ইরাকে নারী শিক্ষার্থীদের পাঠদান থেকে পুরুষ অধ্যাপকদের সরাল বিশ্ববিদ্যালয়
ইরাকের দক্ষিণাঞ্চলের একটি বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের পাঠদান থেকে পুরুষ অধ্যাপকদের সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত ঘিরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। গত দুই সপ্তাহ ধরে আল-কাদিসিয়াহ বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০০ নারী শিক্ষার্থী এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আন্দোলন করছেন। তাদের দাবি, আগের অধ্যাপকদের ফিরিয়ে এনে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালু করতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই পদক্ষেপকে তালেবানশাসিত আফগানিস্তানের মতো নারী-পুরুষের মধ্যে বিভাজন তৈরির নীতি হিসেবে আখ্যা দিয়েছেন দেশটির নারী অধিকারকর্মীরা। তাদের আশঙ্কা, এ ধরনের সিদ্ধান্ত ইরাকে নারীদের শিক্ষা ও অন্যান্য অধিকার সংকুচিত হওয়ার বৃহত্তর প্রবণতারই অংশ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভাষ্য, নারী-পুরুষের অবাধ মেলামেশা ঠেকাতে পুরুষ অধ্যাপকদের সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নারী শিক্ষার্থীদের পরিবারের পক্ষ থেকেও এমন অনুরোধ জানানো হয়েছিল বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয়ে পুরুষ শিক্ষক রয়েছেন—এ বিষয়টি তাদের পরিবার ভর্তি হওয়ার আগে থেকেই জানত। বরং তাদের পরিবারও শিক্ষার্থীদের প্রতিবাদকে সমর্থন করছে। শিক্ষার্থীদের অভিযোগ, বিক্ষোভের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়নি। উল্টো আন্দোলনকারীদের উপহাস করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
কেউ কেউ অভিযোগ করেছেন, পুরুষ অধ্যাপকদের ফিরিয়ে আনার দাবি জানিয়ে শিক্ষার্থীরা তাদের সঙ্গে ‘অনৈতিক সম্পর্ক’ গড়ে তুলতে চাইছেন। ২২ বছর বয়সী এক শিক্ষার্থী হুদা জানান, সহপাঠীদের নিয়ে প্রতিবাদ জানাতে গেলে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট রাহি আল-ইয়াসিরি দেহরক্ষীদের নিয়ে তাদের পথ আটকে দেন। পরে দেহরক্ষীরা শিক্ষার্থীদের নিয়ে ঠাট্টা করেন এবং তাদের মুখের ছবি তোলেন। হুদার অভিযোগ, ভবিষ্যতে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে ভয় দেখাতেই এমনটি করা হয়েছিল। হুদা বলেন, তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে ইরাকের সমাজে নারী ও পুরুষ একসঙ্গে কাজ করেন। তার প্রশ্ন, ‘এ দেশে কি এমন চিকিৎসক নেই, যারা নারী-পুরুষ উভয় রোগীর চিকিৎসা করেন?
তাহলে পুরুষ অধ্যাপকদের আমাদের পড়াতে বাধা দেওয়া হচ্ছে কেন?’ হুদার ভাষ্য অনুযায়ী, জবাবে বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্ট বলেন, শিক্ষার্থীরা দেয়ালে মাথা ঠুকলেও ওই অধ্যাপকদের আর ফিরিয়ে আনা হবে না। শিক্ষার্থীরা বলছেন, পুরুষ অধ্যাপকদের অনেকেই তাদের স্নাতক পর্যায়ের গবেষণা ও সমাপনী প্রকল্পের তত্ত্বাবধায়ক ছিলেন। দীর্ঘদিন ধরে তাদের পাঠদানের পদ্ধতির সঙ্গে শিক্ষার্থীরা পরিচিত হয়ে উঠেছিলেন। একই সঙ্গে অধ্যাপকেরাও তাদের শিক্ষার্থীদের দক্ষতা, দুর্বলতা ও কাজের ধরন সম্পর্কে জানতেন। ফলে পড়াশোনার এই পর্যায়ে হঠাৎ শিক্ষক পরিবর্তন করায় গবেষণা ও প্রকল্পের কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
মতামত দিন