শিক্ষা

ইন্টারনেটের শক্তিতে এআইয়ের সহায়তায় শিক্ষার্থীদের মনের যত্ন নিচ্ছে যে প্ল্যাটফর্ম

ইন্টারনেটের শক্তিতে এআইয়ের সহায়তায় শিক্ষার্থীদের মনের যত্ন নিচ্ছে যে প্ল্যাটফর্ম
ইন্টারনেটের শক্তিতে এআইয়ের সহায়তায় শিক্ষার্থীদের মনের যত্ন নিচ্ছে যে প্ল্যাটফর্ম
ইন্টারনেটের শক্তিতে এআইয়ের সহায়তায় শিক্ষার্থীদের মনের যত্ন নিচ্ছে যে প্ল্যাটফর্ম

বাংলাদেশ জুড়ে এমন অসংখ্য তরুণ রয়েছেন, যাঁরা নিজেদের আগ্রহ, স্বপ্ন আর উদ্যোগে নতুন সম্ভাবনা নিয়ে এগিয়ে চলেছেন। তাঁদেরই একজন রিদম মুন্সী। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ‘মন তরঙ্গ ডটকম’ নামে একটি ওয়েবসাইট তৈরি করেছেন তিনি। ২০২...

বাংলাদেশ জুড়ে এমন অসংখ্য তরুণ রয়েছেন, যাঁরা নিজেদের আগ্রহ, স্বপ্ন আর উদ্যোগে নতুন সম্ভাবনা নিয়ে এগিয়ে চলেছেন। তাঁদেরই একজন রিদম মুন্সী। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ‘মন তরঙ্গ ডটকম’ নামে একটি ওয়েবসাইট তৈরি করেছেন তিনি।

২০২৫ সালের ১০ আগস্ট যাত্রা শুরু করা এই প্ল্যাটফর্মে ব্যবহারকারীরা এআইয়ের সঙ্গে কথা বলার পাশাপাশি মনের অবস্থা পর্যবেক্ষণ ও আত্মযত্নের বিভিন্ন সুবিধা নিতে পারেন। উদ্যোগটির শুরু এবং বর্তমান কার্যক্রম নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন রিদম মুন্সী। সাক্ষাৎকার নিয়েছেন মো. ইশরাক আলম খান।

.প্রথম আলো: শিক্ষার্থীদের মনের যত্নে এআই নির্ভর প্ল্যাটফর্ম ‘মন তরঙ্গ ডটকম’–এর শুরুটা কীভাবে। রিদম মুন্সী: বাংলাদেশের অনেক শিক্ষার্থী পড়াশোনার চাপ, পারিবারিক প্রত্যাশা, একাকিত্ব ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্য দিয়ে যায়। কিন্তু সবাই নিজের মনের কথা পরিবার বা বন্ধুদের বলতে পারে না।

কারও সংকোচ থাকে, কারও উপযুক্ত সহায়তা পাওয়ার সুযোগ নেই। আমি প্রযুক্তি নিয়ে কাজ করি, তাই ইন্টারনেট ও কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করে এই সমস্যার একটি বাস্তবসম্মত সমাধান তৈরির চিন্তা করি। সেই ভাবনা থেকেই মন তরঙ্গ ডটকমের যাত্রা।

আমাদের লক্ষ্য ছিল, একজন তরুণ যেন শুধু ইন্টারনেট সংযোগ ব্যবহার করেই নিজের অনুভূতি প্রকাশ, আত্মযত্নের অনুশীলন এবং প্রয়োজনীয় সহায়তার পথ খুঁজে পেতে পারেন। প্রথম আলো: যতদূর জানি, এই ভাবনাটি আপনার বেশ আগের হলেও উদ্যোগে রূপ দিতে কিছুটা সময় নিয়েছেন। পরবর্তীতে বন্ধুকে হারানোর ব্যক্তিগত অভিজ্ঞতা কি মন তরঙ্গ ডটকম তৈরির পেছনে বড় কোনো অনুঘটক বা প্রেরণা ছিল।

রিদম মুন্সী: হ্যাঁ, বন্ধুকে হারানোর অভিজ্ঞতা আমার জীবনে গভীর প্রভাব ফেলেছিল। এই অভিজ্ঞতা আমাকে বুঝিয়েছে, একজন মানুষ বাইরে থেকে স্বাভাবিক দেখালেও ভেতরে ভেতরে অনেক কষ্টের মধ্য দিয়ে যেতে পারেন। অনেক সময় তাঁর আশপাশের মানুষ বুঝতেই পারেন না যে তিনি কতটা কঠিন সময় পার করছেন।

তখনই ভাবি, এমন একটি ব্যবস্থা কি তৈরি করা যায় না, যেখানে একজন মানুষ অন্তত নিজের কথা প্রকাশ করার সুযোগ পাবেন। যেহেতু ইন্টারনেটের বড় শক্তি হলো—এটি ভৌগোলিক দূরত্ব কমিয়ে দেয়। আমি সেই শক্তিকে মানুষের মনের যত্নের কাজে লাগাতে চেয়েছি।

তবে প্রযুক্তি একা সব সমস্যার সমাধান করতে পারে না। মানুষের পাশে মানুষকে থাকতে হবে, পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সচেতন হতে হবে এবং প্রয়োজন হলে পেশাদার সহায়তা নিশ্চিত করতে হবে। মন তরঙ্গ আমার কাছে সেই সম্মিলিত প্রচেষ্টার একটি অংশ।

.প্রথম আলো: মানসিক স্বাস্থ্যসেবাকে প্রযুক্তির আওতায় নিয়ে আসার ভাবনাটি কীভাবে এল। বিশেষ করে বাংলাদেশে চিকিৎসকের অপ্রতুলতা এবং মানুষের সংকোচের দেয়াল ভাঙতে মন তরঙ্গ ডটকম কতটা কার্যকর ভূমিকা রাখছে বলে মনে করেন। রিদম মুন্সী: ইন্টারনেট আমাদের তথ্য পাওয়ার ধরন বদলে দিয়েছে, আর এআই প্রযুক্তির সঙ্গে মানুষের যোগাযোগকে করেছে আরও স্বাভাবিক।

এই দুইয়ের মেলবন্ধনেই মনে হয়েছিল, মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও নতুন কিছু করা সম্ভব। বাংলাদেশের প্রায় ১৮ কোটি মানুষের তুলনায় প্রশিক্ষিত মানসিক স্বাস্থ্য পেশাজীবী অত্যন্ত সীমিত; যার ফলে প্রত্যন্ত অঞ্চলের মানুষ, অসচ্ছল পরিবার এবং সংকোচের কারণে সাহায্য চাইতে না পারা তরুণদের কাছে প্রচলিত সেবা পৌঁছানো কঠিন। ইন্টারনেট ও এআইকে কাজে লাগিয়ে প্রাথমিক সহায়তা ও আত্মযত্নের উপকরণ পৌঁছে দিতেই মন তরঙ্গ ডটকম কার্যকর ভূমিকা রাখছে।

.প্রথম আলো: মন তরঙ্গ ডটকম গড়ে তোলার যাত্রায় সবচেয়ে বড় প্রতিবন্ধকতাগুলো কী ছিল। কীভাবে সেগুলো মোকাবিলা করেছেন। রিদম মুন্সী: সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল সীমিত সম্পদ ও ছাত্রাবস্থায় পড়াশোনার পাশাপাশি মানসিক স্বাস্থ্যের মতো একটি সংবেদনশীল বিষয়ে দায়িত্বশীল ও নিরাপদ ডিজিটাল সেবা দাঁড় করানো।

বিশেষ করে এআইয়ের উত্তরের যথার্থতা, ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষা এবং জরুরি পরিস্থিতিতে সঠিক দিকনির্দেশনা নিশ্চিত করা অত্যন্ত কঠিন ছিল। পাশাপাশি, সবার সমান ডিজিটাল দক্ষতা বা ইন্টারনেট সুযোগ না থাকা এবং দীর্ঘমেয়াদের জন্য অর্থায়ন ও দক্ষ দল তৈরি করাও ছিল বড় বাধা। তবে তরুণদের নিয়ে গড়া দূরদর্শী একটি দল এবং অভিন্ন উদ্দেশ্যের জোরেই আমরা এই চ্যালেঞ্জগুলো সফলভাবে মোকাবিলা করতে পেরেছি।

.প্রথম আলো: একজন ব্যবহারকারী মন তরঙ্গ ডটকমে ঠিক কী কী সেবা ও সুবিধা পাবেন। এটিকে সহজলভ্য রাখতে আপনাদের ভাবনা কী। রিদম মুন্সী: মন তরঙ্গ একটি অনলাইন মানসিক স্বাস্থ্যসহায়ক প্ল্যাটফর্ম, যেখানে ব্যবহারকারীরা এআইয়ের সঙ্গে কথা বলে অনুভূতি প্রকাশ করতে পারেন।

এতে রয়েছে মুড ট্র্যাকিং, পিএইচকিউ–৯ (PHQ-9) ও জিএডি–৭ (GAD-7)-এর মতো প্রাথমিক স্ক্রিনিং, আত্মযত্নের অনুশীলন, কমিউনিটির সুবিধা এবং পেশাদার মনোবিজ্ঞানীর পরামর্শ নেওয়ার সুযোগ। বিশেষজ্ঞ সংকট, অতিরিক্ত খরচ, ভৌগোলিক দূরত্ব ও সামাজিক সংকোচের বাধা কাটিয়ে প্রাথমিক সেবা পৌঁছে দেওয়া আমাদের মূল লক্ষ্য। তাই মন তরঙ্গের মৌলিক সেবাগুলো সম্পূর্ণ বিনা মূল্যে ব্যবহারের সুযোগ রাখা হয়েছে; কেবল পেশাদারদের সেবায় ফি প্রযোজ্য।

আমরা এআইকে চিকিৎসকের বিকল্প মনে করি না, তবে সংকটকালীন বা দীর্ঘস্থায়ী সমস্যায় পড়ার আগে মানুষকে যেন সহায়তাহীন থাকতে না হয়, সেই প্রাথমিক জায়গাটিই সহজ করে দিচ্ছে মন তরঙ্গ। .প্রথম আলো: এআইয়ের সঙ্গে সরাসরি কথা বলে একজন ব্যবহারকারী ঠিক কীভাবে উপকৃত হতে পারেন। এই প্রযুক্তির সীমাবদ্ধতার জায়গাগুলো কোথায়।

রিদম মুন্সী: অনেকেই জানেন না নিজের কষ্টের কথা কীভাবে প্রকাশ করবেন, আর এআইয়ের সঙ্গে কথোপকথন তাঁদের চিন্তা গুছিয়ে নিতে এবং চাপের কারণগুলো (যেমন: পরীক্ষার ভয়, একাকিত্ব বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা) চিহ্নিত করতে সাহায্য করে। পাশাপাশি কথা বলতে গিয়ে আত্মযত্নের নানা কৌশল ও দৈনন্দিন অভ্যাস গড়ে তোলার পরামর্শও পাওয়া যায়। বিশেষ করে গভীর রাতে যখন আশপাশে কেউ থাকে না কিংবা যারা সরাসরি কথা বলতে সংকোচ বোধ করেন, তাঁদের জন্য এটি একটি বড় প্রাথমিক সহায়তার সুযোগ।

তবে এআই সব সময় সঠিক পরামর্শ দিতে পারে না বা পরিস্থিতির সব দিক বুঝতে ভুল করতে পারে। তাই এটিকে আমরা কেবল প্রাথমিক সহায়তার মাধ্যম হিসেবে দেখি; সমস্যার গভীরতা অনুযায়ী বিশ্বস্ত মানুষ, মনোবিজ্ঞানী বা উপযুক্ত পেশাদারের সহায়তা নেওয়াও সমানভাবে জরুরি। .প্রথম আলো: সামাজিক সংকোচ ও ভয়ের কারণে যাঁরা মনের কথা খোলামেলা বলতে দ্বিধা করেন, মন তরঙ্গ ঠিক কীভাবে তাঁদের পাশে দাঁড়ায়।

এ ক্ষেত্রে গোপনীয়তার বিষয়টি আপনারা কীভাবে নিশ্চিত করেন। রিদম মুন্সী: আমাদের সমাজে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলার ক্ষেত্রে এখনো সংকোচ রয়েছে; অনেকে ভয় পান যে অন্যেরা তাঁদের দুর্বল ভাববে বা বিচার করবে। মন তরঙ্গ ডটকমে এআইয়ের সঙ্গে কথোপকথন এবং পরিচয় গোপন রেখে অনুভূতি প্রকাশের সুযোগ থাকায় সরাসরি অন্যের সামনে কথা বলার সেই মানসিক বাধা অনেকটাই কমে যায়।

ব্যবহারকারীরা নিজেদের সুবিধামতো সময়ে এটি ব্যবহার করতে পারেন। তবে শুধু অনলাইনে কথা বললেই সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত হয়ে যায়—এমন দাবি করা ঠিক নয়। তাই ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষায় আমরা যথাযথ প্রযুক্তিগত ও দায়িত্বশীল ব্যবস্থা নিয়েছি।

আমাদের লক্ষ্য হলো, ইন্টারনেটকে এমন একটি সেতু হিসেবে ব্যবহার করা, যা মানুষকে নিজের অনুভূতি প্রকাশ করতে এবং প্রয়োজনে বাস্তব জীবনের সহায়তার সঙ্গে যুক্ত হতে সাহায্য করবে। .প্রথম আলো: বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তরুণদের কীভাবে এক ছাতার নিচে বা একটি অভিন্ন উদ্দেশ্যে একত্রিত করছেন। রিদম মুন্সী: বর্তমানে দেশের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের ৩৭টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ক্লাব এবং ৫৫০-এর বেশি সক্রিয় শিক্ষার্থী স্বেচ্ছাসেবক মন তরঙ্গের সঙ্গে যুক্ত হয়ে মানসিক স্বাস্থ্যসচেতনতা নিয়ে কাজ করছেন।

আমরা শুধু অনলাইন যোগাযোগের ওপর নির্ভর না করে ক্যাম্পাসভিত্তিক কার্যক্রম ও পারস্পরিক সহযোগিতার ওপরও জোর দিই, কারণ কেবল ওয়েবসাইট দিয়ে মানুষের আচরণ বদলানো যায় না। ইন্টারনেট আমাদের সংগঠিত করে, আর মাঠপর্যায়ের কাজ সেই সংযোগকে বাস্তব রূপ দেয়। এর মাধ্যমে তরুণেরা নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন, নিজ নিজ প্রতিষ্ঠানে সচেতনতা তৈরি করেন এবং একে অন্যকে শোনার পাশাপাশি প্রয়োজনে পেশাদার সহায়তা নিতে উৎসাহিত করেন।

.প্রথম আলো: মন তরঙ্গ ব্যবহার করে ব্যবহারকারীদের জীবনে ঠিক কী ধরনের ইতিবাচক পরিবর্তন এসেছে, যেগুলোকে আপনাদের কাজের অর্জন হিসেবে চিহ্নিত করতে চান। রিদম মুন্সী: মন তরঙ্গের যাত্রায় সবচেয়ে উৎসাহব্যঞ্জক বিষয় হলো, ইন্টারনেটের মাধ্যমে আমরা ১০ হাজারের বেশি ব্যবহারকারীর কাছে পৌঁছাতে পেরেছি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তবে শুধু ব্যবহারকারীর সংখ্যা দিয়ে মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন মাপা যায় না; এর জন্য ব্যবহারকারীদের অভিজ্ঞতা ও সেবার কার্যকারিতা পদ্ধতিগতভাবে মূল্যায়ন করা প্রয়োজন।

আমাদের কাছে সাফল্য মানে শুধু বেশি মানুষকে ওয়েবসাইটে আনা নয়, বরং তাঁদের জন্য প্রকৃত ও কার্যকর সহায়তার সুযোগ তৈরি করা। .প্রথম আলো: এআই কি মানুষের মনের কষ্ট বা অনুভূতির গভীরতা সত্যি উপলব্ধি করতে পারে। রিদম মুন্সী: এআই মানুষের ভাষাগত ধরন বিশ্লেষণ করে মানসিক কষ্টের কিছু ইঙ্গিত শনাক্ত করতে পারে বটে, কিন্তু এর অর্থ এই নয় যে এটি মানুষের মতো অনুভব করতে পারে।

মানুষের অভিজ্ঞতা, পারিবারিক ও সামাজিক প্রেক্ষাপট অত্যন্ত জটিল। বাংলাদেশের মতো সীমিত বিশেষজ্ঞের দেশে এআই বা ইন্টারনেটভিত্তিক প্ল্যাটফর্ম কেবল প্রাথমিক সহায়তা, সচেতনতা ও আত্মযত্নের সুযোগ তৈরি করতে পারে। তবে প্রাথমিক সহায়তা আর চিকিৎসা এক নয়; এআই ভুল করতে পারে কিংবা ঝুঁকির মাত্রা বুঝতে ব্যর্থ হতে পারে।

.প্রথম আলো: কখন একজন ব্যবহারকারীর জন্য কেবল প্রাথমিক সহায়তার গণ্ডি পেরিয়ে পেশাদার মানসিক স্বাস্থ্যবিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া জরুরি হয়ে পড়ে। রিদম মুন্সী: মানসিক কষ্ট দীর্ঘস্থায়ী হলে, পড়াশোনা বা দৈনন্দিন কাজ ব্যাহত হলে, ঘুম ও খাওয়ার অভ্যাসে বড় ধরনের পরিবর্তন এলে কিংবা উদ্বেগ ও বিষণ্ণতার লক্ষণ বাড়তে থাকলে পেশাদার বিশেষজ্ঞের সাহায্য নেওয়া উচিত। বিশেষ করে নিজের ক্ষতি বা আত্মহত্যার চিন্তা দেখা দিলে জরুরিভিত্তিতে বিশ্বস্ত মানুষ ও উপযুক্ত সেবার সাহায্য নিতে হবে।

আমাদের লক্ষ্য, ব্যবহারকারী যেন নিজের সমস্যাকে গুরুত্ব দিয়ে সঠিক সময়ে পেশাদার সহায়তার কাছে পৌঁছাতে পারেন। আমরা বিশ্বাস করি, প্রযুক্তির সহায়তা এবং বিশেষজ্ঞ সেবা একে অন্যের পরিপূরক। প্রথম আলো: আরও বেশি তরুণের কাছে মন তরঙ্গকে পৌঁছে দিতে এবং এর পরিসর বাড়াতে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কী।

রিদম মুন্সী: আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হলো ইন্টারনেট ও এআইয়ের সম্ভাবনাকে কাজে লাগিয়ে মানসিক স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য, ব্যবহারবান্ধব ও দায়িত্বশীল করে তোলা। ব্যবহারকারীর সম্মতি ও গোপনীয়তা বজায় রেখে অভিজ্ঞতাগুলো আরও দায়িত্বশীলভাবে মূল্যায়ন করা, যাতে বুঝতে পারি কোন সুবিধাগুলো সবচেয়ে বেশি কাজে আসছে। প্রচলিত ব্যবস্থার পাশাপাশি প্রযুক্তিকে কার্যকরভাবে কাজে লাগিয়ে আমরা বাংলা ভাষায় এআইয়ের কথোপকথন উন্নত করতে চাই।

পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক কার্যক্রম ও তরুণদের সম্পৃক্ততা বাড়াতে চাই। মনোবিজ্ঞানীদের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চাই। আমাদের লক্ষ্য হলো—প্রযুক্তি ও বিশেষজ্ঞ সেবার মধ্যে একটি কার্যকর সেতুবন্ধ তৈরি করা।

যাতে একজন তরুণ প্রথমে প্রাথমিক সহায়তা পেয়ে প্রয়োজনে যথাযথ চিকিৎসার দিকে এগিয়ে যেতে পারেন।

সূত্র: প্রথম আলো

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV