শেনজেন বৈঠক থেকে কী চান ট্রাম্প, পুতিন ও জিনপিং
চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে আজ বৃহস্পতিবার বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশ্বের সামরিক শক্তিধর তিন দেশের নেতাদের মধ্যে এটিই প্রথম ত্রিপক্ষীয় বৈঠক। এ বৈঠক ঘিরে আন্তর্জাতিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে ইরান যুদ্ধ, ইউক্রেন সংকট, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ এবং বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থা (এপেক) সম্মেলনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ১৮ ও ১৯ নভেম্বর শেনজেনে এ সম্মেলনের আয়োজন করেছে চীন। বৈঠকটিকে ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের সঙ্গে তুলনা করছেন কেউ কেউ।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে ওই সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের নেতারা যুদ্ধ-পরবর্তী বিশ্বব্যবস্থা নিয়ে সমঝোতায় পৌঁছেছিলেন। তবে এবারের বৈঠকে অংশ নেওয়া তিন নেতার লক্ষ্য ও স্বার্থ এক নয়। ফলে বড় কোনো সিদ্ধান্ত বা সমঝোতার সম্ভাবনা কম বলে মনে করছেন বিশ্লেষকেরা। ইউনিভার্সিটি কলেজ ডাবলিনের আন্তর্জাতিক রাজনীতির অধ্যাপক স্কট লুকাস আলজাজিরাকে বলেন, ‘এটি ট্রাম্পের আত্মতুষ্টি, পুতিনের কৌশল এবং চীনের দীর্ঘমেয়াদি পরিকল্পনার সম্মেলন।’ লন্ডনের কিংস কলেজের ওয়ার স্টাডিজ বিভাগের পররাষ্ট্রনীতি ও বৃহৎ কৌশলবিষয়ক শিক্ষক ভুক ভুকসানোভিচ অবশ্য বৈঠকটিকে নতুন কোনো ইয়াল্টা সম্মেলন হিসেবে দেখার বিষয়ে সতর্ক করেছেন। তার মতে, ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনে যুদ্ধ-পরবর্তী বিশ্ব কেমন হবে এবং পরাশক্তিগুলোর মধ্যে প্রভাববলয় কীভাবে ভাগ হবে, সে বিষয়ে একটি স্পষ্ট ধারণা ছিল। কিন্তু বর্তমান বৈঠকে তেমন কোনো পরিকল্পনা বা সমঝোতার আভাস নেই। ১৯৪৫ সালের ফেব্রুয়ারিতে ক্রিমিয়ায় অনুষ্ঠিত ইয়াল্টা সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং সোভিয়েত নেতা জোসেফ স্টালিন অংশ নেন।
ওই সম্মেলনে জার্মানির বিভাজন নিয়ে সমঝোতা হয়। একই সঙ্গে পূর্ব ইউরোপে সোভিয়েত ইউনিয়নের প্রভাব বিস্তারের পথ তৈরি হয়। তিন নেতার বৈঠকের পেছনে রয়েছে একাধিক জটিল সমীকরণ। বিশেষ করে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য বিরোধ, ইউক্রেন যুদ্ধ এবং রাশিয়া-চীনের ক্রমবর্ধমান সম্পর্ক বৈঠকের গুরুত্ব বাড়িয়েছে। ট্রাম্প বুধবার শেনজেনে পৌঁছালে বিমানবন্দরে তাকে স্বাগত জানান শি জিনপিং। গত বছরের শেষ দিকে দুই দেশ বাণিজ্যযুদ্ধ স্থগিত করার পর এটি তাঁদের তৃতীয় সরাসরি বৈঠক। বাণিজ্যযুদ্ধের একপর্যায়ে চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কের হার ১৪৫ শতাংশে পৌঁছেছিল।
পাল্টা ব্যবস্থা হিসেবে মার্কিন পণ্যে ১২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল চীন। ২০২৫ সালের অক্টোবরে দক্ষিণ কোরিয়ার বুসানে দুই দেশ সাময়িক সমঝোতায় পৌঁছায়। এর ফলে শুল্ক কমানো হয়। একই সঙ্গে স্মার্টফোন থেকে যুদ্ধবিমান তৈরিতে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কিছু বিরল খনিজের রপ্তানিতে নতুন বিধিনিষেধ আরোপের পরিকল্পনা স্থগিত করতে সম্মত হয় চীন। এর পরপরই চীনে এনভিডিয়ার কৃত্রিম বুদ্ধিমত্তাসংশ্লিষ্ট কিছু কম্পিউটার চিপ বিক্রির ওপর বিধিনিষেধ শিথিল করে যুক্তরাষ্ট্র।
মতামত দিন