রোহিঙ্গা গণহত্যার রায়ে ইসরাইলের বিরুদ্ধে মামলায় শক্তি বাড়বে দক্ষিণ আফ্রিকার
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া ঐতিহাসিক রায় গাজায় গণহত্যার অভিযোগে ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা মামলায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বিশেষ করে সামরিক অভিযানের নিরাপত্তাগত উদ্দেশ্য দেখিয়ে কোনো জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত ব্যাপক হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞের দায় এড়ানো যায় কি না, সে প্রশ্নে আদালতের পর্যবেক্ষণ দক্ষিণ আফ্রিকার জন্য শক্তিশালী আইনি যুক্তি হয়ে উঠতে পারে। বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগে ৯-৬ ভোটে দেওয়া রায়ে আইসিজে জানায়, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে রোহিঙ্গাদের বিরুদ্ধে দেশটির নিরাপত্তা বাহিনীর অভিযান গণহত্যার শামিল। জাতিসংঘের সর্বোচ্চ আদালতের ইতিহাসে কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার জন্য দায়ী করার ঘটনা এটিই প্রথম। রায়ে আদালত বলেন, মিয়ানমারের কর্মকাণ্ডের একমাত্র যুক্তিসংগত ব্যাখ্যা হলো—উত্তর রাখাইনের রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার অভিপ্রায়। এই সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকার মামলার জন্য তাৎপর্যপূর্ণ।
কারণ, ওই মামলায় ইসরাইলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণের ক্ষেত্রে ফিলিস্তিনি জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার সুনির্দিষ্ট অভিপ্রায় প্রতিষ্ঠা করাই অন্যতম প্রধান আইনি চ্যালেঞ্জ। ১৯৪৮ সালের গণহত্যা সনদ অনুযায়ী, ব্যাপক হত্যাকাণ্ড বা অন্যান্য নৃশংসতা সংঘটিত হলেই কোনো ঘটনাকে স্বয়ংক্রিয়ভাবে গণহত্যা বলা যায় না। সংশ্লিষ্ট জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার সুনির্দিষ্ট উদ্দেশ্যও প্রমাণ করতে হয়। সরাসরি প্রমাণ পাওয়া না গেলে ঘটনার ধরন ও পারিপার্শ্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে সেই অভিপ্রায় নির্ধারণ করে আদালত। সে ক্ষেত্রে গণহত্যার অভিপ্রায়ই সংশ্লিষ্ট কর্মকাণ্ডের একমাত্র যুক্তিসংগত ব্যাখ্যা হতে হয়। মিয়ানমার দাবি করেছিল, রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাবে তাদের সেনাবাহিনী বৈধ নিরাপত্তা অভিযান চালিয়েছে।
তাদের বক্তব্য ছিল, এটি ছিল বিদ্রোহ দমনের অভিযান, রোহিঙ্গা জনগোষ্ঠীকে ধ্বংস করার পরিকল্পনা নয়। কিন্তু অভিযানের ব্যাপকতা ও ধরন বিবেচনায় আদালত মনে করেন, মিয়ানমারের ঘোষিত নিরাপত্তাগত উদ্দেশ্য দিয়ে সংঘটিত কর্মকাণ্ডের যথাযথ ব্যাখ্যা পাওয়া যায় না। ইসরাইলও বারবার দাবি করে আসছে, গাজায় তাদের সামরিক অভিযান ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে নয়; বরং হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে। ফলে মিয়ানমারের মামলায় আইসিজের পর্যবেক্ষণ দক্ষিণ আফ্রিকার জন্য গুরুত্বপূর্ণ আইনি যুক্তি হতে পারে। কারণ, কোনো রাষ্ট্রের ঘোষিত সামরিক লক্ষ্য থাকলেই গণহত্যার অভিপ্রায়ের অভিযোগ নাকচ হয়ে যায় না—মিয়ানমারের মামলায় আদালতের সিদ্ধান্তে সেই বিষয়টি স্পষ্ট হয়েছে। মিডল ইস্ট আইকে দেওয়া সাক্ষাৎকারে আন্তর্জাতিক গণহত্যাবিষয়ক গবেষক সংগঠন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব জেনোসাইড স্কলারসের সাবেক সভাপতি মেলানি ও’ব্রায়েন বলেন, মিয়ানমারও দাবি করেছিল, তাদের লক্ষ্য সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করা।
কিন্তু আদালত প্রমাণের সামগ্রিক চিত্রে গণহত্যার অভিপ্রায় পেয়েছেন। ইসরাইলও হামাসের বিরুদ্ধে যুদ্ধের যুক্তি তুলে ধরবে—এ কারণে এই রায়ের পর্যবেক্ষণ বিশেষ গুরুত্বপূর্ণ। ও’ব্রায়েন আরো বলেন, মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার কর্মকাণ্ড হিসেবে বিবেচিত বিষয়গুলোর মধ্যে শিশু হত্যা ছিল উল্লেখযোগ্য। তার দাবি, ইসরাইল গাজায় ২০ হাজারের বেশি শিশুকে হত্যা করেছে, যা মিয়ানমারের অভিযানে নিহত প্রায় দুই হাজার শিশুর সংখ্যার চেয়ে অনেক বেশি। তবে এ সংখ্যাগুলো তার দেওয়া বক্তব্য; আদালতের রায়ের মাধ্যমে ইসরাইলের বিরুদ্ধে এ অভিযোগের সত্যতা নির্ধারিত হয়নি।
মতামত দিন