সিনেটে কোরআন হাতে শপথ নিলে মুসলিম প্রতিনিধিত্বের ইতিহাস পাবে নতুন মাত্রা

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হিসেবে নির্বাচিত আবদুল আল-সাইয়েদ আগামী জানুয়ারিতে পবিত্র কোরআন হাতে শপথ নিতে পারেন। তবে শপথ অনুষ্ঠানে কোন কোরআনটি ব্যবহার করবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত স

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হিসেবে নির্বাচিত আবদুল আল-সাইয়েদ আগামী জানুয়ারিতে পবিত্র কোরআন হাতে শপথ নিতে পারেন। তবে শপথ অনুষ্ঠানে কোন কোরআনটি ব্যবহার করবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি। বিবেচনায় রয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট থমাস জেফারসনের ব্যক্তিগত সংগ্রহে থাকা একটি কোরআন এবং মিশিগান বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত একটি প্রাচীন কোরআনের পাণ্ডুলিপি। সম্প্রতি এনপিআরের ‘নিউজমেকার্স’ অনুষ্ঠানে উপস্থাপক লেইলা ফাদেলের সঙ্গে সাক্ষাৎকারে নিজের পরিকল্পনার কথা জানান মিশিগান থেকে নির্বাচিত এই ডেমোক্র্যাট সিনেটর। সাক্ষাৎকারে আল-সাইয়েদ বলেন, তিনি সম্ভবত কোরআন হাতে শপথ নেবেন। তবে কোন কোরআনটি বেছে নেবেন, তা এখনো ঠিক হয়নি।

জেফারসনের সংগ্রহে থাকা কোরআনের পাশাপাশি মিশিগান বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত অঙ্গরাজ্যটির প্রাচীনতম কোরআনটির কথাও ভাবছেন তিনি। আল-সাইয়েদের বিবেচনায় থাকা থমাস জেফারসনের কোরআনটি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে বিশেষভাবে পরিচিত। ২০০৭ সালে দেশটির কংগ্রেসে প্রথম মুসলিম সদস্য হিসেবে নির্বাচিত কিথ এলিসন প্রতিনিধি পরিষদে শপথের আনুষ্ঠানিকতায় এই কোরআন ব্যবহার করেছিলেন। লাইব্রেরি অব কংগ্রেসের তথ্য অনুযায়ী, বইটি ছিল জর্জ সেলের অনূদিত কোরআনের ১৭৬৪ সালের দুই খণ্ডের ইংরেজি সংস্করণ। জেফারসন ১৮১৫ সালে নিজের ব্যক্তিগত গ্রন্থাগারের সঙ্গে বইটি কংগ্রেসের কাছে বিক্রি করেন। বর্তমানে এটি লাইব্রেরি অব কংগ্রেসের বিরল বই ও বিশেষ সংগ্রহ বিভাগে সংরক্ষিত রয়েছে।

২০০৭ সালের ৪ জানুয়ারি কিথ এলিসনের শপথ অনুষ্ঠানে বইটি ব্যবহার করা হয়। সে সময় প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাকে শপথবাক্য পাঠ করান। এলিসনের ওই উদ্যোগ যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ধর্মীয় বৈচিত্র্য ও মুসলিম প্রতিনিধিত্বের আলোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছিল। গত ৩ নভেম্বর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে মিশিগানের সিনেট আসনে রিপাবলিকান প্রার্থী ও সাবেক কংগ্রেস সদস্য মাইক রজার্সকে পরাজিত করেন আবদুল আল-সাইয়েদ। এর মধ্য দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের সিনেটে নির্বাচিত প্রথম মুসলিম হিসেবে ইতিহাস গড়েন। আগামী জানুয়ারিতে নতুন মেয়াদ শুরু হলে তিনি সিনেটে যোগ দেবেন।

৪২ বছর বয়সী আল-সাইয়েদ একজন চিকিৎসক, মহামারিবিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। মিশিগানের সাবেক জনস্বাস্থ্য কর্মকর্তা হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। তার বাবা-মা মিসর থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী হয়েছিলেন। এনপিআরের সাক্ষাৎকারে কোরআন হাতে শপথ নেওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, যে বই হাতে রাখা হবে, সেটি মূলত শপথের প্রতীকী অংশ। তার ভাষায়, আনুগত্যের শপথ বইটির প্রতি নয়, বরং যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রতি।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗