অসুস্থ স্বাস্থ্যমন্ত্রীকে দেখতে হাসপাতালে যাননি প্রতিমন্ত্রী
হৃদযন্ত্রে দুটি রিং (স্টেন্ট) বসানোর পর হাসপাতাল ছেড়ে বাসায় ফিরেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। গতকাল মঙ্গলবার দুপুরে তিনি মিন্টো রোডের বাসভবনে ফেরেন। এর আগে ১৪ নভেম্বর থেকে তিনি রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন থাকার সময় সরকারের বিভিন্ন মন্ত্রী ও দায়িত্বশীল ব্যক্তি তাকে দেখতে গেলেও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত হাসপাতালে যাননি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, স্বাস্থ্যমন্ত্রীর অসুস্থতা নিয়ে সংসদেও প্রতিমন্ত্রীর পক্ষ থেকে কোনো বক্তব্য আসেনি। তার এই অনুপস্থিতি রাজনৈতিক ও সংশ্লিষ্ট মহলে আলোচনার জন্ম দিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, ১৪ নভেম্বর সকালে বুকে ব্যথা অনুভব করায় স্বাস্থ্যমন্ত্রীকে কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়। এনজিওগ্রামে তার হৃদযন্ত্রের তিনটি স্থানে ব্লক শনাক্ত হয়। চিকিৎসকদের পরামর্শে পরদিন ১৫ নভেম্বর বিকেলে দুটি ব্লকে রিং বসানো হয় এবং বাকি ব্লকটির চিকিৎসা করা হয় বেলুন এনজিওপ্লাস্টির মাধ্যমে। অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে একদল চিকিৎসক সফলভাবে এই চিকিৎসা সম্পন্ন করেন। বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও স্বাস্থ্যমন্ত্রী দেশেই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন। দেশের চিকিৎসকদের প্রতি আস্থা রেখে নেওয়া তার এই সিদ্ধান্ত বিভিন্ন গণমাধ্যমেও আলোচিত হয়। মন্ত্রীর অসুস্থতার খবর জানাজানি হলে ড্যাবের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নেন।
সরকারদলীয় একাধিক মন্ত্রী ও সংসদ সদস্যও তাকে দেখতে যান। সংশ্লিষ্ট সূত্র জানায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুই সচিব, অধিদপ্তরের মহাপরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও হাসপাতালে গিয়ে তার অবস্থার খবর নেন। জানা গেছে, প্রধানমন্ত্রীর নির্দেশে তার সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)সহ একটি প্রতিনিধিদল হাসপাতালে গিয়ে স্বাস্থ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নেয়। এ ছাড়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. ফরহাদ হালিম ডোনার, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (স্বাস্থ্য) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা.
হারুন আল রশিদ ও সহসভাপতি অধ্যাপক ডা. আবুল কেনানসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন তাকে দেখতে হাসপাতালে যান। সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান হাসপাতালে ফুল পাঠিয়ে স্বাস্থ্যমন্ত্রীর প্রতি শুভকামনা ও সহমর্মিতা জানান।
মতামত দিন