‘দেশের হয়ে খেললে বিশ্বাসটা রাখতেই হবে’, সাফ ফাইনালে পাক-বধে আবেগী কল্যাণীর সন্দীপ মান্ডি
সদ্য তখন শেষ হয়েছে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল। তেরঙ্গা নিয়ে আনন্দে মেতে সুহেল ভাট-সহ গোটা ভারতীয় দল। কিন্তু যে দিনটায় বাংলাদেশের বুকে সাফ ফাইনালে খেলতে নেমেছিল ভারত, ঠিক সেই দিনটাতেই ভারতীয় দল ফিফার ক্রমপর্যায়ে আরও ৩ ধাপ পিছিয়ে ১৩৮ থেকে ১৪১ হয়ে যায়। পাকিস্তান সেখানে ফিফা ক্রমতালিকায় ১৯৭। ফলে সেভাবে তুলনা করাই যায় না। কিন্তু সাফে ভারত খেলেছে দ্বিতীয় সারির দল নিয়ে। তার উপর পাকিস্তান দলে বেশ কয়েকজন ইউরোপিয়ান লিগে খেলা ফুটবলার। কিন্তু স্নায়ুর যুদ্ধে জিতে শেষ মুহূর্তে বঙ্গতনয় সন্দীপ মাণ্ডির গোলে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এমন জয়ে আবেগাপ্লুত কল্যাণীর সন্দীপ। কী বলছেন তিনি? যে সন্দীপ মান্ডিকে আগের দু’টো ম্যাচে ডিফেন্সে নড়বড়ে লাগছিল, সেই বঙ্গসন্তান কল্যাণীর সন্দীপ ওভারল্যাপে এসে পাকিস্তানের জাল কাঁপিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে মোট দশবার সাফ কাপ চ্যাম্পিয়ন হল ভারত। তারমধ্যে টানা তিনবার। পাশাপাশি একবারও সাফ জিততে না পারার হতাশার অন্ধকারে ফের তলিয়ে গেল। ম্যাচের পর সাংবাদিকদের তিনি বলেন, “অসাধারণ অনুভূতি!
ফাইনালের মতো মঞ্চে দেশের হয়ে গোল করাটা তো আলাদা অনুভূতি হবেই।” সেই সময় মাথায় কী চলছিল? সন্দীপের জবাব, “মনে হচ্ছিল, সেটাই শেষ মুহূর্তে শেষ সুযোগ। পাকিস্তান সেই সময় ১০ জনে খুব ভালো অ্যাটাক করছিল। মাথায় এটাই চলছিল, সেটপিস থেকে আমাদের গোল কনভার্ট করতে হবে।” ছবি এআইএফএফ। এই দুই দেশ যখন মুখোমুখি হয়, তখন খেলার বাইরেও দু’দেশের ফুটবলারদেরই স্নায়ুর চাপ মারাত্মক পর্যায়ে চলে যায়। সেখানে আবার শুরুতে পাকিস্তানের আলমগির গাজির গোলে পিছিয়ে পড়ে ভারত। তার আগেই পাকিস্তানের আবদুল্লা ৬ গজের বক্সের ভিতর থেকে সহজ গোল নষ্ট করে ফেলেন। তবে ভারতীয় গোলকিপার আর্শ আনোয়ার শেখ পরিস্থিতি সহজেই সামলে নেন। এই সময়টায় নিশ্চিত করে বলা সম্ভব ছিল না, কী হতে পারে। কারণ, সমানতালে পাকিস্তানের ফুটবলাররাও আক্রমণ করছেন। একবার মিডল থার্ড থেকে আসা থ্রু ধরে পাকিস্তানের ডিফেন্সে ঢুকে পড়েছিলেন বিষ্ণু। কিন্তু বডি অ্যাডভান্টেজে বিষ্ণুকে আটকে দেন পাকিস্তান ডিফেন্ডাররা। আর তারপরেই ডাইং মোমেন্টে আলমগিরের গোল। এমন একটা সময়েও হাল ছাড়েনি ভারত। সন্দীপের কথায়, “যখন দেশের হয়ে খেলছ, তখন তোমাকে সেই বিশ্বাসটা রাখতেই হবে।
এক গোল খাও বা দু’গোল, কামব্যাক করার বিশ্বাসটা রাখতেই হবে।” উল্লেখ্য, ভারতের জয়সূচক গোল আসে ৮৮ মিনিটে। কর্নার থেকে হেডার দিয়ে অনবদ্য গোল করলেন বাংলার ছেলে সন্দীপ মান্ডি। ফুটবলের প্রতি তাঁর ভালোবাসার বীজ বোনা হয়েছিল পরিবারেই। বাবা সুন্দর মান্ডি ছিলেন ফুটবলার। রেলওয়ের হয়ে খেলার পাশাপাশি প্রতিনিধিত্ব করেছেন সন্তোষ ট্রফিতেও। পরিবারের অন্য সদস্যদের মধ্যেও ছিল ফুটবলের প্রতি টান। ছোটবেলায় স্থানীয় মাঠে বড়দের খেলা দেখতে যেতেন সন্দীপ। পরে তাঁদের সঙ্গেই শুরু করেন ফুটবল খেলা। মাত্র ১৩ বছর বয়সে ফুটবলকে পেশা করার লক্ষ্যে প্রশিক্ষণ নিতে শুরু করেন তিনি। সুন্দর মান্ডি ভারতীয় রেলের সঙ্গে যুক্ত থাকায় পরিবারের ঠিকানা ছিল কল্যাণী। মা সরলা এবং বোন বরাবর পাশে থেকেছেন সন্দীপের। কল্যাণী মিউনিসিপ্যাল ফুটবল অ্যাকাডেমিতে শুরু হয় সন্দীপের ফুটবলার হয়ে ওঠার পর্ব। সেখান থেকে বাংলার জুনিয়র দল, তার পর ভারতীয় অনূর্ধ্ব-১৪ এবং অনূর্ধ্ব-১৬ শিবিরে সুযোগ। ২০১৮ সালে যোগ দেন টাটা ফুটবল অ্যাকাডেমিতে। সেখানেই নিজেকে আরও পরিণত করে তোলেন এই ডিফেন্ডার।
ছবি এআইএফএফ। সন্দীপের পেশাদার ফুটবলের দরজা খুলে যায় জামশেদপুর এফসির হাত ধরে। প্রথমে রিজার্ভ দল, ২০২০ সালের জানুয়ারিতে সিনিয়র দলে সুযোগ। মাত্র ১৭ বছর বয়সে আইএসএলে প্রথমবার প্রথম একাদশে জায়গা করে নেন তিনি। পরবর্তী সময়ে জামশেদপুরের পাশাপাশি মহামেডান স্পোর্টিং, ইন্টার কাশী এবং ডায়মন্ড হারবার এফসির হয়েও খেলেছেন সন্দীপ। চলতি বছর যোগ দেন ইস্টবেঙ্গলে। ডিফেন্ডার হিসাবে সুনাম কুড়িয়েছেন। জাতীয় দলের জার্সিতে তাঁর একটি হেডই ঐতিহাসিক। তাঁর গোলেই যে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তান-বধ করেছে ভারত। সেই সন্দীপও বলছেন, পিছিয়ে পড়লেও ফিরে আসার বিশ্বাসটা ছিল। হয়তো এটাই ২৪ বছর বয়সি ফুটবলারের ইউএসপি। বহুদিন পরে জাতীয় দলের হয়ে বাংলার ছেলে সন্দীপ মান্ডি এতটা সাফল্য পেলেন। ফাইনালে ম্যাচের সেরাও তিনিই হন।
মতামত দিন