স্বাস্থ্যব্রেকিং

জাতীয় ক্যানসার ইনস্টিটিউটে মধ্যরাত থেকে রোগীদের লাইন, নিশ্চয়তা নেই চিকিৎসার

জাতীয় ক্যানসার ইনস্টিটিউটে মধ্যরাত থেকে রোগীদের লাইন, নিশ্চয়তা নেই চিকিৎসার
জাতীয় ক্যানসার ইনস্টিটিউটে মধ্যরাত থেকে রোগীদের লাইন, নিশ্চয়তা নেই চিকিৎসার
জাতীয় ক্যানসার ইনস্টিটিউটে মধ্যরাত থেকে রোগীদের লাইন, নিশ্চয়তা নেই চিকিৎসার

১৫ অক্টোবর ২০২৬। ভোর চারটা। আমরা রওনা দিলাম ঢাকার মহাখালীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উদ্দেশে। রাস্তা ফাঁকা। সময় বেশি লাগল না। পৌঁছালাম সাড়ে চারটার কিছু আগে।হাসপাতালটির প্রশাসনিক ভবনের কলাপসিবল গেটের সামনে গিয়ে দেখলাম, সেখানে জনাপঞ্চাশেক মানুষ। কেউ পা...

আমরা রওনা দিলাম ঢাকার মহাখালীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উদ্দেশে। পৌঁছালাম সাড়ে চারটার কিছু আগে। হাসপাতালটির প্রশাসনিক ভবনের কলাপসিবল গেটের সামনে গিয়ে দেখলাম, সেখানে জনাপঞ্চাশেক মানুষ।

কেউ পাটি বা মাদুর বিছিয়ে শুয়ে আছেন। কারও কারও তা নেই, শুয়ে আছেন মেঝেতে। দু-একজন মশারি টানিয়েছেন।

কারও কারও পায়ের কাছে জ্বলছে কয়েল। মশা তাড়াতে ও গরমে কেউ কেউ বসে হাতপাখা দিয়ে বাতাস করছেন। মাদুর বিছিয়ে মেঝেতে শুইয়ে রাখাদের একজন ইসমত আরা বেগম।

রোগা শরীর, কিন্তু পা ফোলা। ইসমত আরা একটু পরপর অস্পষ্ট, কিন্তু তীব্রভাবে ব্যথায় চিৎকার করে উঠছেন। অসহায় স্বজনেরা তাঁর গায়ে হাত বুলিয়ে দেওয়া ছাড়া আর কিছুই করতে পারছেন না।

পাশেই পাওয়া গেল ইসমত আরার বোনের ছেলে ফারুক হাওলাদারকে। তিনি জানালেন, তাঁরা বিক্রমপুর (মুন্সিগঞ্জ) থেকে এসেছেন। ইসমত আরা জরায়ুমুখ ক্যানসারে আক্রান্ত।

ঢাকায় এসে প্রথমে গিয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে তিন দিন আগে পাঠানো হয় ক্যানসার ইনস্টিটিউটে। তিন দিন ধরে নানা পরীক্ষা করাতে বলছেন চিকিৎসকেরা।

পরীক্ষার সিরিয়াল পেতে রোগীর স্বজনেরা লাইন দেন আগের দিন মধ্যরাতে। ফারুক আরও বললেন, ইসমত আরাকে ভর্তি করাতে পারেননি। পরীক্ষার ফল দেখে ভর্তি করানো হবে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

তিনি রাতে ইসমত আরাকে নিয়ে প্রশাসনিক ভবনের সামনে থাকেন। সকাল হলে হাসপাতালের আনসাররা বাঁশি ফুঁ দিতে থাকেন। তখন এ জায়গা ছেড়ে দিতে হয়।

তারপর ধরাধরি করে ইসমত আরাকে প্রশাসনিক ভবনের ভেতরে নিয়ে মেঝেতে শুইয়ে রাখা হয়। .রেডিওথেরাপি এখনই প্রয়োজন, অথচ তারিখ পেয়েছি ২০২৭ সালের মে মাসে। ক্যানসার রোগীর চিকিৎসার জন্য এত দিন অপেক্ষা করব কীভাবে।

টিপু সুলতান, স্তন ক্যানসারের রোগীর স্বামী.অসহায়ত্ব ও ক্ষোভ মিশ্রিত কণ্ঠে ফারুক বলেন, ‘রোগীরে যদি এমনে রাখি তাইলে বাঁচব কেমনে। গরিব মানুষ বইল্যাই তো এই সরকারি হাসপাতালে আসছি। ’স্ত্রী মাজেদা খাতুনের স্তন ক্যানসার চিকিৎসায় রেডিওথেরাপির সিরিয়াল পাওয়ার চেষ্টা করছিলেন রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা টিপু সুলতান।

তিনি সিরিয়াল পেয়েছেন আগামী বছরের মে মাসে। গত বছরের ২২ অক্টোবর ফেসবুকে তিনি লিখেছিলেন, ‘রেডিওথেরাপি এখনই প্রয়োজন, অথচ তারিখ পেয়েছি ২০২৭ সালের মে মাসে। ’আমরা যোগাযোগ করি টিপু সুলতানের সঙ্গে।

তিনি বলেন, গত বছর স্ত্রীর ক্যানসার ধরা পড়ে। প্রথমে কেমোথেরাপি দেওয়ার পর গত সেপ্টেম্বর মাসে ক্যানসার ইনস্টিটিউটে স্ত্রীর অস্ত্রোপচার হয়েছে। এখনো অপেক্ষা করছেন রেডিওথেরাপির সিরিয়ালের জন্য।

১০ নভেম্বর আবার যোগাযোগ করা হলে টিপু সুলতান প্রথম আলোকে বলেন, রেডিওথেরাপির সিরিয়াল পাওয়া নিয়ে তিনি যে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন, তা ক্যানসার ইনস্টিটিউটের পরিচালকের নজরে পড়েছিল। পরিচালক তাঁর সঙ্গে দেখা করতে বলেছিলেন। অবশেষে ১০ নভেম্বর রেডিওথেরাপি বা বিকিরণ চিকিৎসা শুরুর আগের প্রস্তুতিমূলক পর্যায় নির্ণয়ে সিটি সিমুলেশন পরীক্ষাটি সম্পন্ন হয়েছে।

এখন আশা করা যায়, রেডিওথেরাপির জন্য হয়তো ২০২৭ সালের মে মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে না। দেশে ক্যানসার চিকিৎসার সবচেয়ে বড় ও বিশেষায়িত প্রতিষ্ঠান জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল। সারা দেশের উপজেলা ও জেলা পর্যায়ের সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা ক্যানসার রোগী ও সন্দেহভাজন ক্যানসার রোগীদের এই হাসপাতালে পাঠানো (রেফার করা) হয়।

অন্যদিকে দরিদ্র রোগীদের শেষ ভরসার স্থান এই হাসপাতাল। হাসপাতালটিতে রোগ শনাক্তের পরীক্ষার খরচ কম, ওষুধে খরচ কম, চিকিৎসা বিনা মূল্যে। .চিকিৎসা পাওয়া সবার অধিকার।

কিন্তু জাতীয় ক্যানসার ইনস্টিটিউটের চিকিৎসকদের বাছাই করতে হচ্ছে যে কোন রোগীর বাঁচার সম্ভাবনা বেশি। তাঁরা তা স্বীকারও করেন। বিষয়টি নিয়ে পরিচালক অধ্যাপক মোস্তফা আজিজকে জিজ্ঞাসা করা হলে তাঁর কণ্ঠেও অসহায়ত্বের সুর।

তিনি বললেন, রোগী সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ। .কিন্তু হাসপাতালটিতে চিকিৎসা পাওয়ার জন্য ভোগান্তির শেষ নেই। রোগীর স্বজনেরা রোগ পরীক্ষার সিরিয়াল পেতে আগের মধ্যরাত থেকে লাইন দেন।

গত এক যুগে হাসপাতালটির শয্যা বেড়েছে, জনবল বাড়েনি। চিকিৎসা সরঞ্জামের একটি অংশ দীর্ঘদিন ধরে অচল। ওদিকে সারা দেশ থেকে ক্যানসার রোগীরা আসছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের জন্য ভোগান্তিহীন এবং দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে পারছে না। সেদিন (১৫ অক্টোবর) ক্যানসার ইনস্টিটিউটে রোগীদের কষ্ট, স্বজনদের অসহায়ত্ব দেখে দুপুর ১২টার কিছু আগে আমরা গেলাম হাসপাতালটির পরিচালক অধ্যাপক মোস্তফা আজিজ সুমনের কক্ষে। তিনি প্রথম আলোকে বললেন, এখন যে রোগীর রেডিও থেরাপি দরকার, তাঁকে ২০২৭–২০২৮ সালে সিরিয়াল দেওয়া না দেওয়া একই কথা।

সে জন্য ছয় সপ্তাহ পরপর রোগীর স্বজনদের যোগাযোগ করতে বলা হয়েছে, যদি সিরিয়াল পাওয়া যায়। তিনি বলেন, চাপ সামলাতে এখন তিন পালায় রাত পর্যন্ত রেডিওথেরাপি দেওয়া হয়। তারপরও রোগীর চাপ কমছে না।

চিকিৎসা পাওয়া সবার অধিকার। .ক্যানসারবিষয়ক বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধিভুক্ত সংস্থা গ্লোবোক্যানের সর্বশেষ (২০২৪ সাল) হিসাবে দেশে প্রতিবছর ১ লাখ ৮৭ হাজার মানুষ ক্যানসারে আক্রান্ত হয়। প্রতিবছর ক্যানসারে মারা যায় ১ লাখ ৩৮ হাজার জন।

আর ক্যানসারে ভুগছে (সর্বশেষ পাঁচ বছরের রোগী) ৩ লাখ ৫৮ হাজার মানুষ। অর্থাৎ প্রতি ঘণ্টায় গড়ে ২১ জনের ক্যানসার শনাক্ত হয়। অন্যদিকে মৃত্যু হয় ১৬ জনের।

.দেশে ঠিক কত মানুষ ক্যানসারে ভুগছে, প্রতিবছর কত মানুষ ক্যানসারে মারা যাচ্ছে এবং নতুন করে কত মানুষ ক্যানসারে আক্রান্ত হচ্ছে তার সঠিক পরিসংখ্যান নেই। এ নিয়ে জাতীয় পর্যায়ে কোনো জরিপ হয়নি। অবশ্য ক্যানসারবিষয়ক বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধিভুক্ত সংস্থা গ্লোবোক্যানের সর্বশেষ (২০২৪ সাল) হিসাবে দেশে প্রতিবছর ১ লাখ ৮৭ হাজার মানুষ ক্যানসারে আক্রান্ত হয়।

গ্লোবোক্যানের তথ্যমতে, বাংলাদেশের মানুষের মধ্যে ৩২ ধরনের ক্যানসারের প্রকোপ দেখা যায়। প্রধান পাঁচটি ক্যানসারের তালিকায় আছে খাদ্যনালি, ফুসফুস, পাকস্থলী, ঠোঁট ও মুখগহ্বর এবং জরায়ুমুখ ক্যানসার। একই ক্যানসারে নারী ও পুরুষ সমানভাবে আক্রান্ত হয় না।

আবার কিছু ক্যানসার আছে শুধু নারীর। নারীর প্রধান পাঁচটি ক্যানসারের তালিকায় আছে জরায়ুমুখ, স্তন, খাদ্যনালি, ফুসফুস ও পাকস্থলীর ক্যানসার। অন্যদিকে পুরুষের প্রধান পাঁচটি ক্যানসারের তালিকায় আছে খাদ্যনালি, ফুসফুস, পাকস্থলী, ঠোঁট ও মুখগহ্বর এবং হাইপোফ্যারিংস।

এই পরিসংখ্যান থেকে দেশের ক্যানসার পরিস্থিতি বোঝা সম্ভব নয়। তিনজন ক্যানসার বিশেষজ্ঞ ও একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ প্রথম আলোকে বলেছেন, জনসংখ্যাভিত্তিক ক্যানসার নিবন্ধন বা পপুলেশন বেজড ক্যানসার রেজিস্ট্রি থেকে দেশের সঠিক পরিস্থিতি জানা যায়। .বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের সহযোগী অধ্যাপক মো. খালেকুজ্জামানের নেতৃত্বে একদল গবেষক কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায় জনসংখ্যাভিত্তিক ক্যানসার নিবন্ধনের কাজটি করছেন।

আড়াই লাখ মানুষের মধ্যে ১১৬ জনের ক্যানসার শনাক্ত হয়েছে। গবেষকেরা জেনেছেন, ক্যানসার শনাক্ত হওয়ার পরও ৭ দশমিক ৪ শতাংশ রোগী কোনো চিকিৎসা নেন না। বিশেষজ্ঞরা বলছেন, জনসংখ্যাভিত্তিক ক্যানসার রেজিস্ট্রি বা নিবন্ধনই একটি দেশের ক্যানসারের চিত্র সবচেয়ে বিশ্বাসযোগ্যভাবে তুলে আনতে পারে।

অবশ্য হোসেনপুরের মতো ছোট একটি জায়গার তথ্য সারা দেশের প্রতিনিধিত্ব করে না। কিশোরগঞ্জে ক্যানসার নিয়ে করা গবেষণার প্রধান গবেষক মো. খালেকুজ্জামান প্রথম আলোকে বলেন, দেশের ৮ থেকে ১০টি অঞ্চলে এই জনসংখ্যাভিত্তিক ক্যানসার নিবন্ধন করা গেলে দেশের পরিস্থিতি বোঝা যেতে পারে। .একাধিক ক্যানসার বিশেষজ্ঞ প্রথম আলোকে বলেছেন, দেশে প্রতি ১০ লাখ মানুষের জন্য একটি করে ক্যানসার চিকিৎসাকেন্দ্র থাকা দরকার, যেখানে কমপক্ষে একটি রেডিওথেরাপি যন্ত্র থাকবে।

কারণ, অন্তত ৬০ শতাংশ ক্যানসার রোগীর রেডিওথেরাপি লাগে। এ ছাড়া একটি পূর্ণাঙ্গ ক্যানসার চিকিৎসা সেন্টারে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ জনবল থাকা প্রয়োজন। .বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ঢাকা কার্যালয়ের নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, দেশে ক্যানসার যাচাই, দ্রুত রোগ শনাক্তের ব্যবস্থার স্বল্পতা রয়েছে।

দেশে নির্ভরযোগ্য ক্যানসার পরীক্ষার প্রতিষ্ঠানের স্বল্পতা রয়েছে। প্রশিক্ষিত জনবলেরও ঘাটতি আছে। প্রয়োজনের তুলনায় ক্যানসার চিকিৎসাকেন্দ্রও অনেক কম।

একাধিক ক্যানসার বিশেষজ্ঞ প্রথম আলোকে বলেছেন, দেশে প্রতি ১০ লাখ মানুষের জন্য একটি করে ক্যানসার চিকিৎসাকেন্দ্র থাকা দরকার, যেখানে কমপক্ষে একটি রেডিওথেরাপি যন্ত্র থাকবে। জাতীয় ক্যানসার ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোস্তফা আজিজ প্রথম আলোকে বলেন, দেশে ২০০ থেকে ২৫০টি রেডিওথেরাপি যন্ত্র দরকার; কিন্তু আছে মাত্র ৩১টি। এর মধ্যে সরকারের ৭টি।

জাতীয় ক্যানসার ইনস্টিটিউট ছাড়া আর যেসব সরকারি প্রতিষ্ঠানে রেডিওথেরাপি যন্ত্র আছে, সেগুলো হলো বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ), ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সাভারে পরমাণু শক্তি কমিশনের অধীন পরিচালিত একটি ইউনিট, সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। ক্যানসার চিকিৎসার বাকি ২৪টি রেডিওথেরাপি যন্ত্র আছে বেসরকারি হাসপাতালে, যার প্রায় সবই রাজধানীতে অবস্থিত। সব মিলিয়ে ক্যানসার চিকিৎসাটি মূলত ঢাকাকেন্দ্রিক।

.দেশের ক্যানসার সেবা অসংগঠিত, ত্রুটিপূর্ণ ও অসম্পূর্ণ। তাই রোগীর এত ভোগান্তি। ভোগান্তি শুধু এই প্রতিষ্ঠানে নয়, দেশের সরকারি–বেসরকারি প্রায় সব হাসপাতালে।

অধ্যাপক হাবিবুল্লাহ তালুকদার, ক্যানসার রোগতত্ত্ববিদ .জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে চিকিৎসা খাতে একের পর এক ভবন হয়েছে; কিন্তু যথেষ্ট জনবল নিয়োগ হয়নি। অন্যদিকে অনেক চিকিৎসা সরঞ্জাম কেনা হয়েছে; কিন্তু অনেক ক্ষেত্রে তা অব্যবহৃত পড়ে রয়েছে। যেখানে দরকার, সেখানে যন্ত্রপাতি পাওয়া যায়নি।

যেমন কোনো চাহিদা না থাকলেও ২০১২ সালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে একটি লিনিয়ার এক্সিলারেটর যন্ত্র পাঠায় স্বাস্থ্য মন্ত্রণালয়। তখন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন আ ফ ম রুহুল হক। যন্ত্রটির দাম ছিল ১০ কোটি টাকা।

ওই যন্ত্র ব্যবহার করার জন্য যে বিশেষ কক্ষ (বাংকার) ও জনবল ওই হাসপাতালের ছিল না। খোলা আকাশের নিচে যন্ত্রটি পড়ে আছে বছরের পর বছর। এক দিনও ব্যবহার করা হয়নি।

ক্যানসার চিকিৎসার প্রতি মনোযোগ না দেওয়া, গুরুত্ব না বোঝা, আমলাতান্ত্রিক জটিলতা—এসবের বড় উদাহরণ সরকারি কোনো হাসপাতালে মেডিক্যাল ফিজিসিস্ট না থাকা। লিনিয়ার এক্সিলারেটরের মতো যন্ত্র ঠিকভাবে পরিচালনার জন্য ‘মেডিক্যাল ফিজিসিস্ট’ দরকার হয়। ২০০৬ সাল থেকে সরকারি হাসপাতালে এই পদে লোক নিয়োগের প্রয়োজনীয়তার কথা বলে আসছেন বিশেষজ্ঞরা।

কিন্তু সরকারি হাসপাতালে মেডিক্যাল ফিজিসিস্ট নিয়োগ দেওয়া হচ্ছে না। স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না। .গত ১৭ বছরে তো স্বাস্থ্য খাতের কোনো উন্নতি হয়নি।

ক্যানসার এর বাইরে নয়। তবে আমরা জনবল নিয়োগ, নতুন ও আধুনিক যন্ত্রপাতি কেনা এবং প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নিয়েছি। মানুষের দুর্ভোগ নিশ্চয়ই লাঘব হবে।

সরদার মো. সাখাওয়াত হোসেন, স্বাস্থ্যমন্ত্রী .জাতীয় ক্যানসার ইনস্টিটিউটের সাবেক চিকিৎসক ও ক্যানসার রোগতত্ত্ববিদ অধ্যাপক হাবিবুল্লাহ তালুকদার প্রথম আলোকে বলেন, দেশের ক্যানসার সেবা অসংগঠিত, ত্রুটিপূর্ণ ও অসম্পূর্ণ। ক্যানসার নিয়ে দেশে কোনো ‘ফাদার ফিগার’ও নেই। অধ্যাপক মো. ইব্রাহিম ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির কারণে দেশ ডায়াবেটিস চিকিৎসায় অনেক দূর এগিয়েছে।

ব্রিগেডিয়ার মালেকসহ কিছু মানুষের কারণে দেশে হৃদ্‌রোগ চিকিৎসা অনেক আধুনিক হয়েছে, কিছু ক্ষেত্রে তা বিশ্বমানের। আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) কলেরা-ডায়রিয়া চিকিৎসায় বিশ্বসেরা। ক্যানসারের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এমন নেতৃত্ব দিতে দেখা যায়নি।

পরিস্থিতি বদলাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ৮ নভেম্বর তিনি প্রথম আলোকে বলেন, ‘গত ১৭ বছরে তো স্বাস্থ্য খাতের কোনো উন্নতি হয়নি। ’.জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের বেশ কিছু যন্ত্র মেয়াদোত্তীর্ণ, কিছু যন্ত্র অচল।

রেডিয়েশন অনকোলজি বিভাগের পাঁচটি (দুটি লিনিয়ার এক্সিলারেটর, দুটি সিমুলেটর ও একটি ব্রাকিথেরাপি যন্ত্র) এবং রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের তিনটি (দুটি সিটি স্ক্যান ও একটি মেমোগ্রাফি যন্ত্র) যন্ত্র মেয়াদোত্তীর্ণ। এগুলো ব্যবহার করা হয় না। হাসপাতালের একমাত্র এমআরআই যন্ত্র ২০২৩ সাল থেকে অচল।

.জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালটির কার্যক্রম শুরু হয় ১৯৮২ সালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একটি টিনশেড ভবনে। ১৯৮৬ সালে হাসপাতালটি মহাখালীতে স্থানান্তর করা হয়। ২০১৫ সালে জাতীয় এই প্রতিষ্ঠানকে ৩০০ শয্যার হাসপাতাল করা হয়।

এরপর একে ২০১৮ সালে ৫০০, সর্বশেষ গত ১৬ সেপ্টেম্বর ৭০০ শয্যায় উন্নীত করা এবং বাড়তি ২০০ শয্যায় রোগী চিকিৎসার প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়। কিন্তু জনবল আছে সেই ৩০০ শয্যার হিসাবে। তা–ও সব পদে লোক নেই।

হাসপাতালটিতে ৩০০ শয্যা হিসাবে অনুমোদিত পদ ১ হাজার ১৯৭টি। ৮ নভেম্বর হাসপাতাল থেকে পাওয়া তথ্যে দেখা যাচ্ছে, ২৪৪টি পদে জনবল নেই। হাসপাতালটির পরিচালক অধ্যাপক মোস্তফা আজিজ প্রথম আলোকে বলেন, প্রতিষ্ঠান চালাতে কমপক্ষে আরও ১ হাজার ৬০০ জনবল দরকার।

এই জনবল তিনি সরকারের কাছে চেয়েছেন; কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় ২০০ পদের অনুমোদন দিয়েছে। হাসপাতালের বেশ কিছু যন্ত্র মেয়াদোত্তীর্ণ, কিছু যন্ত্র অচল। .রেডিওথেরাপি কোন সময় দিতে হবে, তা সুনির্দিষ্টভাবে বলা আছে।

ঠিক সময় দিলে রোগী সুস্থ হন। রোগী যদি ঠিক সময় রেডিওথেরাপি না পান, তাহলে জীবন নিয়ে টানাটানি শুরু হয়। এখন যাঁর দরকার তাঁকে ছয় মাস বা এক বছর পর রেডিওথেরাপি দেওয়া অর্থহীন।

অধ্যাপক পারভীন শাহিদা আখতার, সভাপতি, মেডিকেল অনকোলজি সোসাইটি ইন বাংলাদেশ.দেশের সবচেয়ে বড় এই সরকারি হাসপাতালে রেডিয়েশন থেরাপি দেওয়া হচ্ছে মাত্র দুটি যন্ত্র দিয়ে। দিনে সর্বোচ্চ ২৫০ মানুষ এই সেবা পাচ্ছেন। গড়ে একজন রোগীকে ছয় সপ্তাহ এই থেরাপি দিতে হয়।

২৫০ জনকে দেওয়া শেষ হলে নতুন ২৫০ জনের থেরাপি শুরু হয়। এখানে রোগীর দীর্ঘ সারি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, কিছুদিন আগে হাসপাতাল থেকে রেডিওথেরাপির জন্য ২০২৮ সালে সময় দেওয়া হচ্ছিল।

এ নিয়ে সমালোচনা হওয়ার পর তারিখ দেওয়ার পদ্ধতি পরিবর্তন এনেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এখন রোগীদের ছয় সপ্তাহ পরপর খোঁজ নিতে বলা হয়। এ বছর এপ্রিল মাসে রেডিওথেরাপির জন্য আবেদন করা রোগীর সংখ্যা ছিল সাড়ে ছয় হাজার।

আর নভেম্বরে সেই সংখ্যা বেড়ে হয়েছে আট হাজার। মেডিকেল অনকোলজি সোসাইটি ইন বাংলাদেশের সভাপতি অধ্যাপক পারভীন শাহিদা আখতার প্রথম আলোকে বলেন, রেডিওথেরাপি কোন সময় দিতে হবে, তা সুনির্দিষ্টভাবে বলা আছে। .রোগীরা জাতীয় ক্যানসার ইনস্টিটিউটে নানা ধরনের অনিয়মের শিকারও হন।

অভিযোগ আছে, চিকিৎসক দেখানোর জন্য, পরীক্ষা করাতে, আগে রেডিয়েশন থেরাপির সিরিয়াল পাওয়ার জন্য ঘুষ বা বকশিশ দিতে হয়। .সরকারিভাবে চিকিৎসার সুযোগ যখন সীমিত, তখন সারা দেশ থেকে রোগী পাঠানো হয় জাতীয় ক্যানসার ইনস্টিটিউটে। আমরা ১৫ ও ২৫ অক্টোবর, ৮ নভেম্বর ও ১১ নভেম্বর ভোররাত, সকাল ও দুপুরে হাসপাতালটিতে গিয়ে প্রায় একই দৃশ্য দেখেছি—রোগীর যেন শেষ নেই।

টিকিট কাউন্টারে ভিড়। বিভিন্ন বিভাগের সামনে ভিড়। মানুষ বসার জায়গা না পেয়ে বারান্দায়, বিভিন্ন তলার মেঝেতে বসার ব্যবস্থা করে নিয়েছেন।

১৫ অক্টোবর ভোর পাঁচটার দিকে হাসপাতাল ভবনের নিচতলায় গিয়ে দেখা গেল, পূবালী ব্যাংকের কাউন্টারের সামনে মানুষের জটলা। দেখে মনে হচ্ছিল এখনই কাউন্টারের ভেতর থেকে ডাকাডাকি শুরু হবে। কিন্তু সকাল আটটার আগে কাউন্টার খুলবে না।

দিনাজপুর থেকে আসা একজনের কাছে জানতে চাইলাম, ‘আপনার সিরিয়াল কত। ’ তিনি বললেন, ‘৭ নম্বর। ’ আমরা বললাম, ‘আপনার সামনে তো আর কাউকে দেখতে পাচ্ছি না।

’ তিনি হেঁসে জানালেন, তাঁর সামনে পানি ও কোমল পানীয়র ছয়টি বোতল রাখা। সেই হিসাবে তিনি ৭ নম্বরে আছেন। শুধু বোতল নয়, কেউ কেউ রোগীর ফাইল, ইট রেখেও সিরিয়াল দিয়ে রেখেছেন।

তবে সেখানে থাকতে থাকতেই এই সিরিয়াল নিয়েই কয়েকজনের মধ্যে প্রায় হাতাহাতি লাগার অবস্থা। একজন মুঠোফোন থেকে ছবি বের করে বোতল রাখার প্রমাণ দিলেন। চারপাশে ভোরের আলো ফুটতে শুরু করেছে।

এ ভবনের নিচতলায় শৌচাগারের সামনে ভিড় বাড়তে লাগল। এখানে গোসলে ঢুকে একজন রোগী অনেক সময় নিচ্ছিলেন, বাইরে ততক্ষণে কলতলার ঝগড়া লেগে যাওয়ার উপক্রম হয়েছে। প্রশাসনিক ভবনের সামনের চিত্র পাল্টানো শুরু করেছে ততক্ষণে।

মশারি খুলছিলেন কেউ কেউ। ব্রাশ, কয়লা বা দাঁতের মাজন দিয়ে দাঁত পরিষ্কার করছেন কেউ কেউ। রোগীর স্বজনদের কেউ চুল আঁচড়াচ্ছেন বা সারা দিনের প্রস্তুতি হিসেবে মুখে একটু ক্রিম মেখে নিচ্ছেন।

এখানে রাত কাটানো একেকজন বলতে গেলে সংসারের টুকিটাকি জিনিসপত্র নিয়েই এসেছেন। একজনকে দেখা গেল, পাটিতে বসেই সবজি কাটছেন। .পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) ২০২৫ সালের এক প্রতিবেদনে বলা হয়, ক্যানসার ইনস্টিটিউটে চিকিৎসা নিতে এসে হয়রানির শিকার হন ৪১ শতাংশ রোগী।

.হাসপাতালের কাছেই এক জায়গায় রান্না করার সুযোগ আছে। ভাত রান্না করলে ১০ টাকা, তরকারি রান্না করলে ১০ টাকা দিতে হয়। তবে সেখানেও লম্বা লাইন লেগে যায়।

সকাল সাতটার আগে থেকেই আনসাররা বাঁশিতে ফুঁ দেওয়া শুরু করলেন। রাতের সংসার গুটানো শুরু করেছেন এখানে থাকা মানুষগুলো। বড় বড় ব্যাগে সব ভর্তি করে তা নিয়ে শুরু হবে সারা দিনের সংগ্রাম।

সিট পাবেন কি না, ইকোসহ নানা পরীক্ষার জন্য যে সিরিয়াল দিলেন তাতে ডাক পাবেন কি না—সবই অনিশ্চিত। কত দিনের মাথায় এ ভোগান্তি শেষ হবে, তা–ও জানেন না মানুষগুলো। ঢাকা শহরে বা শহরের আশপাশে থাকা রোগীরাও হাসপাতালে আসা শুরু করেছেন।

সকাল আটটার মধ্যে রোগী ও রোগীর স্বজনদের চাপে সেখানে হাঁটাচলাই কঠিন হয়ে গেল। কথা হলো মিজানুর রহমানের সঙ্গে। তিনি হাসপাতালটিতে আউটসোর্সিংয়ে সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত বছর স্ত্রীর স্তন ক্যানসার ধরার পড়ার পর এ হাসপাতালেই অস্ত্রোপচার, কেমোথেরাপি ও রেডিওথেরাপি দিয়েছেন। তাঁর মতে, এ হাসপাতালে রোগীর চাপ অনেক বেশি। ঢাকার বাইরে উন্নতমানের হাসপাতাল তৈরি না হলে এ চাপ কমানো সম্ভব নয়।

রোগীরা জাতীয় ক্যানসার ইনস্টিটিউটে নানা ধরনের অনিয়মের শিকারও হন। পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) ২০২৫ সালের এক প্রতিবেদনে বলা হয়, ক্যানসার ইনস্টিটিউটে চিকিৎসা নিতে এসে হয়রানির শিকার হন ৪১ শতাংশ রোগী। .বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) গবেষক আবদুর রাজ্জাক সরকার ও তাঁর সহকর্মীদের করা অন্য এক গবেষণায় (২০২৫) বলা হয়েছে, ক্যানসার চিকিৎসা করাতে গিয়ে ৯০ শতাংশ পরিবার আর্থিক বিপর্যয়ে পড়ে।

.ক্যানসারের চিকিৎসায় সময় বেশি লাগে, খরচও বেশি। ক্যানসার অনেক পরিবারে আর্থিক বিপর্যয় ডেকে আনে। ক্যানসার চিকিৎসায় ব্যয় নিয়ে দেশে গবেষণা কম হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের শিক্ষক অধ্যাপক সৈয়দ আবদুল হামিদ ও তাঁর সহকর্মীদের ২০২৫ সালের এক গবেষণায় দেখা গেছে, স্তন, জরায়ুমুখ ও মুখগহ্বরের ক্যানসার চিকিৎসার গড় ব্যয় ১৫ লাখ টাকা। এর মধ্যে স্তন ক্যানসার চিকিৎসার ব্যয় তুলনামূলকভাবে বেশি। বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) গবেষক আবদুর রাজ্জাক সরকার ও তাঁর সহকর্মীদের করা অন্য এক গবেষণায় (২০২৫) বলা হয়েছে, ক্যানসার চিকিৎসা করাতে গিয়ে ৯০ শতাংশ পরিবার আর্থিক বিপর্যয়ে পড়ে।

ক্যানসার চিকিৎসার জন্য ধনীদের একটি বড় অংশ সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভারত, চীনসহ বিভিন্ন দেশে যায়। অন্তর্বর্তী সরকারের সময় গঠিত স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্য ও আইসিডিডিআরবির বিজ্ঞানী আহমেদ এহসানূর রহমান তাঁর এক গবেষণায় দেখিয়েছেন, বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসা নিতে যাওয়া চতুর্থ প্রধান কারণ ক্যানসার। শীর্ষে থাকা অন্য তিনটি কারণ হচ্ছে হার্ট সার্জারি, চোখের ছানি অস্ত্রোপচার ও কিডনিজনিত রোগ।

.মধ্যবিত্তের একাংশ দেশের বেসরকারি হাসপাতালে, আরেকাংশ বিদেশে যায়। যেমন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়াসমিন আরার স্তন ক্যানসার ধরা পড়ে ২০২৪ সালে। তিনি প্রথম আলোকে বলেন, সরকারি হাসপাতালে ভোগান্তির কথা চিন্তা করে বাংলাদেশে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করিয়েছেন।

এ পর্যন্ত খরচ হয়েছে প্রায় ২০ লাখ টাকা। তিনি আরও বলেন, ২১ অক্টোবর তাঁর বড় ভাই লিভার ক্যানসারে মারা গেছেন। ভারত ও বাংলাদেশ মিলে ভাইয়ের চিকিৎসায় খরচ হয়েছে ১৮ লাখ টাকা।

ইয়াসমিন আরা ক্যানসার রোগীদের নিয়ে কাজ করা বাংলাদেশ রোগী অধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ক্যানসার ইনস্টিটিউটের সামনে রেডিওথেরাপির যন্ত্রের সংখ্যা বাড়ানোসহ বিভিন্ন দাবিতে গত ২১ জুন একটি মানববন্ধনের আয়োজন করেন। ইয়াসমিন আরা বলেন, ১৫টি রেডিওথেরাপি বেসরকারি হাসপাতাল থেকে নিতে তাঁর লেগেছে ২ লাখ ১৫ হাজার টাকা।

সরকারি হাসপাতালে এই খরচ অনেক কম। কিন্তু ক্যানসার নিয়ে তো শুধু সিরিয়ালের জন্য বসে থাকার উপায় নেই। অন্যদিকে ইসমত আরার পরিবারের সরকারি হাসপাতাল ছাড়া অন্য কোথাও যাওয়ার সামর্থ্য ছিল না, যাঁর কথা আমরা প্রতিবেদনের শুরুতে বলেছি।

১০ নভেম্বর এই প্রতিবেদন শেষ করার সময় আমরা ফোন করলাম ইসমত আরার বোনের ছেলে ফারুকের মুঠোফোনে। তিনি বলেন, ১৫ অক্টোবর রাত ৯টায় ইসমত আরা মারা গেছেন। ওই দিন ভোরে আমরা তাঁকে জাতীয় ক্যানসার ইনস্টিটিউটের মেঝেতে কাতরাতে দেখেছিলাম।

ফারুক আক্ষেপ করে বলেন, ‘হাসপাতালে খালারে নিয়া খালি টানাহেঁচড়াই করলাম, ভর্তি করাতে পারলাম না। এর মধ্যে খালা মইরাই গেল।

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV