দরকার মানবিক ও জনবান্ধব চিকিৎসাব্যবস্থা
বাংলাদেশের স্বাস্থ্য খাত কোনোদিন সাধারণ মানুষের জন্য সহজলভ্য, সাশ্রয়ী ও মানবিক হবে—এ বিশ্বাস দেশের মানুষ ধীরে ধীরে হারিয়ে ফেলছে। অসুস্থ হলে চিকিৎসা পাওয়ার নিশ্চয়তার বদলে আগে আসে খরচের ভয়, হাসপাতালের অব্যবস্থাপনা আর সেবা না পাওয়ার অনিশ্চয়তা। যাদের অর্থ ও পরিচিতি আছে, তাদের জন্য এক ব্যবস্থা; সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ ভিন্ন বাস্তবতা। অবশ্য দেশের স্বাস্থ্যব্যবস্থার মান ও সেবার উন্নতি হলো কি না, তা নিয়ে রাষ্ট্রক্ষমতায় যারা আসেন তাদের কিংবা সমাজের বিত্তবান ও প্রভাবশালীদের তেমন মাথাব্যথা আছে বলে মনে হয় না। কারণ প্রয়োজন হলে তারা বিদেশে গিয়ে চিকিৎসা করাতে পারেন। দেশের হাসপাতালের মেঝেতে শুয়ে থাকা অসহায় রোগীর যন্ত্রণা তাই তাদের স্পর্শ করে না। এ সংকটের বোঝা শেষ পর্যন্ত সাধারণ মানুষকেই বইতে হয়। সাম্প্রতিক হাম ও ডেঙ্গুর প্রাদুর্ভাব এই দুর্বলতাকে নির্মমভাবে উন্মোচন করেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে ২০২৬ সালের ১৫ মার্চ থেকে অক্টোবরের শেষ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মারা গেছে ১ হাজার ২৫০টির বেশি শিশু। ডেঙ্গুতে এ বছর প্রাণ গেছে ৪২০ জনের বেশি মানুষের, যা গত পুরো বছরের মৃত্যুর (৪১৩) চেয়েও বেশি। দুটি রোগে মৃত্যু ১ হাজার ৬৫০ ছাড়িয়েছে; অথচ হাম টিকায় প্রতিরোধযোগ্য। ডেঙ্গুও সময়মতো মশা নিয়ন্ত্রণ, রোগ শনাক্তকরণ ও সঠিক চিকিৎসায় অনেকাংশে নিয়ন্ত্রণযোগ্য। তাহলে এত মৃত্যুর দায় কার? সমস্যাটা কি অর্থের অভাবে, না জবাবদিহিতার অভাব ও অব্যবস্থাপনায়? এই মৃত্যু শুধু রোগের ভয়াবহতা নয়; এটি আমাদের প্রস্তুতি, প্রতিরোধ ও জবাবদিহিতার ব্যর্থতা। প্রশ্ন তাই একটাই—বাংলাদেশের চিকিৎসাব্যবস্থা কি কোনোদিন সত্যিকার অর্থে মানবিক ও জনবান্ধব হতে পারবে?
অবশ্যই পারে, কিন্তু শুধু চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান জানিয়ে নয়। এমন ব্যবস্থা গড়তে হবে, যেখানে রোগীকে সম্মান করা, সময়মতো চিকিৎসা দেওয়া এবং অপ্রয়োজনীয় ব্যয় থেকে রক্ষা করা কারো সদিচ্ছা নয়, প্রতিষ্ঠানের বাধ্যতামূলক দায়িত্ব। অর্থের সংকট বাস্তব। বিশ্বব্যাংকের হিসাবে দেশের মোট স্বাস্থ্যব্যয়ের প্রায় ৭৯ শতাংশ সরাসরি জনগণের পকেট থেকে আসে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে চিকিৎসাব্যয়ের কারণে প্রায় ৪১ দশমিক ৭ শতাংশ মানুষ আর্থিক সংকটে পড়ে। অসুখ মানে তাই অনেক পরিবারের জন্য জমি বিক্রি, ঋণ, নয়তো অসমাপ্ত চিকিৎসা। যে রাষ্ট্রে অসুখ পরিবারকে নিঃস্ব করে, সেই ব্যবস্থাকে জনবান্ধব বলা যায় না। কিন্তু শুধু অর্থ বাড়ালেই সমাধান হবে না।
ব্যবস্থাপনার ব্যর্থতা সমান গভীর। ২০২৪–২৫ সালে টিকাদানে বিঘ্ন, সরবরাহ-সংকট ও দুর্বল তদারকিতে বহু শিশু সুরক্ষা থেকে বাদ পড়ে। বিশেষজ্ঞদের মতে, এটিই বর্তমান হাম-সংকটের অন্যতম কারণ। ডেঙ্গুতেও মৌসুম এলে অভিযান শুরু হয়, অথচ দরকার বছরব্যাপী পরিকল্পনা। ইউনিয়ন ও উপজেলায় চিকিৎসক, পরীক্ষা ও ওষুধ না থাকায় সবাই ছোটে বড় শহরে। ফলে মেডিকেল কলেজ হাসপাতাল ভেঙে পড়ে। সাম্প্রতিক সংকটে কোনো কোনো হাসপাতালে ধারণক্ষমতার প্রায় দ্বিগুণ রোগী ভর্তি হওয়ার এবং শিশুদেরও মেঝেতে রেখে চিকিৎসা দেওয়ার খবর এসেছে।
মতামত দিন