বিষাক্ত বাতাসে শীর্ষে ঢাকা
ঢাকা: শীতের আগমনী বার্তার সঙ্গে সঙ্গে আবারও চরম বিপর্যয়ের মুখে পড়েছে রাজধানী ঢাকার বাতাস। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান নির্ধারণ সংস্থা আইকিউএয়ারের বাতাসের মানসূচক বা একিউআই অনুযায়ী, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টায় ২১৪ স্কোর নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ঢাকা। বাতাসের এই মানকে জনস্বাস্থ্যের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষ তিনটি অবস্থানেই রয়েছে দক্ষিণ এশিয়ার শহরগুলো। আইকিউএয়ারের তথ্যমতে, ২৫৫ স্কোর নিয়ে তালিকার প্রথম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর।
দ্বিতীয় অবস্থানে থাকা ঢাকার ঠিক পরেই ২১৩ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আফগানিস্তানের রাজধানী কাবুল। এ ছাড়া ১৯৪ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ইরাকের বাগদাদ। মানদণ্ড অনুযায়ী, কোনো শহরের বাতাসের স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে তা ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে গণ্য হয়, যা শিশু, বৃদ্ধ ও শ্বাসকষ্টজনিত রোগীদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। ঢাকার বাতাসের এই ভয়াবহ অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশবিদরা। তাদের মতে, শুষ্ক মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বাতাসে ধূলিকণা ও ক্ষতিকর গ্যাসের পরিমাণ আশঙ্কাজনক হারে বেড়ে যায়।
অপরিকল্পিত নগরায়ণ, মেগা প্রকল্প ও ভবন নির্মাণের কাজ খোলা অবস্থায় পরিচালনা করা, ইটভাটার কালো ধোঁয়া এবং ফিটনেসবিহীন যানবাহনের নির্গত ধোঁয়া ঢাকার বাতাসকে বিষাক্ত করে তুলছে। সেই সঙ্গে বর্জ্য পোড়ানো এবং সবুজায়ন ও জলাশয় কমে যাওয়ায় বাতাস প্রাকৃতিকভাবে পরিশোধিত হতে পারছে না। দীর্ঘমেয়াদে এই দূষিত বাতাসে শ্বাস নেওয়ার ফলে ফুসফুসের রোগ, হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বহুগুণ বেড়ে যাচ্ছে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। পরিবেশবিদদের মতে, এই ভয়াবহ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সমন্বিত ও কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। নির্মাণকাজের সময় ধুলাবালি নিয়ন্ত্রণে নিয়মিত পানি ছিটানো এবং নির্মাণসামগ্রী ঢেকে রাখা বাধ্যতামূলক করতে হবে।
শহরের আশপাশের অবৈধ ও সনাতন পদ্ধতির ইটভাটাগুলো দ্রুত বন্ধ করে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করতে হবে। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ ও কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহন চলাচল বন্ধ করা, খোলা জায়গায় বর্জ্য পোড়ানো রোধ করা এবং শহরে ব্যাপকহারে বৃক্ষরোপণ ও জলাধার সংরক্ষণ করা গেলে ঢাকার বাতাসকে আবারও শ্বাস নেওয়ার উপযোগী করে তোলা সম্ভব।The post বিষাক্ত বাতাসে শীর্ষে ঢাকা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.
মতামত দিন