জলবায়ু চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলো জাতিসংঘ জলবায়ু সম্মেলন
তুরস্কে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে জীবাশ্ম জ্বালানি ও অর্থায়ন নিয়ে গভীর মতবিরোধের জের ধরে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নতুন করে বড় ধরনের একটি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে দেশগুলো। শুক্রবার আলোচনা শেষ হওয়ার কথা থাকলেও সমঝোতায় পৌঁছানোর চেষ্টায় তা রোববার পর্যন্ত গড়ায়। এর মধ্য দিয়ে ইতিহাসের দীর্ঘতম জাতিসংঘ জলবায়ু সম্মেলনে পরিণত হয় এবারের 'কপ৩১'।
তবে শেষ পর্যন্ত যে চুক্তি হয়েছে, তা ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলো এবং অন্যান্য দেশের কাছে গ্রহণযোগ্য হয়নি। কারণ বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ জীবাশ্ম জ্বালানির কথা চুক্তিতে সরাসরি উল্লেখ করা হয়নি। অন্যদিকে অনেক দরিদ্র দেশ আপত্তি জানিয়েছে যে, ক্রমবর্ধমান তাপমাত্রার প্রভাব মোকাবিলায় তাদের সহায়তার জন্য ধনী দেশগুলোর পক্ষ থেকে এতে কোনো সুনির্দিষ্ট আর্থিক প্রতিশ্রুতি নেই।
সবশেষ ২০০৯ সালে কোপেনহেগেন সম্মেলনেও এবারের মতো মূল রাজনৈতিক সমঝোতা এভাবে ভেস্তে গিয়েছিল। মহাসচিব হিসেবে নিজের শেষ কপ সম্মেলন নিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন যে, তিনি 'গভীরভাবে হতাশ'। তিনি 'প্রভাবশালী জীবাশ্ম জ্বালানি স্বার্থসংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর' সমালোচনা করে বলেন, তারা 'বিগ টোব্যাকোর কৌশল অনুসরণ করছে: বিজ্ঞানের তথ্য বিকৃত করছে, নীতিগত সিদ্ধান্ত বিলম্বিত করছে, পদক্ষেপ আটকে দিচ্ছে এবং বিপুল মুনাফা পকেটে ভরছে এবং সারা বিশ্বের মানুষ এর মূল্য দিচ্ছে'।
সম্মেলনের যৌথ আয়োজক দেশ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ব্যর্থতার জন্য 'কঠিন ভূরাজনৈতিক সময়কে' দায়ী করেছেন।
মতামত দিন