ডার্ক মার্ডার মিস্ট্রিতে প্রশ্নের মুখে ভবিষ্যৎ প্রজন্ম! কেমন হল ছয় সিরিজের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার: আফটার ডার্ক’?
দেরাদুনের কাছে পাহাড়ের কোলে, মনোরম পরিবেশে অবস্থিত অভিজাত শিক্ষাপ্রতিষ্ঠান সেন্ট টেরেসা হাই স্কুল, যেখানে শুধুমাত্র ধনী পরিবারের ছেলেমেয়েরাই পড়ার সুযোগ পায়। সেই স্কুলে প্রতি বছর ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি প্রতিযোগিতা চলে। বিষয় পড়াশোনা, নাচ, গান এবং স্পোর্টস। বাকিদের হারিয়ে শেষ রাউন্ড অবধি খেলে যে জয়ী হবে সেই হবে এই বিশেষ পুরস্কারের অধিকারী। ওপরের গল্পটা করণ জোহর পরিচালিত ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবির, মুক্তি পেয়েছিল ২০১২ সালে। চোদ্দো বছর কেটে গিয়েছে। এবার করণ প্রযোজনা করেছেন প্রায় একই নামের একটি ওয়েব সিরিজ, ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার : আফটার ডার্ক’, মুক্তি পেয়েছে জিও হটস্টারে। পরিচালনায় রিমা মায়া সেনগুপ্ত। চোদ্দো বছর আগে মুক্তি পাওয়া ছবির গল্প দিয়ে ভূমিকা করার একটাই কারণ, এই সিরিজের গল্পটাও একই। তফাত শুধু প্রতিযোগিতার বিষয়ে। যে ধরনের টাস্ক এখানে প্রতিযোগীদের দেওয়া হয় তার ফলে তাদের প্রাণ সংশয় হওয়া কিছু বিচিত্র নয়। যে জিতবে তার জীবন তৈরি করে দেবে স্কুল।
একদিন স্কুলের কাছে বরফজমা লেকের জলে পাওয়া গেল জনপ্রিয় ছাত্রী আয়েশা মালিকের লাশ। পুরো ঘটনার অনুসন্ধান করতে স্কুলে উপস্থিত হল আয়েশার যমজ বোন অদিতি। কে দায়ী তার বোনের মৃত্যুর জন্য? বন্ধুদের মধ্যে কেউ, নাকি ডিন নিজেই? স্টুডেন্ট অফ দ্য ইয়ার : আফটার ডার্ক সমাজকে শিক্ষিত করার কোনও দায় শিল্প মাধ্যমের নেই এ কথা সত্যি। কিন্তু যেখানে সেই মাধ্যমের লক্ষ্য নবীন প্রজন্ম, তখন দায়িত্ব কিছুটা থাকে। ভয়ংকর ডার্ক মার্ডার মিস্ট্রি, জটিল মনস্তাত্ত্বিক জালে তলিয়ে যাওয়ার মতো কাহিনির আনাচ-কানাচ, এই সবই ঘটছে একটি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে। টিন এজ ড্রামা হিসেবেই দর্শকদের সামনে উপস্থাপিত করা হয়েছে সিরিজটিকে। যে সমাজে শৈশব থেকে প্রতিযোগিতা প্রায় গোটা জীবন তাড়িয়ে বেড়ায় সেখানে স্রেফ পুরস্কারের লোভে অন্যদের ধাক্কা মেরে এগিয়ে যাওয়ার বার্তা দিয়ে করণ কী প্রমাণ করতে চাইলেন বোঝা গেল না। নীতির প্রশ্নে ক্লাইম্যাক্সও দর্শকদের অসন্তোষ উদ্রেক করবে। শুরু থেকে অদিতির অ্যাডমিশন প্রসেসের সময় থেকেই গোটা সিরিজ জুড়ে অসঙ্গতির ছড়াছড়ি। কী হচ্ছে, কেন হচ্ছে তার কোনও কারণ নেই।
স্কুলে পড়াশোনা ছাড়া আর সবই হয়। মাত্র ছয় এপিসোডের সিরিজও অসংলগ্ন চিত্রনাট্যের কারণে বিরক্তি বয়ে আনবে। আয়েশার রহস্য মৃত্যুর তদন্তে পুলিশ প্রায় কিছুই করল না, অথচ ক্রাইম ব্রাঞ্চ এসে ডিনকে গ্রেফতার করল। অদিতিকে ওই একই স্কুলে হস্টেলে থাকতে দেওয়া হল, যেখানে মাত্র চারদিন আগে তার বোনের মৃত্যু হয়েছে। ক্লাইম্যাক্সকে জোর করে জটিল করা হয়েছে। যে চরিত্রগুলো ঠিকভাবে তৈরিই হয়নি তাদের জীবনের গল্প তুলে আনার প্রয়োজন ছিল না। এমনকী, অদিতি আয়েশার ছোটবেলার সমস্যাগুলোও খুব একটা পরিষ্কার হল না। তা ছাড়া ক্লাইম্যাক্স আবারও মিথ্যা এবং অনৈতিকতার জয়কেই তুলে ধরল। প্রমাণ করা হল, সৎভাবে কোনও প্রতিযোগিতায় জেতা সম্ভব নয়। আগামী প্রজন্মকে কি এই শিক্ষাই দিয়ে যাব আমরা? প্রশ্ন থেকেই যাবে। কেমন হল ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার : আফটার ডার্ক’?
কাহিনির মূল পর্ব বেশ কিছু বিদেশি সিরিজ থেকে অনুপ্রাণিত। যার মধ্যে ‘স্কুইড গেম’ এবং ‘এলিট’ সিরিজের সঙ্গে অনেকাংশে মিল রয়েছে। অভিনয়ে দ্বৈত চরিত্রে শানায়া কাপুর বেশ ভালো। ভবিষ্যতে তাঁর আরও কাজ দেখার অপেক্ষায় থাকবে দর্শক। এছাড়াও শিবা চাড্ডা, বিবেক গোম্বার, মান্যা গ্রোভার, দিয়া দামিনী, দিভিক শর্মা, নীরজ কবি সকলেই চরিত্রের প্রতি সুবিচার করেছেন। সিরিজের ভালো দিক নিঃসন্দেহে শালোম বেঞ্জামিন ও অচিন্ত্য ঠক্করের নির্মিত ব্যাকগ্রাউন্ড স্কোর। এ ছাড়াও চিত্রগ্রহণ, কালারিস্ট ও আর্ট ডিরেকশনের দিক দিয়ে ঝকঝকে টেকনিক্যাল কাজ রয়েছে সিরিজ জুড়ে। তবে নির্মাণ ভালো হলেও চিত্রনাট্যের খুঁত দর্শককে হতাশ করবে। জিও হটস্টারে মুক্তি পেয়েছে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার : আফটার ডার্ক’
মতামত দিন