যথেচ্ছ বিও হিসাবে শেয়ার কারসাজি
শেয়ারবাজারে বিনিয়োগ করতে হলে একজন বিনিয়োগকারীর জন্য বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব খোলা বাধ্যতামূলক। প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) বা সেকেন্ডারি বাজারে শেয়ার কেনাবেচা—কোনো ক্ষেত্রেই বিও হিসাব ছাড়া বিনিয়োগের সুযোগ নেই। অথচ একজন বিনিয়োগকারী সর্বোচ্চ কতটি বিও হিসাব খুলতে পারবেন, সে বিষয়ে ডিপোজিটরি পার্টিসিপেন্ট (ডিপি) সংখ্যা অনুযায়ী কোনো সীমা নির্ধারিত নেই। ফলে একজন ব্যক্তি একাধিক ডিপির মাধ্যমে একাধিক বিও হিসাব খুলতে পারেন। অধিকসংখ্যক বিও খোলার সুযোগ থাকাকেও কারসাজির অন্যতম কারণ হিসেবে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা। এ বিষয়ে বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান আমার দেশকে বলেন, অধিকসংখ্যক বিও হিসাব খোলার ক্ষেত্রে একটি শৃঙ্খলা থাকা প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সম্প্রতি শেয়ারবাজারে কারসাজির অভিযোগে আলোচিত বিনিয়োগকারী আবুল খায়ের হিরুর নামে ৩২টি বিও হিসাবের তথ্য সামনে এসেছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) প্রকাশিত আদেশের তফসিলেও তার নামে ৩২টি বিও হিসাবের উল্লেখ রয়েছে।
একই তফসিলে আরো কয়েকজনের নামে একাধিক বিও হিসাবের তথ্য রয়েছে। এর মধ্যে কাজী সাদিয়া হাসানের নামে ২৩টি, সায়াদুর রহমানের নামে ১১টি এবং কনিকা আফরোজের নামে ১০টি বিও হিসাবের উল্লেখ রয়েছে। একাধিক বিও হিসাব ব্যবহার করে আবুল খায়ের হিরুর বিরুদ্ধে শেয়ারবাজারে কারসাজির একাধিক প্রমাণ মিলেছে বিএসইসির তদন্তে। এর মধ্যে এনআরবিসি ব্যাংকের শেয়ার কারসাজির ঘটনায় তার নিজের নামে পাঁচটি বিও হিসাবের তথ্য পায় নিয়ন্ত্রক সংস্থা। এসব হিসাবের মধ্যে শেয়ার কেনাবেচা ও স্থানান্তরের মাধ্যমে কৃত্রিম লেনদেনের চিত্র তৈরির প্রমাণ পাওয়া যায়। একই ঘটনায় পরিবারের সদস্যদের বিও হিসাবও ব্যবহার করা হয়েছিল। অন্যদিকে ওয়ান ব্যাংকের শেয়ার কারসাজির ঘটনায় হিরু ও তার সহযোগীরা ১৪টি বিও হিসাব ব্যবহার করেন। শেয়ারবাজারে কারসাজির সঙ্গে জড়িত প্রায় প্রতিটি ঘটনায় একই ব্যক্তির একাধিক বিও হিসাবের সন্ধান পাওয়া গেছে। কারসাজির ঘটনায় হিরুর বিরুদ্ধে বিভিন্ন সময় অর্থদণ্ডারোপ করেছে বিএসইসি।
২০২৪ সালের ডিসেম্বরে চার কোম্পানির শেয়ার কারসাজির ঘটনায় আবুল খায়ের হিরুর বিরুদ্ধে প্রায় সাড়ে ৩২ কোটি টাকা জরিমানা করা হয়। পরে এশিয়া ইন্স্যুরেন্স, সোনালী পেপার ও ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজির ঘটনায়ও তাকে জরিমানা করা হয়েছে। তার পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও পৃথক অর্থদণ্ড দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, একই ব্যক্তি বা গোষ্ঠী নিজেদের নিয়ন্ত্রণাধীন একাধিক বিও হিসাবে কারসাজিচক্র কোম্পানির শেয়ার কেনাবেচা করে। নিজেদের হিসাবের মধ্যে ধারাবাহিক লেনদেনের মাধ্যমে (সিরিজ ট্রেডিং) শেয়ারের দর বৃদ্ধি ও কৃত্রিম চাহিদা তৈরি করা হয়। এতে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে শেয়ারটির প্রতি আগ্রহ তৈরি হয় এবং দাম বাড়তে পারে। পরে বাড়তি দামে শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নেওয়া হয়। কোনো কোনো ক্ষেত্রে একই মালিকানার বিভিন্ন বিও হিসাবের মধ্যে শেয়ার হাতবদল করা হয়, যাতে প্রকৃত মালিকানা পরিবর্তন না হলেও বাজারে লেনদেনের পরিমাণ বেড়ে যায়। এর মাধ্যমে কারসাজিচক্রের ফাঁদে পড়ে সাধারণ বিনিয়োগকারীরা তাদের পুঁজি হারান।
শেয়ারবাজারে কারসাজির ক্ষেত্রে একই বিনিয়োগকারীর অধিকসংখ্যক বিও খোলার সুযোগ অন্যতম কারণ বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) বিধানে এক বা একাধিক ডিপিতে বিও খোলার সুযোগ রয়েছে। ডিপোজিটরি (ব্যবহারিক) প্রবিধানমালা, ২০০৩-এর ২৬(১) বিধি অনুযায়ী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ছাড়া কোনো ব্যক্তি একই ডিপিতে একাধিক হিসাব খুলতে পারেন না। তবে তিনি অন্য ডিপিতে নতুন হিসাব খুলতে পারেন। এ বিষয়ে সিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক মোতালেব হোসেন আমার দেশকে বলেন, একজন বিনিয়োগকারী একাধিক ডিপিতে বিও হিসাব খুলতে পারেন। তবে একই ডিপিতে একাধিক হিসাব খোলার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। সব ডিপি মিলিয়ে একজন বিনিয়োগকারী কতটি বিও হিসাব খুলতে পারবেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সীমা নেই।
মতামত দিন