শীতে স্বাস্থ্যঝুঁকিতে প্রবীণ নারী, প্রয়োজন বাড়তি যত্ন
শীতের আগমনে প্রকৃতিতে যেমন পরিবর্তন আসে, তেমনি মানুষের শরীরেও দেখা দেয় নানা ধরনের পরিবর্তন। তাপমাত্রা কমে যাওয়া, বাতাসের আর্দ্রতা হ্রাস, শুষ্ক আবহাওয়া এবং সূর্যালোকের স্বল্পতা নারীর স্বাস্থ্যের ওপর বিভিন্নভাবে প্রভাব ফেলতে পারে। তবে সব বয়সের নারীর স্বাস্থ্যঝুঁকি এক রকম নয়। প্রবীণ নারীদের ক্ষেত্রে হাড় ও জয়েন্টের ব্যথা, হৃদরোগ, শ্বাসকষ্ট ও শারীরিক দুর্বলতার ঝুঁকি বেশি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। আমাদের সমাজে নারীরা পরিবার, সন্তান, কর্মক্ষেত্র ও সামাজিক দায়িত্ব পালনে ব্যস্ত থাকলেও নিজের স্বাস্থ্য নিয়ে অনেক সময় উদাসীন থাকেন। তবে বয়স ও শারীরিক অবস্থাভেদে শীতকালে প্রয়োজনীয় স্বাস্থ্যসচেতনতা এবং নিয়মিত পরিচর্যা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের রোগ প্রতিরোধক্ষমতা, পেশিশক্তি, হাড়ের ঘনত্ব এবং তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষমতায় পরিবর্তন আসে। বিশেষ করে ষাটোর্ধ্ব নারীদের মধ্যে বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগের উপস্থিতি থাকায় শীতকালে বাড়তি সতর্কতা প্রয়োজন। হাড় ক্ষয় ও অস্টিওপোরোসিস : মেনোপজের পর নারীদের শরীরে ইস্ট্রোজেন হরমোনের মাত্রা কমে যাওয়ায় হাড়ের ঘনত্ব হ্রাসের ঝুঁকি বাড়ে। ফলে অস্টিওপোরোসিস ও হাড় ভাঙার আশঙ্কা তৈরি হয়। ক্যালসিয়াম ও ভিটামিন ডি-সমৃদ্ধ খাবার, নিরাপদ শারীরিক পরিশ্রম এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী Bone Mineral Density (BMD) পরীক্ষা করা প্রয়োজন। হাঁটু ও জয়েন্টের ব্যথা : প্রবীণ নারীদের মধ্যে অস্টিওআর্থ্রাইটিস, কোমরব্যথা ও অন্যান্য জয়েন্টের সমস্যা বেশি দেখা যায়।
ঠান্ডায় ব্যথা ও শক্তভাব বেশি অনুভূত হতে পারে। শরীর উষ্ণ রাখা, নিয়মিত হালকা হাঁটা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যায়াম ও চিকিৎসা গ্রহণ করা উচিত। হৃদরোগ ও উচ্চ রক্তচাপ : শীতকালে রক্তনালি সংকুচিত হওয়ার কারণে রক্তচাপ বাড়তে পারে। যাদের আগে থেকেই উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা হৃদরোগ রয়েছে, তাদের বাড়তি সতর্কতা প্রয়োজন। নিয়মিত রক্তচাপ ও রক্তে শর্করা পরীক্ষা এবং নির্ধারিত ওষুধ গ্রহণ অব্যাহত রাখতে হবে। বুকব্যথা, শ্বাসকষ্ট বা হঠাৎ অতিরিক্ত ঘাম হলে জরুরি চিকিৎসা নিতে হবে।
নিউমোনিয়া ও শ্বাসকষ্ট : প্রবীণ নারীদের রোগ প্রতিরোধক্ষমতা তুলনামূলক কম থাকতে পারে। ফলে নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা ও অন্যান্য শ্বাসতন্ত্রের সংক্রমণ গুরুতর আকার ধারণ করতে পারে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনফ্লুয়েঞ্জা ও নিউমোকক্কাল টিকা নেওয়ার বিষয়ে আলোচনা করা উচিত। শরীরের তাপমাত্রা কমে যাওয়া : প্রবীণদের অনেক সময় ঠান্ডা অনুভব করার ক্ষমতা কমে যায়। ফলে শরীর অতিরিক্ত ঠান্ডা হয়ে Hypothermia বা বিপজ্জনকভাবে শরীরের তাপমাত্রা কমে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। উষ্ণ পোশাক, মোজা, প্রয়োজনীয় কম্বল এবং নিরাপদ ঘরোয়া পরিবেশ নিশ্চিত করতে হবে।
মতামত দিন