স্বপ্নের বুননে সেজেছে এসএমই মেলা

রাজধানীর আগারগাঁওয়ে শুরু হয়েছে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা। শতভাগ দেশীয় পণ্য নিয়ে সাত দিনের এ মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নিয়েছেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। কেউ তৈরি করে এনেছেন রাঙামাট

রাজধানীর আগারগাঁওয়ে শুরু হয়েছে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা। শতভাগ দেশীয় পণ্য নিয়ে সাত দিনের এ মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নিয়েছেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। কেউ তৈরি করে এনেছেন রাঙামাটির ঐতিহ্যবাহী গহনা, কেউ দেশীয় কাঁচামালে বানাচ্ছেন স্বাস্থ্য ও রূপচর্চার উপকরণ, কেউ পাটের সোনালি আঁশ, মাটি, পিতল বা বাঁশ-বেত দিয়ে তৈরি করা ঘর সাজানোর সামগ্রী দিয়ে সাজিয়েছেন স্টল। এসব পণ্য আবার দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের বাজারেও পৌঁছাচ্ছেন। পণ্যের ধরন আলাদা, কিন্তু উদ্যোক্তাদের লক্ষ্য এক—দেশীয় উপকরণ ও নিজস্ব সৃজনশীলতাকে কাজে লাগিয়ে নতুন বাজার তৈরি করা। মেলা ঘুরে দেখা যায়, দেশীয় ঐতিহ্য, স্থানীয় কাঁচামাল ও আধুনিক নকশার সমন্বয়ে তৈরি হচ্ছে নানা ধরনের পণ্য। মেলাকে শুধু পণ্য বিক্রি নয়, নিজেদের উদ্যোগের পরিচিতি বাড়ানো, ক্রেতা খুঁজে পাওয়া এবং নতুন বাজার তৈরির সুযোগ হিসেবেও দেখছেন উদ্যোক্তারা। গতকাল রোববার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান এ মেলার উদ্বোধন করেন।

এরপরই সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। প্রথম দিকে সংখ্যায় কম হলেও দুপুর গড়িয়ে বিকেল হতেই ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। কেউ এসেছেন পরিবারের সঙ্গে, কেউ আবার প্রিয়জনকে নিয়ে। অনেকে আবার একাই এসেছেন। তাদের লক্ষ্য আজ পছন্দ হলে কিনবেন অথবা ফিরে এসে কিনবেন। মেলায় রাঙামাটির ঐতিহ্যবাহী পণ্য নিয়ে অংশ নিয়েছেন উদ্যোক্তা রিতেশা চাকমা। পাহাড়ি অঞ্চলের ঐতিহ্যবাহী উপকরণ ও নকশাকে নতুনভাবে উপস্থাপন করাই তার কাজের বিশেষত্ব। রাঙামাটি থেকে বিভিন্ন পণ্য ঢাকায় এনে সেগুলোতে নতুন নকশা ও উপকরণের সমন্বয় করেন তিনি।

সিল্কের চুড়িসহ কিছু পণ্য রাঙামাটি থেকে সংগ্রহ করা হয়। আবার কিছু গহনায় রাঙামাটির ঐতিহ্যবাহী উপকরণের সঙ্গে ঢাকার উপকরণ যুক্ত করেন। রিতেশার কাজের ধরন সম্পর্কে জানা যায়, ঐতিহ্যবাহী নকশাকে হুবহু ধরে রাখার পাশাপাশি আধুনিকতার সঙ্গে মিশিয়ে নতুন পণ্য তৈরি করেন তিনি। এতে একদিকে পাহাড়ি সংস্কৃতির পরিচয় থাকছে, অন্যদিকে ক্রেতাদের রুচি ও পছন্দের সঙ্গে মিলিয়ে পণ্য সাজানোর সুযোগ তৈরি হচ্ছে। দেশীয় ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরার এমন উদ্যোগের পাশাপাশি মেলায় রয়েছে প্রাকৃতিক উপকরণে তৈরি স্বাস্থ্য ও রূপচর্চার সামগ্রী। চট্টগ্রামের তিন বন্ধু খালিদ হোসাইন অয়ন, আরিফুর রহমান ও নিশাদের উদ্যোগ দীঘল ও আঁচারী শুরু হয়েছিল প্রায় দেড় লাখ টাকা দিয়ে। এখন বছরে তারা প্রায় এক কোটি টাকার পণ্য বিক্রি করেন। দীঘলে রয়েছে বিভিন্ন ধরনের কোল্ড প্রেসড ও এসেনশিয়াল অয়েল, হারবাল হেয়ার অয়েল, হেয়ার প্যাক, মেহেদি গুঁড়া, কাঠের চিরুনি, নারিকেল, তিল, তিসি, কালোজিরা ও মেথিসহ বিভিন্ন উপাদানের তেল।

তাদের কাঠের চিরুনিই রয়েছে প্রায় ৩০ ধরনের। কিছু পণ্য নিজেরা তৈরি করেন, আবার বাংলাদেশে পাওয়া যায় না—এমন কাঠের উপকরণ বিদেশ থেকে সংগ্রহ করেন তারা। অন্যদিকে, ‘আঁচারী’তে রয়েছে বিভিন্ন ধরনের আচার ও খাবার। কাঁচা তেঁতুলের মোরব্বা, বালাচাওসহ প্রায় ৩২ ধরনের আচার ও খাবার রয়েছে তাদের সংগ্রহে। অয়নের দাবি, তাদের বালাচাও তেল ছাড়া তৈরি করা হয়। ক্রেতাদের পণ্য চেখে দেখার সুযোগও দেন তারা। মেলায় বিনামূল্যে দর্শনার্থীদের খাওয়ানোর উদ্দেশ্য সম্পর্কে অয়ন বলেন, ক্রেতারা স্বাদ ও মান যাচাই করে পছন্দ করলে পরে ওয়েবসাইট থেকে সহজেই অর্ডার করতে পারবেন।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗