ডুয়েটে চালু হলো গ্লোবাল ল্যাঙ্গুয়েজ সেন্টার, গুরুত্ব পাচ্ছে চীনা ভাষা
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট), গাজীপুরে বুধবার সেন্টার ফর গ্লোবাল ল্যাঙ্গুয়েজেস এবং অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। উদ্বোধন উপলক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) ব্যবস্থাপনায় শহিদ আবু সাঈদ প্রশাসনিক ভবনের সেমিনার কক্ষে ‘চাইনিজ ল্যাঙ্গুয়েজ ফর গ্লোবাল কমিউনিকেশন: সিগনিফিক্যান্স অ্যান্ড অপরচুনিটিজ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী রুমা।
বৈশ্বিক যোগাযোগে চীনা ভাষার গুরুত্ব এবং এ ভাষা জানার মাধ্যমে সৃষ্ট সুযোগ নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়াং হুই। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেন। সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল বিশ্ববিদ্যালয়গুলোতে তৃতীয় ভাষা শিক্ষাদানের সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে এ উদ্যোগ বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখার জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকেও (ইউজিসি) ধন্যবাদ জানান তিনি। উপাচার্য বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল রূপান্তর ও চতুর্থ শিল্পবিপ্লবের প্রভাবে প্রযুক্তি এবং বৈশ্বিক কর্মবাজার অভূতপূর্ব গতিতে পরিবর্তিত হচ্ছে।
এই বাস্তবতায় বর্তমান ও আগামী প্রজন্মকে মাতৃভাষা এবং ইংরেজির পাশাপাশি বৈশ্বিকভাবে গুরুত্বপূর্ণ অন্যান্য ভাষায় দক্ষ করে গড়ে তোলা এখন সময়ের অপরিহার্য দাবি। বিদেশি ভাষায় দক্ষতা জনশক্তি রপ্তানির সম্ভাবনা বাড়াবে, কর্মবাজারকে বহুমুখী করবে এবং বৈশ্বিক ভ্যালু চেইনে বাংলাদেশের অংশগ্রহণ সুদৃঢ় করে দেশের সামগ্রিক অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বাংলাদেশের সঙ্গে চীনের ক্রমবর্ধমান সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রেক্ষিতে বর্তমানে অপরিহার্য হয়ে ওঠা চীনা ভাষা শিক্ষা এক্ষেত্রে অন্যতম নিয়ামক হতে পারে।” তিনি জানান, প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ডুয়েটই প্রথম তৃতীয় ভাষা শিক্ষাদানের জন্য সেন্টার ফর গ্লোবাল ল্যাঙ্গুয়েজেস চালু করতে সক্ষম হয়েছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে ডুয়েটের পরিচিতি সম্প্রসারণ, অংশগ্রহণ, গ্রহণযোগ্যতা বৃদ্ধি ও র্যাঙ্কিং উন্নয়নে সেন্টার ফর গ্লোবাল ল্যাঙ্গুয়েজেস এবং অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ভূমিকা রাখবে। পাশাপাশি শিক্ষক ও কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণের সুযোগও সৃষ্টি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী রুমা বলেন, “বর্তমান বিশ্বে জ্ঞান, প্রযুক্তি ও অর্থনীতির ক্রমক্ষয়িষ্ণু সীমানার প্রেক্ষিতে একজন প্রকৌশলী ও প্রযুক্তিবিদের জন্য কারিগরি দক্ষতার পাশাপাশি ভাষাগত দক্ষতা ও আন্তঃসাংস্কৃতিক যোগাযোগের সক্ষমতা অপরিহার্য।
চীনের সঙ্গে অবকাঠামো, উৎপাদন, তথ্যপ্রযুক্তি ও নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে বাংলাদেশের সম্পর্ক ক্রমশ বিস্তৃত হচ্ছে। এ প্রেক্ষাপটে আজকের এই উদ্যোগ আন্তর্জাতিক পরিমণ্ডলে ডুয়েটের সুনাম বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।” বাংলাদেশিদের জন্য চীনা ভাষা শিক্ষার গুরুত্ব তুলে ধরে ড. ইয়াং হুই বলেন, “চীনা ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, এটি সভ্যতার বাহক ও উন্নয়নের চালিকাশক্তি। জাতিসংঘের ছয়টি সরকারি ভাষার একটি এই ভাষা চার হাজার বছরেরও বেশি পুরোনো সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক। বৈশ্বিক গুরুত্বের প্রেক্ষিতে বাংলাদেশে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়েও চীনা ভাষা শিক্ষা চালু আছে। চীনা ভাষা শেখা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনের ৩ হাজারের বেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ও বৈশ্বিক কর্মবাজারে নতুন সুযোগের দরজা খুলে দেবে।”
মতামত দিন