লন্ডনে আ.লীগের সহিংসতা: বাংলাদেশিদের বিতাড়নের দাবি ব্রিটিশ এমপির
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার ঘটনা নিয়ে সরব হয়েছেন দেশটির কট্টর ও ডানপন্থি রাজনীতিবিদেরা। এ ঘটনায় ব্রিটিশ সংসদ সদস্য রুপার্ট লো ও রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজসহ অভিবাসনবিরোধীরা সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার ভিডিও ছড়িয়ে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন। তাদের কেউ কেউ সহিংসতায় জড়িত বিদেশি নাগরিক ও বাংলাদেশিদের যুক্তরাজ্য থেকে বিতাড়নের দাবিও তুলেছেন।
স্থানীয় সময় গত সোমবার (১৬ নভেম্বর) রাতে পূর্ব লন্ডনের চ্যাডওয়েল হিথ এলাকায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নাগরিক সংবর্ধনা শেষে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা চালায়। পরদিন মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে ওই হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব ভিডিওতে রাতের আঁধারে লন্ডনের আবাসিক এলাকার সড়কে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা, দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও মারামারির দৃশ্য দেখা যায়।
যোগাযোগমাধ্যম ফেসবুকে অভিবাসনবিরোধী দল রিস্টোর ব্রিটেনের নেতা ও সংসদ সদস্য রুপার্ট লো হামলার ভিডিও শেয়ার করে সেখানে তিনি লেখেন, ‘রমফোর্ডের রাস্তায় বাংলাদেশিরা অন্য বাংলাদেশিদের সঙ্গে মারামারিতে জড়িয়েছেন। রিস্টোর ব্রিটেন সরকার গঠন করলে এদের সবাইকে বিতাড়ন করবে।’ তিনি লেখেন, ‘রমফোর্ডের রাস্তায় এনসিপি ও তাদের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মধ্যে কোনো এক অর্থহীন রাজনৈতিক বিরোধ নিয়ে বাংলাদেশিরা মারামারি করছে। এসবের মানে আসলে কী, তা আমি বুঝি না, আর বুঝতেও চাই না।’ তিনি আরও লেখেন, ‘সত্যি বলতে, এই বাংলাদেশিদের নিয়ে আমার বিন্দুমাত্র মাথাব্যথা নেই।
এমনকি বাংলাদেশ নিয়েও আমার কোনো আগ্রহ নেই।’ পোস্টের শেষের দিকে তিনি সংশ্লিষ্ট বাংলাদেশিদের নিজ দেশে ফেরত পাঠানোর দাবি জানান। আরেক পোস্টে রুপার্ট লো লেখেন, ‘রিস্টোর ব্রিটেন সরকার গঠন করলে এদের সবাইকে দেশ থেকে বের করে দেয়া হবে।’ এছাড়া এনসিপির নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের হামলার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যুক্তরাজ্যের অভিবাসনবিরোধী দল রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজ। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘গত রাতে রমফোর্ডের রাস্তায় বাংলাদেশিদের উচ্ছৃঙ্খল দলগুলো এমন এক রাজনৈতিক বিরোধ নিয়ে মারামারি করছিল, যার সঙ্গে আমাদের কোনো সম্পর্কই নেই।’
মতামত দিন