দুইবার ক্যানসারে আক্রান্ত হয়ে সেরে উঠেছেন সোনিয়া গান্ধী

প্রথম পুত্রের মৃত্যুর খবর যেমন গোপন করেননি, ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, তেমনি গোপন করেননি মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হওয়ার কাহিনি। একবার নয়, দুবার অস্ত্রোপচার করিয়ে তিনি ক্যানসার জয় করেছেন। দীর্ঘ ১৬ বছর আগের ঘটনা তা। সালটা ২০১০। ডাক্তারি পরীক্ষায় ধরা পড়ল সোনি...
প্রথম পুত্রের মৃত্যুর খবর যেমন গোপন করেননি, ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, তেমনি গোপন করেননি মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হওয়ার কাহিনি। একবার নয়, দুবার অস্ত্রোপচার করিয়ে তিনি ক্যানসার জয় করেছেন। দীর্ঘ ১৬ বছর আগের ঘটনা তা।
ডাক্তারি পরীক্ষায় ধরা পড়ল সোনিয়ার বুকে ক্যানসার বাসা বেঁধেছে। চিকিৎসার জন্য তিনি ভর্তি হয়েছিলেন দিল্লির রাজেন্দ্র নগরে স্যার গঙ্গারাম হাসপাতালে। সেখানকার চিকিৎসকদের ওপর পূর্ণ ভরসাও ছিল সোনিয়ার।
আজও কোনো না কোনো কারণে শরীর খারাপ হলে এখনো ওই হাসপাতালেই তিনি ভর্তি হন। কিন্তু সেবার, সেই ২০১০ সালে, তিনি ক্যানসারের চিকিৎসার জন্য বিদেশে যাবেন ঠিক করেছিলেন। .কেন, কী কারণে ওই সিদ্ধান্ত, সদ্য প্রকাশিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’–এ তার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন সোনিয়া।
তিনি লিখেছেন, ‘আমি আতঙ্কিত ও উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম। নষ্ট করার মতো কোনো সময় আমার হাতে ছিল না। আমাকে ও আমার সন্তানদের সেটাই বলা হয়েছিল।
দ্রুত সিদ্ধান্ত নিতে পরামর্শ দেওয়া হয়েছিল। সেসব কথা শুনে আমার মনে সম্ভাব্য এক ভয়ংকর পরিণতির ছবি ভেসে উঠেছিল। ’আত্মজীবনীতে সোনিয়া লিখেছেন, ‘স্যার গঙ্গারাম হাসপাতালের চিকিৎসক ও চিকিৎসাব্যবস্থার প্রতি আমার পূর্ণ আস্থা ও ভরসা ছিল।
কিন্তু এটা জানতাম, দিল্লিতে অস্ত্রোপচার হলে ভারতের গণমাধ্যমে এক উন্মাদনা সৃষ্টি হবে। আমাকে ঘিরে আলোড়ন উঠবে। আমি তার মধ্যে থাকতে চাইনি।
এ কথা সত্যি, ব্যক্তি মানুষ হলেও আমি একজন পাবলিক ফিগার। কাজেই আমাকে ঘিরে উন্মাদনা হবেই। কিন্তু পাবলিক ফিগার বলে কি গোপনীয়তা রক্ষার সামান্য অধিকারটুকু আমি পাব না।
’.দিল্লিতে অস্ত্রোপচার না করে সোনিয়া চলে গিয়েছিলেন ইতালি। ভর্তি হয়েছিলেন সে দেশের মিলানের এক হাসপাতালে। অস্ত্রোপচার করেছিলেন বিশিষ্ট শল্যচিকিৎসক ডা. ভেরোনেসি।
তিনি বলেছিলেন অস্ত্রোপচার সফল। শরীরে ক্যানসারের কিছুই আর অবশিষ্ট নেই। শুনে সোনিয়া আশ্বস্ত হয়েছিলেন।
আত্মকথায় সোনিয়া সেই স্মৃতিচারণা করে লিখেছেন, ‘ডা. ভেরোনেসি দুটি টিউমার বাদ দিয়েছিলেন। সেই দুটির একটি ছিল কম সন্দেহজনক টিউমার। অতিরিক্ত সতর্কতা হিসেবে সেটি বাদ দেওয়া হয়েছিল।
অস্ত্রোপচারের পর আমাকে যাতে পাঁচ সপ্তাহের রেডিওথেরাপি নিতে না হয়, সে জন্য তিনি একটি ইন্ট্রা–অপারেটিভ রেডিয়েশনও করিয়েছিলেন। ’সোনিয়া দেশে ফিরে এসেছিলেন আশ্বস্ত হয়ে। অথচ সেই স্বস্তি ছিল সাময়িক।
ঠিক এক বছর পর ২০১১ সালে নিয়মমাফিক শারীরিক পরীক্ষার সময় সোনিয়ার প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয়ে একটি টিউমার ধরা পড়ে। .সোনিয়া লিখেছেন, ‘আমার ও আমার সন্তানদের কাছে সেটা ছিল আরও এক বড় ধাক্কা। আমরা সঙ্গে সঙ্গে ভেবেছিলাম, ওটা আগের সমস্যারই পুনরাবৃত্তি।
আবার শুরু হলো চিকিৎসকদের সঙ্গে সলা–পরামর্শ। বহু আলোচনার পর চিকিৎসকেরা জানান, দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন। সবাই আমাকে আশ্বস্ত করেছিলেন, কিন্তু আমি উদ্বিগ্ন ছিলাম।
কারণ আমি জানতাম, অস্ত্রোপচারের পরই একমাত্র বোঝা যাবে রোগের বিস্তার আসলে কতটা হয়েছে। আমার মনে বারবার সবচেয়ে খারাপ পরিস্থিতির আশঙ্কা উঁকি মারছিল। ভাবছিলাম, এটা যদি মেটাস্ট্যাটিক গ্রোথ হয়, পুরোনো ক্যানসার যদি ছড়িয়ে পড়ে থাকে, তাহলে তা কি আমি কাটিয়ে উঠতে পারব।
’দ্বিতীয়বার অস্ত্রোপচারের জন্য সোনিয়া আর মিলানে যাননি। তিনি বেছে নিয়েছিলেন নেদারল্যান্ডসের রটারড্যামের এক হাসপাতালকে। সেখানে ডা. ক্যাসপার ভ্যান আইজ্যাকের অধীনে ভর্তি হন।
তাঁরই তত্ত্বাবধানে অস্ত্রোপচার হয়। সেই কাহিনি লিখে সোনিয়া জানিয়েছেন, অস্ত্রোপচারের পর চিকিৎসকেরা তাঁকে বলেন, তিনি অত্যন্ত ভাগ্যবতী। কেননা, টিউমারটা ধরা পড়েছিল একেবারে প্রাথমিক অবস্থায়।
.রটারড্যামের হাসপাতালে সোনিয়াকে চার সপ্তাহ থাকতে হয়েছিল। সে সময়টা তাঁর পাশে ছিলেন কন্যা প্রিয়াঙ্কা। দিল্লিতে ফিরে আসার পর শারীরিকভাবে তিনি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলেন।
দ্বিতীয় দফায় অস্ত্রোপচারের দীর্ঘ ধকল তাঁকে সইতে হয়েছিল বলে। তবে তিনি নিজেকে অতি সৌভাগ্যবতী মনে করেন। কারণ, দু–দুবার ক্যানসারের অস্ত্রোপচার হওয়া সত্ত্বেও কেমোথেরাপির মতো কষ্টকর চিকিৎসাপ্রক্রিয়ার মধ্য দিয়ে তাঁকে যেতে হয়নি।





মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।