রাষ্ট্রপতি ভবনে গার্ড অফ অনার বালেন্দ্র শাহকে, পাশে উপস্থিত প্রধানমন্ত্রী মোদীও
নয়াদিল্লি: ভারত-নেপাল সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্য নিয়ে সোমবার দিল্লিতে বৈঠকে বসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। দ্বিপাক্ষিক এই আলোচনায় গুরুত্ব পেতে পারে জ্বালানি, যোগাযোগ ব্যবস্থা-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও দুই রাষ্ট্রনেতার মধ্যে মতবিনিময়ের সম্ভাবনা রয়েছে। সোমবার সকালে রাষ্ট্রপতি ভবনে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানানো হয় নেপালের প্রধানমন্ত্রীকে। তাঁকে দেওয়া হয় গার্ড অফ অনার।
সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। পরে হায়দরাবাদ হাউসে দুই নেতার বৈঠক হওয়ার কথা। রবিবার থেকে শুরু হয়েছে শাহের দু’দিনের ভারত সফর। প্রধানমন্ত্রী পদে দায়িত্ব নেওয়ার পর এটাই তাঁর প্রথম ভারত সফর। একইসঙ্গে বিদেশে তাঁর প্রথম দ্বিপাক্ষিক সফরও।
সফরের শুরুতেই নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। অন্যদিকে, কাঠমান্ডু ও নয়াদিল্লির মধ্যে দীর্ঘদিনের আস্থার ঘাটতি দূর করার পাশাপাশি অমীমাংসিত বিষয়গুলির সমাধানের জন্য এই সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন নেপালের বিভিন্ন রাজনৈতিক মহলের নেতারা। এই সফরে ভারত-নেপাল যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রেও নতুন উদ্যোগের সূচনা হতে পারে। মোদী ও বালেন্দ্র শাহ ভার্চুয়াল মাধ্যমে সরযূ-কামলা এক্সপ্রেসের যাত্রার সূচনা করবেন বলে সূচি রয়েছে। এই সাপ্তাহিক ট্রেনটি উত্তরপ্রদেশের অযোধ্যা ক্যান্টনমেন্টের সঙ্গে নেপালের জনকপুর ধামকে যুক্ত করবে।
উল্লেখ্য, ২০২৬ সালের মার্চ মাসে নেপালের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন বালেন্দ্র শাহ। তারপর এই প্রথম ভারত সফরে এলেন তিনি। দুই প্রতিবেশী দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক, বাণিজ্য ও যোগাযোগের ভবিষ্যৎ দিক নির্ধারণে এই বৈঠকের দিকে নজর রয়েছে। বিসলেরির জলে ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে মামলা করার অনুমতি দিল FSSAI ২লক্ষ ১১ হাজার টাকার ব্যাগ ফিরিয়ে দিয়ে সততার নজির রেল সাফাই কর্মীর
মতামত দিন