কপ সম্মেলন ঘিরে বিশ্বরাজনীতিতে প্রভাব বাড়ানোর চেষ্টা তুরস্কের

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের ভূমিকা আরো জোরালো করতে চাইছে তুরস্ক। দেশটির লক্ষ্য, কেবল নতুন নতুন প্রতিশ্রুতি আদায় নয়, বরং আগের জলবায়ু সম্মেলনগুলোতে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের ভূমিকা আরো জোরালো করতে চাইছে তুরস্ক। দেশটির লক্ষ্য, কেবল নতুন নতুন প্রতিশ্রুতি আদায় নয়, বরং আগের জলবায়ু সম্মেলনগুলোতে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নে বিশ্বনেতাদের কার্যকর পদক্ষেপে উৎসাহিত করা। একই সঙ্গে জলবায়ু দায়বদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষার বিষয়গুলোকে বৈশ্বিক আলোচনার কেন্দ্রে নিয়ে আসতে চায় আংকারা। তুরস্কের আনাতোলিয়ায় ৯ থেকে ২০ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা, জলবায়ু বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, ব্যবসায়ী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নিয়েছেন। এবারের সম্মেলন ঘিরে তুরস্ক শুধু আয়োজক দেশের ভূমিকা পালন করছে না; বরং আন্তর্জাতিক রাজনীতিতে নিজেদের অবস্থান ও প্রভাব বাড়ানোর একটি সুযোগ হিসেবেও দেখছে।

কপ৩১-এর সভাপতিত্বের মাধ্যমে বৈশ্বিক জলবায়ু আলোচনায় কার্যকর ভূমিকা রাখতে চায় আংকারা। সম্মেলনে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের ১৯৬টি সদস্যদেশ এবং ইউরোপীয় ইউনিয়ন অংশ নিয়েছে। ৯৫টি দেশের ১০২ জন রাষ্ট্রনেতা ও জ্যেষ্ঠ প্রতিনিধি এবং সাতটি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও এতে যোগ দিয়েছেন। জলবায়ু অর্থায়ন, ন্যায়সংগত জ্বালানি রূপান্তর, জলবায়ু অভিযোজন, কার্বন নিঃসরণ কমানো, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি সীমিত রাখা, জলবায়ু সহনশীল নগর গড়ে তোলা, পরিচ্ছন্ন জ্বালানি ও টেকসই পরিবহন ব্যবস্থার প্রসার এবারের সম্মেলনের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। পাশাপাশি নতুন প্রযুক্তি, বর্জ্যহীন ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব শিল্পের বিকাশেও গুরুত্ব দেওয়া হচ্ছে। তুরস্ক এবারের সম্মেলনকে ‘ইমপ্লিমেন্টেশন কপ’ বা বাস্তবায়নের সম্মেলন হিসেবে তুলে ধরছে।

দেশটির লক্ষ্য, আগের জলবায়ু সম্মেলনগুলোতে নেওয়া সিদ্ধান্ত ও প্রতিশ্রুতিগুলো বাস্তবে কার্যকর করা। নতুন প্রতিশ্রুতির চেয়ে বিদ্যমান লক্ষ্য পূরণে অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দিচ্ছে আঙ্কারা। অংশগ্রহণের দিক থেকেও এবারের সম্মেলন আগের আয়োজনগুলোকে ছাড়িয়ে গেছে বলে বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে। প্রথম সপ্তাহেই উচ্চপর্যায়ের প্রতিনিধি ও আনুষ্ঠানিক আলোচনার জন্য নির্ধারিত ব্লু জোনে নিবন্ধিত অংশগ্রহণকারীর সংখ্যা ১ লাখ ২ হাজার ছাড়িয়েছে। অন্যদিকে, নাগরিক সমাজ, ব্যবসাপ্রতিষ্ঠান, আন্তর্জাতিক সংস্থা ও সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের জন্য রাখা গ্রিন জোনে ২ লাখ ১২ হাজারের বেশি মানুষ প্রবেশ করেছেন। ফলে অংশগ্রহণকারীর সংখ্যার বিচারে কপ৩১ নতুন রেকর্ড গড়তে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষক।

সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান জলবায়ু ও পরিবেশগত সংকটের পাশাপাশি গাজার পরিস্থিতিও আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরেছেন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে সঙ্গে নিয়ে তিনি একটি প্রতীকী জলপাইগাছ রোপণ করেন। এর মাধ্যমে গাজায় পরিবেশ ধ্বংস এবং বিশ্বশান্তির গুরুত্বের প্রতি দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন তিনি।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: দৈনিক আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗