নিজের তৈরি বিমানে আকাশে উড়লেন মারুফ

ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল আকাশে ওড়ার। সেই স্বপ্ন বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক শিক্ষা কিংবা কারিগরি প্রশিক্ষণ ছাড়াই নিজ উদ্যোগে তৈরি করেছেন প্যারাগ্লাইডার। এবার সাত মাসের প্রচেষ্টায় তৈরি করেছেন এক আসনে

ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল আকাশে ওড়ার। সেই স্বপ্ন বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক শিক্ষা কিংবা কারিগরি প্রশিক্ষণ ছাড়াই নিজ উদ্যোগে তৈরি করেছেন প্যারাগ্লাইডার। এবার সাত মাসের প্রচেষ্টায় তৈরি করেছেন এক আসনের ছোট বিমান। নিজের তৈরি লাল রঙের সেই বিমান নিয়ে আকাশে উড়ে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে। বলছি ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নের খেজুরতলা গ্রামের তরুণ উদ্ভাবক মারুফ মোল্যার কথা। গত ১৩ নভেম্বর (শুক্রবার) সদরপুরের আকোটেরচর ইউনিয়নের গুচ্ছগ্রাম-সংলগ্ন পদ্মা নদীর বিস্তীর্ণ চরে নিজের তৈরি বিমান নিয়ে সফলভাবে উড্ডয়ন করেন মারুফ। কিছুক্ষণ আকাশে ওড়ার পর নিরাপদে অবতরণও করেন তিনি।

যদিও বিমানটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং কাঙ্ক্ষিত উচ্চতায় পৌঁছাতে পারেনি। মারুফ জানান, কক্সবাজারে বেড়াতে গিয়ে প্যারাগ্লাইডারে মানুষকে উড়তে দেখে তাঁরও আকাশে ওড়ার ইচ্ছা জাগে। ইউটিউবের ভিডিও দেখে প্রায় ছয় মাসের চেষ্টায় তৈরি করেন প্যারাগ্লাইডার। গত বছর সেটি নিয়ে আকাশে উড়তে সক্ষম হন। পরে মানিকগঞ্জের উদ্ভাবক জুলহাসের তৈরি বিমান দেখে অনুপ্রাণিত হয়ে ছোট বিমান তৈরির উদ্যোগ নেন। প্রায় সাত মাসের প্রচেষ্টায় দেড় লাখ টাকা ব্যয়ে তৈরি করেন এক আসনের বিমানটি। প্রথম দিকে কয়েক দফা চেষ্টা করেও বিমানটি ওড়াতে পারেননি তিনি।

পরে মানিকগঞ্জের বিমান নির্মাতা জুলহাস এসে কারিগরি ত্রুটি শনাক্ত করে প্রয়োজনীয় পরামর্শ দেন। তাঁর পরামর্শ অনুযায়ী সংশোধনের পর অবশেষে সফলভাবে আকাশে ওড়াতে সক্ষম হন মারুফ। পরিবারের আর্থিক সংকটের কারণে এসএসসি পাসের পর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি মারুফ। তবে প্রযুক্তির প্রতি আগ্রহ থেকে ইউটিউব দেখে জ্ঞান অর্জন এবং নিজস্ব চিন্তাভাবনা কাজে লাগিয়ে চালিয়ে যাচ্ছেন উদ্ভাবনী কার্যক্রম। তাঁর তৈরি বিমান দেখতে প্রতিদিন বাড়িতে ভিড় করছেন উৎসুক মানুষ। মারুফের তৈরি বিমানের ভিডিও সামাজিক মাধ্যমে দেখে গত ২২ অক্টোবর মালয়েশিয়া থেকে হ্যানরি ও তাঁর স্ত্রী দিয়ানা নামে এক বিদেশি দম্পতি তাঁর বাড়িতে আসেন। তাঁরা মারুফের উদ্ভাবনী কাজে মুগ্ধ হয়ে তাঁকে মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন।

তবে আপাতত দেশেই থেকে বিমান তৈরির কাজ এগিয়ে নিতে চান মারুফ। মারুফ বলেন, ‘আমার স্বপ্ন দেশের মাটিতেই আরও উন্নত বিমান তৈরি করা। এ জন্য সরকারি সহযোগিতা, কারিগরি প্রশিক্ষণ ও প্রযুক্তিগত পরামর্শ প্রয়োজন। সহযোগিতা পেলে ভবিষ্যতে আরও ভালো কিছু তৈরি করতে পারব।’ চরবিষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন বলেন, মারুফের মধ্যে অসাধারণ উদ্ভাবনী প্রতিভা রয়েছে। সরকারি-বেসরকারি সহযোগিতা ও কারিগরি প্রশিক্ষণ পেলে তাঁর প্রতিভা আরও বিকশিত হবে।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗