নেতানিয়াহুর বিরুদ্ধে কি ঐক্য ধরে রাখতে পারবে বিরোধী জোট

ইসরাইলে নতুন সরকার গঠনে আলোচনার প্রথম সময়সীমা যখন ঘনিয়ে আসছে, তখন বিরোধী জোটের মধ্যে বিভেদ উসকে দিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছেন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার বির

ইসরাইলে নতুন সরকার গঠনে আলোচনার প্রথম সময়সীমা যখন ঘনিয়ে আসছে, তখন বিরোধী জোটের মধ্যে বিভেদ উসকে দিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছেন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার বিরোধী জোটের অন্যতম নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সঙ্গে আড়াই ঘণ্টার এক বৈঠক করেন নেতানিয়াহু। তার দপ্তর বৈঠকটিকে ‘নিরাপত্তাবিষয়ক ব্রিফিং’ বললেও বিরোধী নেতারা একে জোট ভাঙার কৌশল হিসেবে দেখছেন। বৈঠকের আগে জোটনেতা গাদি আইজেনকোটকে বিষয়টি জানাননি বেনেট।

পরে বিরোধী নেতাদের বৈঠকে তিনি নেতানিয়াহুর সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা বিবেচনার প্রস্তাব দেন বলে ইসরাইলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে। মূলত নেতানিয়াহুবিরোধী বিভিন্ন মতাদর্শের দল নিয়ে গঠিত এই জোটে রয়েছেন মধ্যপন্থি আইজেনকোট ও ইয়াইর লাপিদ, ডানপন্থি বেনেট ও আভিগদর লিবারম্যান এবং বামপন্থি নেতা ইয়াইর গোলান। ফলে সরকার গঠনের প্রশ্নে তাদের মধ্যে মতপার্থক্য স্পষ্ট। গাজায় ইসরাইলের যুদ্ধ এবং ইরান ও লেবাননে সামরিক অভিযানের শুরুতে জোটের সব পক্ষই সমর্থন জানিয়েছিল।

তবে ফিলিস্তিন প্রশ্নে ও অভ্যন্তরীণ নীতিতে তাদের অবস্থান এক নয়। গোলান দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সমর্থক এবং পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের সহিংসতার কঠোর সমালোচক। অন্যদিকে বেনেট ধর্মীয় জাতীয়তাবাদী এবং লিবারম্যান কট্টর ধর্মনিরপেক্ষ রাজনীতিক। গত ২৭ অক্টোবরের নির্বাচনের পর বিরোধী জোটের হাতে রয়েছে ১২০ আসনের পার্লামেন্টে মাত্র ৪৮টি আসন।

সরকার গঠনে প্রয়োজন আরো ১৩টি আসন। ফলে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে আদর্শগতভাবে ভিন্ন অবস্থানের দলগুলোর সমর্থন আদায় করতে হবে আইজেনকোটকে। এ নিয়ে জোটে নতুন করে বিরোধ দেখা দিয়েছে। গোলান ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী দলগুলোর সমর্থনে সরকার গঠনের সম্ভাবনা দেখলেও বেনেট ও লিবারম্যানসহ ডানপন্থি নেতারা তাতে আপত্তি জানিয়েছেন।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗