ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পের ক্ষমতা কমানোর প্রস্তাব নাকচ
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাব নাকচ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সিনেটের রিপাবলিকান সদস্যরা। প্রস্তাবটি পাস হলে ট্রাম্পকে হয় ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে হতো, নয়তো সামরিক অভিযান চালিয়ে যেতে কংগ্রেসের অনুমোদন নিতে হতো। তবে প্রস্তাবটি নাকচের মধ্য দিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধে ট্রাম্পের প্রতি নিজেদের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন রিপাবলিকানরা। এমন এক সময়ে এ সিদ্ধান্ত এল, যখন সাম্প্রতিক নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পেছনে যুদ্ধবিরোধী জনমতও অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে। গতকাল বৃহস্পতিবার সিনেটে প্রস্তাবটির ওপর ভোটাভুটি হয়। এতে প্রস্তাবের বিপক্ষে ভোট পড়ে ৫১টি, পক্ষে ৪৮টি। অধিকাংশ সিনেটর দলীয় অবস্থান অনুযায়ী ভোট দেন। এর আগে গত সেপ্টেম্বরে প্রতিনিধি পরিষদে ২২০-২০৪ ভোটে প্রস্তাবটি পাস হয়েছিল।
১৯৭৩ সালের ওয়ার পাওয়ারস রেজল্যুশনের আওতায় প্রস্তাবটি উত্থাপন করা হয়েছিল। এর লক্ষ্য ছিল ইরানের সঙ্গে সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে সম্পৃক্ততা থেকে সরিয়ে আনার নির্দেশ দেওয়া। অর্থাৎ, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করতে ট্রাম্পকে বাধ্য করা অথবা তা চালিয়ে যেতে কংগ্রেসের অনুমোদন নেওয়ার ব্যবস্থা করা। তিনজন রিপাবলিকান সিনেটর প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। তারা হলেন মেইন অঙ্গরাজ্যের সুসান কলিন্স, আলাস্কার লিসা মারকাউস্কি এবং কেনটাকির র্যান্ড পল। অন্যদিকে ডেমোক্র্যাটদের মধ্যে কেবল পেনসিলভানিয়ার সিনেটর জন ফেটারম্যান প্রস্তাবের বিপক্ষে ভোট দেন। তিনি ডেমোক্রেটিক পার্টির অবস্থান থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন। ইসরাইল এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিও তিনি সমর্থন জানিয়েছেন।
ইরানের সঙ্গে সংঘাতে কংগ্রেসের অনুমোদন ছাড়াই প্রেসিডেন্টের সামরিক অভিযান চালানোর ক্ষমতা সীমিত করার জন্য কংগ্রেসে এ নিয়ে একাধিকবার উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবারের ভোট ছিল সেই প্রচেষ্টার সর্বশেষ ঘটনা। এর আগে গত জুনে একই ধরনের একটি প্রস্তাব সিনেটে পাস হয়েছিল। তবে পরবর্তী সময়ে প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিত করার অন্য উদ্যোগগুলো ব্যর্থ হয়। তবে বৃহস্পতিবারের প্রস্তাবটির আইনি বাধ্যবাধকতা ছিল না। এটি মূলত প্রতীকী উদ্যোগ ছিল। উল্লেখ্য, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর আগে ট্রাম্প কংগ্রেসের অনুমোদন নেননি। অথচ যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, যুদ্ধ ঘোষণার একক ক্ষমতা কংগ্রেসের হাতে।
এদিকে ইরানের সঙ্গে যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের অসন্তোষ ক্রমেই স্পষ্ট হচ্ছে। সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনের পর প্রকাশিত রয়টার্স-ইপসোসের এক জনমত জরিপে দেখা গেছে, ৭১ শতাংশ মার্কিন নাগরিক চান, কংগ্রেস আইন পাস করে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ করুক। তাদের মধ্যে ডেমোক্র্যাটদের ৯৩ শতাংশ এবং রিপাবলিকানদের ৫১ শতাংশ এ অবস্থানের পক্ষে। ইউগভের আরেকটি জরিপেও যুদ্ধের বিরুদ্ধে জনমতের প্রতিফলন পাওয়া গেছে। জরিপ অনুযায়ী, ইরানের সঙ্গে যুদ্ধের পক্ষে থাকা প্রার্থীদের সমর্থন করার সম্ভাবনা কম বলে জানিয়েছেন ৪৪ শতাংশ মার্কিন নাগরিক। বিপরীতে, এমন প্রার্থীদের সমর্থন করার সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন ১৩ শতাংশ।
মতামত দিন