সাইবার আইনে নাগরিককে নয়, ক্ষমতাসীন দলকে সুরক্ষা দেওয়া হচ্ছে: নুর খান লিটন

সাইবার আইনে নাগরিকের পরিবর্তে ক্ষমতাসীন রাজনৈতিক দল ও সরকারকে সুরক্ষা দেওয়া হচ্ছে বলে মনে করেন প্রবীণ মানবাধিকারকর্মী ও সাবেক জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নুর খান লিটন। তিনি বলেন, এই আইন (সাইবা

সাইবার আইনে নাগরিকের পরিবর্তে ক্ষমতাসীন রাজনৈতিক দল ও সরকারকে সুরক্ষা দেওয়া হচ্ছে বলে মনে করেন প্রবীণ মানবাধিকারকর্মী ও সাবেক জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নুর খান লিটন। তিনি বলেন, এই আইন (সাইবার সুরক্ষা আইন) নিয়ে অনেক আলোচনা হয়েছে, কিন্তু নাগরিকের সুরক্ষা নিশ্চিত হচ্ছে না। বরং সুরক্ষা দেওয়া হচ্ছে ক্ষমতাসীন রাজনৈতিক দল ও তাদের সরকারকে। ক্ষমতাসীনদের কেউ যৌক্তিক সমালোচনা করলেও এই আইনের মাধ্যমে তার কী ধরনের খেসারত দিতে হয়েছে, তা বিগত শাসনামলে দেখা গেছে। বুধবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) আয়োজিত ‘মতপ্রকাশের স্বাধীনতা ও সাইবার সুরক্ষা: আইন, বাস্তবতা ও মানবাধিকার’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নুর খান লিটন আরও বলেন, এই আইনের মাধ্যমে ক্ষমতাসীন দল বা সরকারের যেকোনো যৌক্তিক সমালোচনাকেও অপরাধ হিসেবে গণ্য করে সমালোচক, সাংবাদিক ও সম্পাদকদের বিরুদ্ধে শতাধিক মামলা করা হয়েছিল। এসব মামলায় তাদের ভোগান্তির শিকার হতে হয়েছে এবং আদালতে আদালতে সময় ব্যয় করতে হয়েছে। তিনি বলেন, এইচআরএসএসের প্রতিবেদনে দেখা গেছে, প্রায় ৫৫ থেকে ৬০ শতাংশ ক্ষেত্রে ক্ষমতাসীন দলের নেতা-কর্মী এবং তাদের ঘনিষ্ঠ অনুসারীরা অধিকাংশ মামলা করেছেন। ক্ষমতাসীন ব্যক্তিদের চারপাশে থাকা কিছু মানুষের অন্য কাজ না থাকলেও একটি অর্থ উপার্জনের কাজ এবং আরেকটি হচ্ছে, কাকে ঘায়েল করলে ওই শক্তিধর মানুষটি খুশি হবেন, সেই চেষ্টা করা। সাইবার জগতে নাগরিকদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা এবং তাৎক্ষণিক আইনি সহায়তা প্রদানে এই আইন চরমভাবে ব্যর্থ বলে মনে করেন নুর খান লিটন।

তিনি বলেন, কোনো নাগরিকের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে এই আইন দিয়ে কী হবে? ব্যক্তিগত তথ্যের কারণে একজন নাগরিক সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। রাজনৈতিক ও অর্থনৈতিকভাবেও ক্ষতির শিকার হতে পারেন। তাই আইনের দুর্বলতার দিকগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। মানহানির বিষয়গুলোতে অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে প্রকৃত সাইবার অপরাধ থেকে সাধারণ নাগরিকদের রক্ষা করার মূল দায়িত্ব উপেক্ষিত থেকে যাচ্ছে বলেও মন্তব্য করেন এই প্রবীণ মানবাধিকারকর্মী।

তার মতে, আইনি সুরক্ষার সুবিধা কেবল নিবন্ধিত সংবাদমাধ্যমগুলোকে দেওয়ার ফলে সাধারণ নাগরিক ও মানবাধিকারকর্মীদের মধ্যে বৈষম্যমূলক বিভাজন সৃষ্টি হয়েছে। সঠিক বিচারিক প্রক্রিয়া অনুসরণ না করে শুধু নিবন্ধিত প্রতিষ্ঠানকে সুরক্ষা দেওয়ায় স্বাধীন প্রতিবেদন প্রস্তুতকারী ও মানবাধিকারকর্মীরা মারাত্মক ঝুঁকিতে পড়ছেন। এর ফলে সমাজ ও বিভিন্ন প্রতিষ্ঠানের ভেতরে সুযোগ-সুবিধার স্পষ্ট বিভাজন তৈরি হচ্ছে। নুর খান লিটন বলেন, একটি আইনের মূল লক্ষ্য হওয়া উচিত প্রভাবশালী ব্যক্তি বা বিশেষ কোনো গোষ্ঠীর পরিবর্তে সর্বস্তরের সাধারণ নাগরিকের জন্য সমান নিরাপত্তা নিশ্চিত করা। আইন প্রণয়নের উদ্দেশ্য যত ভালোই হোক না কেন, বাস্তব প্রয়োগে তা যদি সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করে এবং ক্ষমতার অপব্যবহার বাড়ায়, তবে সেই আইন কার্যকারিতা হারায়।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: দৈনিক আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗