নতুন অর্গানোগ্রাম কার্যকর হয়নি, এভসেক চলছে প্রেষণে
বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাপনায় দীর্ঘ ৯ বছরেও নিজস্ব দক্ষ জনবল দাঁড় করাতে পারেনি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটি (এভসেক) চলছে প্রেষণে। প্রায় ৯ বছর ধরে শাহজালালের এভসেক বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন সামরিক বাহিনীর কর্মকর্তা এবং বিভিন্ন বাহিনী থেকে সাময়িক সংযুক্ত জনবল। এতে বেবিচকের নিজস্ব কর্মকর্তাদের পদোন্নতি, অভিজ্ঞতা অর্জন ও নেতৃত্ব বিকাশের সুযোগ সংকুচিত হচ্ছে। বাধাগ্রস্ত হচ্ছে এভসেকের নিজস্ব দক্ষ জনবল তৈরির প্রক্রিয়াও। এছাড়া সাময়িক সংযুক্ত কর্মকর্তাদের ঘনঘন বদলি, পৃথক প্রশাসনিক ব্যবস্থা এবং একাধিক সংস্থার সমান্তরাল কার্যক্রমের কারণে কমান্ড কাঠামোর সমন্বয় নিয়েও প্রশ্ন উঠেছে।
নতুন অর্গানোগ্রাম কার্যকর হয়নি, প্রশিক্ষিত জনবলের ৩৫ শতাংশই সাময়িক সংযুক্ত। আন্তর্জাতিক বিমান চলাচলের নিরাপত্তা জোরদার করতে ২০১৬ সালের দিকে বিমান বাহিনী, পুলিশ, আনসার এবং বেবিচকের নিজস্ব নিরাপত্তাকর্মীদের সমন্বয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের বিমানবন্দরগুলোতে বিশেষায়িত এভসেক ইউনিট পুরোদমে কার্যক্রম শুরু করে। পরবর্তীকালে বেসামরিক বিমান চলাচল আইন, ২০১৭ প্রণয়নের মাধ্যমে এভিয়েশন সিকিউরিটি সংক্রান্ত নীতিমালা বাস্তবায়ন ও তদারকির পূর্ণাঙ্গ আইনি ক্ষমতা বেবিচককে দেওয়া হয়। বিশেষজ্ঞদের মতে, বিমানবন্দরের নিরাপত্তায় বিমানবাহিনীসহ বিভিন্ন বাহিনীর সহযোগিতা গুরুত্বপূর্ণ। তবে এ সহযোগিতার পাশাপাশি বেবিচকের নিজস্ব এভসেক বিভাগকে স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তোলা জরুরি। দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িক জনবল নির্ভরতার পরিবর্তে দক্ষ, স্থায়ী ও পেশাদার বেসামরিক জনবল কাঠামো প্রয়োজন।
সূত্র জানায়, জাতীয় নিরাপত্তা, সন্ত্রাসবাদ মোকাবিলা ও জরুরি পরিস্থিতিতে বিমানবন্দরে বিভিন্ন বাহিনীর সমন্বিত ভূমিকা গুরুত্বপূর্ন। কিন্তু দীর্ঘ মেয়াদি নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য বেবিচকের নিজস্ব দক্ষ ও প্রশিক্ষিত জনবল তৈরি করা জরুরি। এমন পরিস্থিতিতে বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থার সার্বিক উন্নয়ন এবং সুনির্দিষ্ট সুপারিশ প্রণয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে গত ১৩ অক্টোবর উচ্চপর্যায়ের কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ। সব বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাপনায় একক নিরাপত্তা ইউনিট গঠনের জন্য বিদ্যমান আইন, বিধিমালা, প্রজ্ঞাপন, সার্কুলার ও আইকাও কনভেশনের নির্দেশনাগুলো পর্যলোচনা করে সমন্বিত আইনগত কাঠামো প্রস্তুত করতে এটি গঠন করা হয়। এই কমিটির প্রথম সভা হয় গত ৫ নভেম্বর। এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম আমার দেশকে বলেন, বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাপনায় সামরিক বাহিনীর সহযোগিতা গুরুত্বপূর্ণ।
তবে দীর্ঘমেয়াদে কোনো প্রতিষ্ঠানের নিজস্ব সক্ষমতা ও দক্ষ জনবল গড়ে তোলার বিকল্প নেই। এভসেকের দায়িত্ব পালনে বেবিচকের নিজস্ব কর্মকর্তাদের প্রশিক্ষণ, অভিজ্ঞতা ও নেতৃত্ব বিকাশের সুযোগ নিশ্চিত করতে হবে। সাময়িকভাবে সংযুক্ত জনবলের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা থাকলে প্রাতিষ্ঠানিক ধারাবাহিকতা ব্যাহত হতে পারে। ঘনঘন দায়িত্ব পরিবর্তনেও কাজের সমন্বয় ও জবাবদিহি দুর্বল হওয়ার আশঙ্কা থাকে। তাই এভসেককে দক্ষ, স্থায়ী ও পেশাদার কাঠামোর অধীনে গড়ে তোলা প্রয়োজন।
মতামত দিন