আওয়ামী সন্ত্রাসের প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ
দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ককটেল বিস্ফোরণ, অগ্নিসন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে কয়েক জায়গায় বিক্ষোভ মিছিল-সমাবেশ হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মানববন্ধন কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের সাদা দল ও শিক্ষকেরা। একই দিন গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা ও ঘরবাড়িতে আগুন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। রংপুরে বিক্ষোভ মিছিল করে মহানগর স্বেচ্ছাসেবক দল।
গতকাল ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক অংশ নেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন ভাস্কর্য বিভাগের অধ্যাপক কাউসার টগর। সঞ্চালনা করেন ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) অধ্যাপক মহিউদ্দিন আহমেদ।
এ সময় তারা দেশে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা, শিক্ষাঙ্গনের নিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত ঐক্য অটুট রেখে ফ্যাসিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক লুৎফর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতার আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে গড়ে তোলার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী। এখানে কোনো একক দলের শাসন নয়, বরং সব দল ও মতের মানুষের অংশগ্রহণে বাংলাদেশকে একটি ‘রেইনবো কান্ট্রি’ হিসেবে গড়ে তুলতে চান তিনি।
তিনি বলেন, দেশ যখন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট সরকারের সমর্থকগোষ্ঠী এবং নিষিদ্ধ সংগঠনগুলো আবারও দেশকে অস্থিতিশীল ও উত্তপ্ত করার ষড়যন্ত্র করছে। সাম্প্রতিক পরিস্থিতিতে সরকারের সহনশীলতা ও সহিংসতা এড়িয়ে চলার পদক্ষেপের প্রশংসা করেন তিনি। তবে সরকারের এই ধৈর্যের সুযোগ নিয়ে এমন পরিস্থিতি তৈরি করা উচিত নয়, যাতে জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তিনি আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া জনগণ ও বর্তমান সরকার এ ধরনের অস্থিতিশীলতা সৃষ্টিকারী কর্মকাণ্ড কখনোই মেনে নেবে না।
মতামত দিন