যুক্তরাষ্ট্রের ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে ডেমোক্র্যাটিক পার্টির প্রগতিশীল রাজনীতিতে নিজের প্রভাব বাড়ানোর উদ্যোগ নিয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। নিজে প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার সাংবিধানিক যোগ্যতা না থাকলেও নির্বাচনে কে প্রার্থী হবেন, কোন পক্ষ ...
যুক্তরাষ্ট্রের ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে ডেমোক্র্যাটিক পার্টির প্রগতিশীল রাজনীতিতে নিজের প্রভাব বাড়ানোর উদ্যোগ নিয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। নিজে প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার সাংবিধানিক যোগ্যতা না থাকলেও নির্বাচনে কে প্রার্থী হবেন, কোন পক্ষ শক্তিশালী হবে এবং প্রগতিশীলরা কার পেছনে ঐক্যবদ্ধ হবেন—এসব বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চান তিনি। এ লক্ষ্যেই শ্রমিক সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক, সম্ভাব্য প্রার্থী নিয়ে আলোচনা এবং বামঘেঁষা রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে সমন্বয় গড়ে তোলার চেষ্টা করছেন মামদানি।
তার এই তৎপরতাকে ২০২৮ সালের নির্বাচনে একজন প্রভাবশালী ‘কিংমেকার’ হয়ে ওঠার প্রস্তুতি হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। মামদানি ঘনিষ্ঠজনদের কাছে স্বীকার করেছেন, তার রাজনৈতিক সহযোগী ও নিউইয়র্কের কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-করতেজ (এওসি) ২০২৮ সালের নির্বাচনে প্রেসিডেন্ট পদে লড়বেন কি না, তা নিয়ে তিনি নিজেও নিশ্চিত নন। আর এই অনিশ্চয়তা থেকেই বিকল্প প্রার্থী ও রাজনৈতিক জোট তৈরির প্রস্তুতি নিচ্ছেন তিনি।
প্রার্থী বাছাইয়ে প্রগতিশীলদের ঐক্য চান মামদানি। মামদানির পরিকল্পনার অন্যতম দিক হলো, ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন দৌড়ে কোনো মধ্যপন্থী প্রার্থী এগিয়ে গেলে প্রগতিশীল নেতাদের দ্রুত এক ছাতার নিচে নিয়ে আসা। তার আশঙ্কা, আগাম সমন্বয় না থাকলে দলটির বামঘেঁষা অংশ মনোনয়ন লড়াইয়ে দুর্বল হয়ে পড়তে পারে।
এ ক্ষেত্রে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের অভিজ্ঞতাও সামনে রাখছেন তিনি। ওই নির্বাচনে বারাক ওবামা জো বাইডেনের পক্ষে ডেমোক্র্যাটদের সমর্থন একত্রিত করতে ভূমিকা রেখেছিলেন বলে মনে করা হয়। এতে বার্নি স্যান্ডার্সের তুলনায় বাইডেনের অবস্থান শক্তিশালী হয়েছিল।
মামদানিও প্রগতিশীলদের মধ্যে একই ধরনের রাজনৈতিক সমন্বয় গড়ে তুলতে চান। তার ঘনিষ্ঠ একটি সূত্র অ্যাক্সিওসকে জানিয়েছে, কোনো মধ্যপন্থী প্রার্থী মনোনয়ন দৌড়ে স্পষ্টভাবে এগিয়ে গেলে প্রগতিশীল শিবির যেন দ্রুত ও কৌশলগতভাবে সংগঠিত হতে পারে, সেটিই মামদানির লক্ষ্য। শ্রমিক সংগঠনকে রাজনৈতিক শক্তি হিসেবে কাজে লাগানোর চেষ্টা।
মামদানির কৌশলের গুরুত্বপূর্ণ অংশজুড়ে রয়েছে যুক্তরাষ্ট্রের শ্রমিক সংগঠনগুলো। গত মাসে তিনি ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব পেইন্টার্স অ্যান্ড অ্যালায়েড ট্রেডসের (আইইউপিএটি) সভাপতি জিমি উইলিয়ামস জুনিয়রকে নিজের সরকারি বাসভবন গ্রেসি ম্যানশনে আমন্ত্রণ জানান। বৈঠকে সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থীদের মধ্যে কার প্রতি উইলিয়ামসের সমর্থন রয়েছে, শ্রমিক সংগঠনটি কীভাবে নির্বাচনে কাউকে আনুষ্ঠানিক সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং শ্রমিক আন্দোলনের নেতাদের কেউ প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে আগ্রহী কি না—এসব বিষয়ে জানতে চান মামদানি।
এ ছাড়া অ্যাসোসিয়েশন অব ফ্লাইট অ্যাটেনডেন্টস-সিডব্লিউএর সভাপতি সারা নেলসনের সঙ্গেও ২০২৮ সালের নির্বাচন নিয়ে আলোচনা করেছেন তিনি। ইউনাইটেড অটো ওয়ার্কার্সের (ইউএডব্লিউ) সভাপতি শন ফেইনের সঙ্গেও শিগগির বৈঠকের পরিকল্পনা রয়েছে তার। উইলিয়ামস, নেলসন ও ফেইনকে যুক্তরাষ্ট্রের প্রগতিশীল শ্রমিক আন্দোলনের প্রভাবশালী নেতা হিসেবে বিবেচনা করা হয়।
তাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে নির্বাচনে শ্রমিকদের সাংগঠনিক শক্তি ও ভোটারদের প্রভাব কাজে লাগাতে চাইছেন মামদানি। উইলিয়ামস অ্যাক্সিওসকে জানিয়েছেন, শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নির্বাচনের বিভিন্ন পর্যায়ে প্রার্থী হওয়ার বিষয়টি তিনি পুরোপুরি সমর্থন করেন। তবে নিজে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো আগ্রহ তার নেই।
মামদানির রাজনৈতিক পরিকল্পনায় সবচেয়ে বড় অনিশ্চয়তার জায়গা আলেকজান্দ্রিয়া ওকাসিও-করতেজের সিদ্ধান্ত। প্রগতিশীল রাজনীতির অন্যতম পরিচিত এই কংগ্রেস সদস্য ২০২৮ সালে প্রেসিডেন্ট পদে নাকি সিনেট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা এখনো চূড়ান্ত করেননি। তার ঘনিষ্ঠদের একাংশ মনে করছেন, গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে প্রগতিশীলদের সাম্প্রতিক সাফল্য তাকে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে উৎসাহিত করতে পারে।
তবে এওসি নিজে দুই সম্ভাবনাই বিবেচনায় রাখছেন। গত মাসে এক সাক্ষাৎকারে মামদানিকে এওসিকে প্রেসিডেন্ট পদে দেখতে চান কি না, জানতে চাওয়া হয়েছিল। জবাবে তিনি বলেন, এওসি যা করতে চান, সেটিই করা উচিত।
একই সঙ্গে তাকে নিজের অনুপ্রেরণার উৎস বলেও উল্লেখ করেন মামদানি। তবে এওসি শেষ পর্যন্ত প্রার্থী না হলে বিকল্প হিসেবে কয়েকজনের নাম আলোচনায় এসেছে। তাদের মধ্যে রয়েছেন মিশিগানের নবনির্বাচিত সিনেটর আবদুল আল-সাইয়েদ এবং ক্যালিফোর্নিয়ার কংগ্রেস সদস্য রো খান্না।
প্রগতিশীল শিবিরের কেউ কেউ মনে করছেন, তাদের একজন ২০২৮ সালের নির্বাচনে বামঘেঁষা রাজনীতির প্রতিনিধিত্ব করতে পারেন। শ্রমিক আন্দোলন থেকেই প্রেসিডেন্ট প্রার্থী চান কেউ কেউ। প্রগতিশীল রাজনীতির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে আলোচনায় শ্রমিক আন্দোলন থেকে প্রেসিডেন্ট প্রার্থী বেছে নেওয়ার ধারণাও গুরুত্ব পাচ্ছে।
উদারপন্থি সাময়িকী দ্য নেশনের সভাপতি ভাস্কর সুনকারা এই ধারণার পক্ষে অবস্থান নিয়েছেন। ২০২০ সালের নির্বাচনে বার্নি স্যান্ডার্সের সমর্থক হিসেবে কাজ করা সুনকারা আগে এওসিকে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তবে সাম্প্রতিক সময়ে তিনি একজন প্রকৃত শ্রমিককে প্রেসিডেন্ট প্রার্থী করার ধারণাকে বেশি গুরুত্ব দিচ্ছেন।
তার মতে, শ্রমজীবী মানুষ যখন নিজেদের রাজনৈতিক লড়াইয়ের অংশ মনে করেন, তখনই প্রগতিশীল ধারণা নির্বাচনে শক্তিশালী হয়ে ওঠে। পেশাদার রাজনীতিকের পরিবর্তে শ্রমিক শ্রেণির মধ্য থেকে একজন প্রার্থী বেছে নেওয়া হলে সাধারণ মানুষের সঙ্গে রাজনৈতিক আন্দোলনের সংযোগ আরও দৃঢ় হতে পারে। এদিকে শন ফেইনকেও সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখছেন বামপন্থি রাজনৈতিক কর্মীদের কেউ কেউ।
ধনকুবেরদের বিরুদ্ধে কঠোর অবস্থানের জন্য পরিচিত এই শ্রমিকনেতার সংগঠন মিশিগানে আবদুল আল-সাইয়েদের নির্বাচনী সাফল্যেও ভূমিকা রেখেছে। তবে ফেইন নিজে নির্বাচনে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন। কিংমেকার হওয়ার পথে কতটা সফল হবেন মামদানি।
২০২৮ সালের নির্বাচনে মামদানির এই তৎপরতা ডেমোক্রেটিক পার্টির অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন ও নেতৃত্বের প্রতিযোগিতাকে নতুন মাত্রা দিতে পারে। একদিকে মধ্যপন্থীরা দলের নির্বাচনী সাফল্যের জন্য অপেক্ষাকৃত কেন্দ্রীয় অবস্থানের প্রার্থী চান, অন্যদিকে প্রগতিশীলরা শ্রমিক, তরুণ ও সাধারণ ভোটারদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে দলীয় নেতৃত্বে পরিবর্তন আনতে আগ্রহী। এর আগে নিউইয়র্কের স্থানীয় নির্বাচনে নিজের সমর্থিত প্রার্থীদের নিয়ে সফলতা পেয়েছেন মামদানি।
ফলে তার রাজনৈতিক প্রভাব এখন শুধু মেয়র পদে সীমাবদ্ধ নেই। তবে নিউইয়র্কের নির্বাচনী সাফল্য জাতীয় পর্যায়ে কতটা কাজে লাগানো সম্ভব হবে, সেটিই বড় প্রশ্ন। নিজে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে না পারলেও প্রার্থী বাছাই, শ্রমিক সংগঠনগুলোর সমর্থন আদায় এবং প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে ২০২৮ সালের নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চান তিনি।
শেষ পর্যন্ত এওসির সিদ্ধান্ত, বিকল্প প্রার্থীদের অবস্থান এবং শ্রমিক সংগঠনগুলোর সমর্থনই নির্ধারণ করবে মামদানি কতটা সফলভাবে ডেমোক্রেটিক পার্টির রাজনীতিতে ‘কিংমেকার’ হয়ে উঠতে পারেন। সূত্র: অ্যাক্সিওস, এসবিএস নিউজ, দ্য নেশন ও রয়টার্স। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।




এখনো কোনো মন্তব্য করা হয়নি। আপনার মতামত দিয়ে প্রথম হোন!