South Dinajpur : তৃণমূল পঞ্চায়েত সদস্যদের সমর্থন, আরও একটি পঞ্চায়েত দখল বিজেপির
গঙ্গারামপুর : তৃণমূল পঞ্চায়েত সদস্যদের সমর্থনে গঙ্গারামপুরে পঞ্চায়েত দখল করল বিজেপি। গঙ্গারামপুরের জাহাঙ্গিরপুর পঞ্চায়েত দখল করে তারা। তৃণমূলের সদস্যদের সমর্থন নিয়ে প্রধান নির্বাচন ও বোর্ড গঠন করা হয়। পঞ্চায়েত ভোটে ২২টি আসনের মধ্যে ১৭টিতে তৃণমূল, ৫টিতে বিজেপি জয়লাভ করেছিল। সেইসময় তৃণমূলের সমর্থনে প্রধান নির্বাচিত হয়েছিলেন শর্মিলা রায়। পালাবদলের পর প্রধানের পদ থেকে পদত্যাগ করেন শর্মিলা রায়। প্রধানের পাশাপাশি ইস্তফা দেন আরও ৫ তৃণমূল সদস্য। রাজ্যে পালাবদল হয়েছে।
আর তার পরে জেলায় জেলায় পঞ্চায়েত স্তরেও যেন পরিবর্তনের ঢেউ। কিছুদিন আগেই হাওড়া ও হুগলি, দুই জেলাতেই একাধিক গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হয়েছে তৃণমূলের। আগে তৃণমূলের হাতে থাকা, অনেকগুলি গ্রাম পঞ্চায়েতই এখন বিজেপির দখলে । তৃণমূল সদস্যদের সমর্থন জোগাড় করেই বাঁকুড়া ১ নম্বর জগদল্লা পঞ্চায়েত দখল করে বিজেপি। ওড়ে গেরুয়া আবির। সামিল হন তৃণমূল সদস্যরাও। এরপর হয় 'শুদ্ধিকরণ'। অর্থাৎ পঞ্চায়েতের রাজনৈতিক রং বদলের পর গঙ্গাজল দিয়ে পঞ্চায়েত অফিস 'শুদ্ধ' করা হয়।
নবনির্বাচিত প্রধান হন শ্যামলী চেল এবং উপপ্রধান হন উত্তম মহাদানি। তাঁদের চেয়ারে বসান বিজেপির জেলা নেতৃত্ব। গত পঞ্চায়েত নির্বাচনে জগদল্লা-২ গ্রাম পঞ্চায়েতের মোট ১৩টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছিল ৮টি আসন। পঞ্চায়েতে বিজেপি প্রার্থীরা জেতেন ৪ টি আসনে, সিপিএম প্রার্থী জেতেন ১ টি আসনে। তারপর তৃণমূলের নেতৃত্বেই চলছিল পঞ্চায়েত। এরপর রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ছবিটা বদলে যায়। ৩ জুলাই ওই গ্রাম পঞ্চায়েতে অনাস্থা প্রস্তাব আনে বিজেপি। অনাস্থা ভোটে বিজেপিকে সমর্থন করে তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের বিক্ষুব্ধ অংশ।
১৭ সদস্যের ওই গ্রাম পঞ্চায়েতে ৯টি ভোট পেয়ে বিজেপি তৃণমূলের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেয়। অনাস্থা ভোটে তৃণমূলের বিক্ষুব্ধ পঞ্চায়েত সদস্যরা সমর্থন নিয়ে ভোটে জেতে বিজেপি। বড়জোড়া ব্লকের মালিয়াড়া গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করে তারা। তার আগে পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভার তমলুক ব্লকের নীলকুণ্ঠা গ্রাম পঞ্চায়েতের দখল নেয় বিজেপি। সেখানেও তৃণমূল পঞ্চায়েত সদস্যদের সমর্থনেই নতুন প্রধান নির্বাচিত হন বিজেপির কার্তিক জানা। সেখানেও ওড়ে গেরুয়া আবির। গত অগাস্টেই তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করে গেরুয়া শিবির। রাজনৈতিক পালাবদলের পর তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের গ্রাম প্রধান অথবা উপপ্রধান পঞ্চায়েতে আসা বন্ধ করে দেয়।
মতামত দিন