Minister Agnimitra Paul: কর আদায়ের কাজে লাগানো হবে বৃহন্নলাদের, বড় পদক্ষেপ অগ্নিমিত্রার
কলকাতা: ‘অবহেলা নয় সমাজে তাঁরা পরিচিত হন নিজেদের কাজের মাধ্যমে।’ এবার বৃহন্নলাদের নিয়ে বড় ভাবনা রাজ্য সরকারের। রাজ্যের পৌরমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) জানিয়েছেন, এবার বৃহন্নলাদেরও কাজে লাগানো হবে। তার পরিবর্তে তাঁদের দেওয়া হবে সাম্মানিকও। বড় কথা ঘোষণা করলেন অগ্নিমিত্রা (Agnimitra Paul)।
কী কী কাজ করতে পারেন বৃহন্নলারা? এ দিন, অগ্নিমিত্রা পাল নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। সেখান থেকে তিনি জানান যে কী কী কাজে এবার থেকে বৃহন্নলাদের লাগানো যেতে পারে। রাজ্যের মন্ত্রী বলেন, “আমাদের পরিকল্পনা, বৃহন্নলা সম্প্রদায়ের আগ্রহী মানুষদের প্রশিক্ষণ দিয়ে ট্রাফিক সচেতনতার কাজে যুক্ত করা।
তাঁরা রাস্তায় সাধারণ মানুষকে ট্রাফিক আইন মেনে চলতে, হেলমেট পরতে, সিটবেল্ট ব্যবহার করতে এবং নিরাপদে চলাচল করতে সচেতন করবেন।” তিনি আরও বলেন, “পাশাপাশি পুরসভার কর আদায়ের কাজেও তাঁদের যুক্ত করার পরিকল্পনা রয়েছে। প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সাম্মানিকের ব্যবস্থার মাধ্যমে তাঁদের কাজের মর্যাদা দেওয়াই আমাদের উদ্দেশ্য।” নিজের ফেসবুক পোস্টে মহাভারতের প্রসঙ্গও তুলে ধরেছেন রাজ্যের মন্ত্রী। তিনি লিখেছেন, “অর্জুনের বৃহন্নলা পরিচয় ছিল অজ্ঞাতবাসের একটি অধ্যায়। কিন্তু আজকের বৃহন্নলাদের জীবনে আমরা নতুন একটি অধ্যায় শুরু করতে চাই—যেখানে থাকবে কাজ, সম্মান, আত্মনির্ভরতা এবং সমাজে সমান মর্যাদা।” সঙ্গে এও লেখেন, “আমি বিশ্বাস করি, সুযোগ পেলে প্রত্যেক মানুষই নিজের যোগ্যতা প্রমাণ করতে পারেন।
প্রয়োজন শুধু সেই সুযোগের দরজা খুলে দেওয়া।আসুন, আমরা পরিচয় দিয়ে নয়, মানুষ দিয়ে মানুষকে চিনতে শিখি।”
মতামত দিন