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য বড় ধরনের কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে, এই বৈঠকে বিশ্বের বিভিন্ন অঞ্চলে প্রভাব বিস্তার নিয়ে নিজের অবস্থান তুলে ধরার সুযোগ পাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার তিন দেশের শীর্ষ নেতাদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এই প্রথম বিশ্বের এই তিন দেশের নেতা আনুষ্ঠানিকভাবে একসঙ্গে বৈঠকে বসছেন।
এর আগে বুধবার চীনে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিমানবন্দরে তাকে স্বাগত জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এ সময় দু'জন একে অপরকে আলিঙ্গন করেন। এই বৈঠককে আন্তর্জাতিক অঙ্গনে নিজের ক্ষমতা ও প্রভাব তুলে ধরার একটি সুযোগ হিসেবেও দেখছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিংও।
আলোচনায় ইউক্রেন ও ইরানের যুদ্ধ, পারমাণবিক অস্ত্রের বিস্তার, বাণিজ্য নিয়ে উত্তেজনা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সাম্প্রতিক অগ্রগতির মতো বিষয়গুলো উঠে আসার কথা রয়েছে। চীনের শেনজেনে অ্যাপেক সম্মেলনের মূল অধিবেশনে বক্তব্য দিয়েছেন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের প্রেসিডেন্টরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কয়েকশ বছর ধরেই যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি প্রভাবশালী শক্তি। এই অঞ্চলের প্রবৃদ্ধি, স্থিতিশীলতা, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় দেশটি কাজ করে যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও সন্তোষ প্রকাশ করেন ট্রাম্প। তার দাবি, দেশটি এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি সমৃদ্ধ হচ্ছে।
মতামত দিন